জীবনযাপনের অনিয়মে হৃদ্‌রোগের ঝুঁকি বাড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব হার্ট দিবস

বিশ্বে মৃত্যুর একক কারণ হিসেবে শীর্ষে হৃদ্‌রোগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, বিশ্বের ৩১ শতাংশই মারা যায় হৃদ্‌রোগজনিত কারণে। বাংলাদেশেও অসংক্রামক রোগে মৃত্যুর বড় কারণ হৃদ্‌রোগ।

এমন প্রেক্ষাপটে আজ মঙ্গলবার পালিত হবে বিশ্ব হার্ট দিবস। দিবসের এ বছরের প্রতিপাদ্য ‘হৃদয় দিয়ে হৃদ্‌রোগ প্রতিরোধ’।

চিকিৎসকেরা বলছেন, শরীরচর্চা না করা, অস্বাস্থ্যকর খাদ্য গ্রহণ ও জীবনযাপনে অনিয়ম হৃদ্‌রোগের ঝুঁকি বাড়ায়। এই রোগ প্রতিরোধে কায়িক পরিশ্রম করা, হাঁটাহাঁটি করা, সাঁতার কাটা, সাইকেল চালানো, ওজন নিয়ন্ত্রণে রাখা, মাদক না নেওয়া, ধূমপান না করার পরামর্শ দিয়েছেন তাঁরা।

দিবসটি উপলক্ষে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞার (প্রগতির জন্য জ্ঞান) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব কারণে হৃদ্‌রোগের ঝুঁকি বাড়ে, ট্রান্সফ্যাট তার অন্যতম। ট্রান্সফ্যাটজনিত হৃদ্‌রোগে মৃত্যুর সর্বাধিক ঝুঁকিপূর্ণ ১৫টি দেশের মধ্যে আছে বাংলাদেশও। বাংলাদেশে প্রতিবছর ২ লাখ ৭৭ হাজার মানুষ হৃদ্‌রোগে মারা যায়, যার ৪.৪১ শতাংশের জন্য দায়ী ট্রান্সফ্যাট। এমন পরিস্থিতিতে বাংলাদেশে হৃদ্‌রোগের ঝুঁকি কমিয়ে আনতে দ্রুততম সময়ের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পরামর্শ অনুযায়ী সব ধরনের ফ্যাট, তেল ও খাদ্যদ্রব্যে ট্রান্সফ্যাটের সর্বোচ্চ সীমা মোট ফ্যাটের ২ শতাংশ নির্ধারণ করে আইন প্রণয়ন এবং কার্যকর করার দাবি জানিয়েছে সংগঠনটি।

ট্রান্সফ্যাটের প্রধান উৎস পারশিয়ালি হাইড্রোজেনেটেড অয়েল বা পিএইচও, যা বাংলাদেশে ডালডা বা বনস্পতি ঘি নামে পরিচিত। সম্প্রতি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের গবেষণায় ঢাকার পিএইচও নমুনার ৯২ শতাংশে ডব্লিউএইচওর সুপারিশ করা ২% মাত্রার চেয়ে বেশি ট্রান্সফ্যাট (ট্রান্সফ্যাটি অ্যাসিড) পাওয়া গেছে। প্রতি ১০০ গ্রাম পিএইচও নমুনায় সর্বোচ্চ ২০.৯ গ্রাম পর্যন্ত ট্রান্সফ্যাটের উপস্থিতি লক্ষ করা গেছে, যা ডব্লিউএইচওর সুপারিশ করা মাত্রার তুলনায় ১০ গুণেরও বেশি। উচ্চমাত্রায় ট্রান্সফ্যাট গ্রহণ হার্ট অ্যাটাকসহ হৃদ্‌রোগজনিত মৃত্যুঝুঁকি বৃদ্ধি করে।

প্রজ্ঞার নির্বাহী পরিচালক এ বি এম জুবায়ের বলেন, ট্রান্সফ্যাট নিয়ন্ত্রণে সারা বিশ্ব একত্র হচ্ছে। এ ক্ষেত্রে বিলম্ব করার কোনো সুযোগ বা অজুহাত থাকতে পারে না। খাদ্যদ্রব্যে ট্রান্সফ্যাট নিয়ন্ত্রণ এমন এক সাশ্রয়ী পদক্ষেপ, যা একই সঙ্গে হৃদ্‌রোগজনিত অসুস্থতা ও মৃত্যুঝুঁকি হ্রাস এবং অসংক্রামক রোগসংক্রান্ত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা করবে।