জ্বর হলেই কাবু?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

জ্বর-জারি আমাদের লেগেই থাকে। এটা একটা সাধারণ উপসর্গ। কেউ কেউ জ্বর হলেই কাবু হয়ে পড়েন। তবে এই জ্বর নিয়ে আছে নানা ভুল ধারণা।
জ্বর হলেই রোগীর গায়ে ভারী কাঁথা চাপিয়ে দেওয়া হয়। ধারণা করা হয়, এতে ঘাম দিয়ে জ্বর ছাড়বে। ঘরের দরজা-জানালাও অনেকে বন্ধ করে রাখেন, যাতে বাতাস না ঢোকে। প্রকৃতপক্ষে এগুলোর কোনোটাই জ্বর কমানোর উপায় নয়। জ্বর হলে এমনিতেই শরীরের তাপমাত্রা বেড়ে যায়। তখন আবার শরীরে মোটা কাপড়-কম্বল জড়ানো হলে তাপমাত্রা আরও বেড়ে যাবে।
জ্বরের সময় পায়ের তালু বা হাতের তালুতে তেল মালিশ করা হয় অনেক সময়। এটাও ঠিক নয়। এতে করে শরীরের লোমকূপগুলো ময়লা জমে বন্ধ হয়ে যায়। ফলে শরীরের বাড়তি তাপ বের হতে পারে না।
জ্বর হলে বরং শরীরের কাপড়চোপড় আলগা করে বা কিছুটা খুলে দিতে হবে। খুলে দিতে হবে ঘরের দরজা-জানালা। উন্মুক্ত আলো-বাতাসের ব্যবস্থা রাখা ভালো। সেই সঙ্গে হালকা গতিতে ফ্যান চালিয়ে দিলে আরও ভালো। তারপর একটি তোয়ালে বা গামছা পরিষ্কার বা স্বাভাবিক পানিতে ডুবিয়ে নিংড়ে নিয়ে তা দিয়ে সারা শরীর আস্তে আস্তে মুছে দিতে হবে। এভাবে বেশ কয়েকবার করলে তাপমাত্রা কমে আসবে। মাথাও ধুয়ে দেওয়া যায়। জ্বর কমানোর এ পদ্ধতির পুরোটাই প্রাথমিক চিকিৎসা। তার পরের চিকিৎসা হলো কারণ খুঁজে বের করা ও তা নিরাময়।
জ্বর হলে স্বাভাবিক সব খাবারই খাওয়া যাবে। পানি একটু বেশি খাওয়া ভালো। কেননা, জ্বর হলে দেহ কিছুটা পানিশূন্য হয়।
শিশুদের জ্বর নিয়ে সবাই উদ্বিগ্ন থাকেন। অনেকের ধারণা, সব জ্বরই শিশুদের জন্য খারাপ। এ ধারণার পুরোটা ঠিক নয়। শরীরে কোনো সংক্রমণ বা প্রদাহের শুরুতে রোগ প্রতিরোধকতন্ত্রের প্রাথমিক কার্যক্রমের অংশ হিসেবে দেখা দেয় এ জ্বর। জ্বরের মাধ্যমে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে শরীর। তাই জ্বর হলে ঘাবড়ে যাওয়ার কিছু নেই।
সব জ্বরের জন্য চিকিৎসার প্রয়োজন নেই। কী কারণে জ্বর হয়েছে, কী ধরনের জীবাণু জড়িত—তার ওপর নির্ভর করে চিকিৎসা। অধিকাংশ ভাইরাসজনিত জ্বর এমনিতেই সেরে যায়। অনেকে জ্বর হলে দোকান থেকে অ্যান্টিবায়োটিক কিনে কয়েক ডোজ খেয়ে ফেলেন। এতে তাঁদের দেহে যেমন অ্যান্টিবায়োটিক রেজিসট্যান্স তৈরি হয় তেমনি জ্বরের আসল কারণও ধোঁয়াশা হয়ে পড়ে।
অধ্যাপক এ বি এম আবদুল্লাহ
িডন, মেডিসিন অনুষদ, বিএসএমএমইউ