বর্ষা মৌসুম পেরিয়ে হেমন্ত এলেও থামেনি বৃষ্টি-বাদলা। তার ওপর চারদিকে হচ্ছে বন্যা। এ সময় ডায়রিয়া, কলেরা, টাইফয়েড ইত্যাদির প্রকোপ যায় বেড়ে। টাইফয়েড সম্পর্কে কমবেশি সবারই জানা আছে কিছু কিছু, কিন্তু প্যারাটাইফয়েড সম্পর্কে খুব একটা ধারণা নেই। টাইফয়েড ধরনের জ্বর হলেও এই রোগের সঙ্গে কিছুটা পার্থক্য আছে মূল টাইফয়েডের। সে কারণেই প্যারাটাইফয়েডের ক্ষেত্রে ভুল রোগ নির্ণয় এবং ভুল চিকিৎসার আশঙ্কাও বেশি।
জীবাণু টাইফয়েডের মতোই
টাইফয়েডের কারণ যে জীবাণু সালমোনেলা টাইফি, সেই একই গোত্রের অন্য জীবাণু দিয়ে হয় প্যারাটাইফয়েড। তবে এর জন্য তিন ধরনের জীবাণু দায়ী হতে পারে। এগুলো হলো সালমোনেলা প্যারাটাইফি এ, বি এবং সি। টাইফয়েডের জীবাণুর মতো এরাও দূষিত খাবার বা পানির মাধ্যমে ছড়ায়। বন্যা, অস্বাস্থ্যকর পরিবেশ বা সঠিক বর্জ্য ব্যবস্থাপনার অভাব এর ঝুঁকি বাড়িয়ে দেয়। টাইফয়েডের জীবাণুর মতোই এগুলো খাবার বা পানির মাধ্যমে প্রথমে অন্ত্রে পৌঁছে এবং অন্ত্রের দেয়াল ভেদ করে বংশবৃদ্ধি করতে থাকে। তারপর এটি যখন রক্তে পৌঁছায়, তখন দেখা দেয় জ্বর ও অন্যান্য উপসর্গ।
টাইফয়েডের তুলনায় মৃদু
প্যারাটাইফয়েডের উপসর্গগুলো টাইফয়েডের মতোই, তবে তীব্রতায় একটু কম। অসুস্থতার মেয়াদও কিছুটা কম। জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথা ও ম্যাজম্যাজ, পেটব্যথা, কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া, অরুচি, একটু কাশি ইত্যাদি হলো লক্ষণ।
জটিলতা কম, কিন্তু নেই তা নয়
মারাত্মক জটিলতা বা প্রাণসংহারী সমস্যা হওয়ার আশঙ্কা ১ শতাংশেরও কম, যদি কেউ সঠিক চিকিৎসা নেয়। সাধারণত রক্ত বা মল পরীক্ষা বা কালচার করে প্যারাটাইফি জীবাণু পাওয়া গেলে ১০ থেকে ১৪ দিনের অ্যান্টিবায়োটিক খেতে হয়। তবে অ্যান্টিবায়োটিক পূর্ণ মেয়াদে ও সঠিক মাত্রায় ও সময়সূিচ মেনে খাওয়াটা জরুরি, নয়তো এটি অকার্যকর হয়ে পড়ে। কখনো কখনো জীবাণু রোগীর দেহে রয়ে যেতে পারে, যাকে বলা হয় ক্যারিয়ার স্টেট। এরা তখন মলের মাধ্যমে রোগজীবাণু ছড়ায়। মাঝেমধ্যে নিজেরাও মৃদু জ্বর, পেট খারাপ ইত্যাদি উপসর্গে আক্রান্ত হয়।
সচেতনতা জরুরি
স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও বিশুদ্ধ পানির ব্যবহার টাইফয়েড ও প্যারাটাইফয়েড রোগের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর অস্ত্র। গবেষণা বলছে, কেবল শৌচাগার ব্যবহারের পর ও খাদ্য গ্রহণ বা প্রস্তুত ও পরিবেশনের আগে ভালো করে হাত ধোয়ার অভ্যাসই অনেকাংশে কমিয়ে দিতে পারে এসব রোগের হার।
মেডিসিন বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতাল|