ডায়াবেটিক রোগীরা যেভাবে শাওয়ালের নফল রোজা রাখবেন
মুসলমানদের জন্য পবিত্র রমজানজুড়ে রোজা রাখা ফরজ। নানাবিধ শারীরিক সমস্যার কারণে রমজান মাসে রোজা পালন করতে না পারলে অনেকেই পরে সেই রোজাগুলো রাখেন। শাওয়াল মাসে নফল ছয়টি রোজাও রাখেন অনেকেই। কিন্তু ডায়াবেটিক রোগীদের রোজা রাখার ব্যাপারে কিছু নিয়ম মানা জরুরি। এ বিষয়ে জিরোক্যাল নিবেদিত প্রথম আলো অনলাইনের আয়োজন ‘সুস্থ থাকুন রোজা রেখেও’ অনুষ্ঠানে আলোচনা করেছেন ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডের ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন রোগ বিশেষজ্ঞ এবং সহযোগী অধ্যাপক ডা. ফিরোজ আমিন।
ডায়াবেটিক রোগী বিভিন্ন রকম আছেন। কেউ একটি ট্যাবলেট খান, কেউ দুটি, আবার অনেকেই তিনটি ট্যাবলেটও খান। কেউ দিনে একবার ইনসুলিন নেন, কেউ দুবার, কেউ আবার তিন বা চারবারও ইনসুলিন নেন। কারও কিডনি সমস্যা রয়েছে। অনেকের ব্লাডপ্রেশার নিয়ন্ত্রণে নেই। তাই নানা রকম ওষুধ সেবন করতে হয়। ফলে দেখা যায়, কোনো কোনো ডায়াবেটিক রোগী যখন রোজা রাখেন, তখন তাঁদের ব্লাড সুগার হঠাৎ কমে যায়। কারও আবার অতিরিক্ত খাবার খাওয়ার কারণে সুগার লেভেল অনেক বেড়ে যায়। অনেকের আবার লম্বা সময় না খেয়ে থাকার কারণে ডিহাইড্রেশন বা পানিশূন্যতা দেখা দেয়। শরীরে রক্ত জমাটবাধাঁসহ নানাবিধ সমস্যাও দেখা দেয় কারও কারও।
তাই সারা বিশ্বেই ডায়াবেটিক রোগীরা রোজা রাখার আগে ডাক্তারের পরামর্শ নেন। তাতে তাঁরা সুস্থভাবে রোজা পালন করতে পারেন। রোজার সময় ডায়াবেটিক রোগীরা সকালের সব ওষুধ সন্ধ্যার সময় খাবেন। পানি দিয়ে ইফতার করে তারপর ওষুধ খেয়ে বাকি খাবারগুলো খাবেন। আর রাতের ওষুধ বা ইনসুলিন অর্ধেক হয়ে চলে যাবে সাহ্রির সময়। তিন বেলার ওষুধ আমরা রোজাদারদের দুই বেলা করে সেবনের পরামর্শ দিই। তাঁর শারীরিক অবস্থা যদি বেশি খারাপ হয়, তাহলে আরেকটা ওষুধ রাত ১০টার সময় খেতে বলি।
ডায়াবেটিক রোগীরা রোজা রাখলেও অন্য দিনের মতো ক্যালরিযুক্ত খাবারই খাবেন। দিনে যেহেতু সুযোগ থাকে না, তাই রাতের বেলা অর্থাৎ ইফতারের পর থেকে প্রচুর পানি পান করতে হবে। রোজা অবস্থায় আলাদা কোনো ব্যায়াম করার দরকার নেই। নির্ধারিত নামাজ আদায় করলেই হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো ডায়াবেটিক রোগীর রোজা রাখার প্রস্তুতির সময়ই ডাক্তারের পরামর্শ নিতে হবে।