পাঠকের পশ্ন: ডায়েট
ডায়াবেটিস রোগীর ডায়েট কেমন হবে
ডায়েট, ব্যায়াম ও ওজন কমানো–বাড়ানো নিয়ে পাঠকদের নির্বাচিত প্রশ্নের উত্তর দিয়েছেন বারডেম জেনারেল হাসপাতালের প্রধান পুষ্টিবিদ ও বিভাগীয় প্রধান শামছুন্নাহার নাহিদ
প্রশ্ন: আমার বয়স ৩৭ বছর। ওজন ৬০ কেজি, উচ্চতা ১৬৬ সেন্টিমিটার, পুরুষ। ২০২০ সালের ফেব্রুয়ারি মাস থেকে টাইপ–২ ডায়াবেটিসে আক্রান্ত। আমি ১ হাজার ৮০০ ক্যালরি চার্ট ফলো করি। বেসাল ও বোলাস ইনসুলিন নিচ্ছি। বারডেম হাসপাতালের পরামর্শে চলছি। এখন আমার প্রশ্ন, আমি কি খাদ্য কম গ্রহণ করে, কম ইনসুলিন নিলে সেটা স্বাস্থ্যসম্মত হবে? অর্থাৎ কম ডায়েট চার্ট ফলো করা কি উচিত হবে?
মো. জিকির আলী মোল্লা, চট্টগ্রাম
উত্তর: আপনি লিখেছেন আপনার টাইপ-২ ডায়াবেটিস, দুই ধরনের ইনসুলিন পাচ্ছেন। প্রত্যেক মানুষের শরীরের একটা স্বাভাবিক কার্যকারিতা হলো, খাবার খাওয়ার পর, বিশেষ করে শর্করাজাতীয় খাবার থেকে গ্লুকোজ তৈরি হয়ে রক্তে বেড়ে যায়। এ সময় শরীরের একটি অঙ্গ থেকে ইনসুলিন সিক্রেশন হয়ে এই গ্লুকোজ কাজে লাগিয়ে শরীরে শক্তি তৈরি হয়, যা শরীরের প্রতিদিনের কাজকর্মের জন্য একান্ত প্রয়োজন। যখন শরীরে নিজস্ব ইনসুলিনের ঘাটতি হয়, তখন থেকেই রক্তে গ্লুকোজ বেড়ে যায় (ডায়াবেটিস)। এ থেকে শরীরে অন্য অনেক রোগ তৈরি হওয়ার ঝুঁকি বাড়ে। সে জন্য আপনাকে বাইরে থেকে ইনসুলিন নিতে হচ্ছে। অন্যদিকে আপনার রক্তের গ্লুকোজের পরিমাণের সঙ্গে সামঞ্জস্য করেই আপনার চিকিৎসক ইনসুলিনের পরিমাণ ঠিক করে দিয়েছেন। যেখানে বোলাস ইনসুলিন কাজ করে সরাসরি খাবার খাওয়ার পর। যদি এখন কম খাবার খান, তবে হাইপোগ্লাইসেমিয়া ( রক্তের গ্লুকোজের মাত্রা অস্বাভাবিক কমে যাওয়া) এবং কম ইনসুলিন নেন তবে হাইপারগ্লাইসেমিয়া (রক্তের গ্লুকোজের মাত্রা অস্বাভাবিক বেড়ে যাওয়া) হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। অন্যদিকে বেসাল ইনসুলিন ২৪ ঘণ্টা (সারা দিন) ধরে আপনার রক্তের গ্লুকোজ কাজে লাগিয়ে নিয়ন্ত্রণে সাহায্য করে। এখন যদি আপনি কম খাবার খেতে থাকেন, তাহলে ধীরে ধীরে আপনার শক্তি কমে যেতে থাকবে, অন্যান্য পুষ্টি উপাদানের অভাব দেখা দিতে থাকবে। একটা সময় আপনি কাজের ক্ষমতা হারিয়ে ফেলবেন। সুস্থ থাকার জন্য, চিন্তা করে দেখেন আপনার নিজের শরীরের প্রয়োজন অনুযায়ী সুষম খাবার খাবেন, পাশাপাশি প্রয়োজনীয় পরিমাণ ওষুধ ( ইনসুলিন) নিতে হবে। প্রতিদিন ব্যায়াম করবেন। কম খেয়ে নয়, শরীরের চাহিদামতো খাবার খেয়ে, সুস্থ ও কর্মঠ থাকার চেষ্টা করবেন। এ ক্ষেত্রে আপনি পুষ্টিবিদের পরামর্শ নিয়ে আপনার ইনসুলিনের ডোজের সঙ্গে কতটা শর্করাজাতীয় খাবার (কার্বোহাইড্রেট কাউন্টিং) খেতে পারবেন, তা ঠিক করে নিতে পারেন।
যেভাবে প্রশ্ন পাঠাবেন
পাঠকের প্রশ্ন পাঠানো যাবে ই–মেইলে, ডাকে এবং প্র অধুনার ফেসবুক পেজের ইনবক্সে।
ই–মেইল ঠিকানা: [email protected] (সাবজেক্ট হিসেবে লিখুন ‘পাঠকের প্রশ্ন’)
ডাক ঠিকানা: প্র অধুনা, প্রথম আলো, প্রগতি ইনস্যুরেন্স ভবন, ১৯ কারওয়ান বাজার, ঢাকা ১২১৫।
(খামের ওপর লিখুন ‘পাঠকের প্রশ্ন’)
ফেসবুক পেজ: fb.com/Adhuna.PA