ডায়াবেটিস সচেতনতা ও আমাদের করণীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ২৮ ফেব্রুয়ারি পালিত হলো জাতীয় ডায়াবেটিস সচেতনতা দিবস। এ উপলক্ষে প্রথম আলোর উদ্যোগে ও এসকেএফের সৌজন্যে অনুষ্ঠিত হয় বিশেষ আলোচনা অনুষ্ঠান। আলোচনার প্রতিপাদ্য ছিল ‘ডায়াবেটিস সচেতনতা এবং আমাদের করণীয়’। ডা. নাদিয়া নিতুলের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান, বারডেমের সাবেক মহাপরিচালক অধ্যাপক জাফর আহমেদ লতিফ, আইসিএইচআরআইয়ের প্রধান নির্বাহী কার্ডিওলজিস্ট অধ্যাপক এম এ রশিদ, বারডেমের এন্ডোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক ফারুক পাঠান। আরও উপস্থিত ছিলেন কনসালট্যান্ট এন্ডোক্রাইনোলজি ও ন্যাশনাল হেলথকেয়ার নেটওয়ার্কের প্রধান নির্বাহী ডা. এম এ সামাদ, বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সভাপতি অধ্যাপক এস এম আশরাফুজ্জামান, বারডেমের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ফারিয়া আফসানা এবং বারডেমের মহাপরিচালক অধ্যাপক এম কে আই কাইয়ুম চৌধুরী। অনুষ্ঠানটি ২৮ ফেব্রুয়ারি প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল এবং এসকেএফের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হয়।

১৯৫৬ সালের ২৮ ফেব্রুয়ারি ডা. মোহাম্মদ ইব্রাহিমের নেতৃত্বে গঠিত হয় ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অব পাকিস্তান। স্বাধীনতার পর এটি বাংলাদেশ ডায়াবেটিক সমিতিতে পরিবর্তিত হয়। ডা. ইব্রাহিমের দূরদর্শী চিন্তার ফল এ সমিতি। পঞ্চাশ দশকের শুরুর দিকে নানা রকম সংক্রামক ব্যাধিতে মানুষ মারা যেত। সে সময় মানুষের গড় আয়ু ছিল ৩০ বছর। চিকিৎসাবিজ্ঞানের উন্নয়নের ফলে এখন যক্ষ্মা, কলেরা, টাইফয়েড, ডায়রিয়ার মতো অসুখে মৃত্যু কমে এসেছে। গড় আয়ুও বেড়েছে। ডা. ইব্রাহিম চিন্তা করেছিলেন যখন মানুষের গড় আয়ু বাড়বে, তখন বয়সজনিত রোগও বেশি দেখা যাবে। তাঁর ভাবনা সত্যি প্রমাণিত হয়েছে। যখন প্রথম ডায়াবেটিক সমিতি প্রতিষ্ঠা হয়েছিল, তখন প্রথম ১০ মাসে রোগীর সংখ্যা ছিল মাত্র ৪৫ জন। এখন ডায়াবেটিক সমিতির ঢাকাস্থ কেন্দ্রে প্রতিদিন গড়ে তিন হাজারের মতো রোগী চিকিৎসা নিতে আসে। ডা. ইব্রাহিম আরও মনে করতেন, বহুমুখী ও দীর্ঘমেয়াদি এ রোগ নিয়ন্ত্রণে সাফল্য পেতে হলে চিকিৎসকের পাশাপাশি রোগীকেও চিকিৎসাবিষয়ক সিদ্ধান্তে যতটা সম্ভব অন্তর্ভুক্ত করতে হবে।

ডায়াবেটিসের জটিলতা নিয়ে জাফর আহমেদ লতিফ বলেন, ‘কারও শরীরে টাইপ ওয়ান ডায়াবেটিস ধরা পড়ার পর তারা এক বা দুই দিন ইনসুলিন না নিলে তাদের রক্তে চিনির মাত্রা অনেক বৃদ্ধি পাবে। এটি বাড়তে থাকলে রক্তে অ্যাসিডের মাত্রাও বাড়বে, যা পরে কিটোএসিডোসিসে রূপ নেবে। আবার টাইপ টু ডায়াবেটিস রোগীদের শরীরে কোনো ইনফেকশন ধরা পড়লে এবং রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণ না করে এর সঠিক চিকিৎসা করা না হলে তাদেরও কিটোএসিডোসিস হয়ে যেতে পারে।

কিটোএসিডোসিসের ফলে রোগী কোমায় চলে যেতে পারেন, এমনকি মৃত্যুও হতে পারে। সাম্প্রতিক সময়ে দেখা গেছে, করোনা আক্রান্ত রোগী যাদের কোনো কারণে স্টেরয়েড গ্রহণ করতে হয়, তাদের কিটোএসিডোসিস হয়েছে।’ তিনি আরও বলেন, ‘রক্তে সুগার বেড়ে গেলে রক্ত বেশি ঘন হয়ে যাবে। ফলে স্বাভাবিক রক্তপ্রবাহ ব্যাহত হবে। এ অবস্থাকে বৈজ্ঞানিক ভাষায় অ্যাথেরোস্ক্লেরোসিস বলে। এর ফলে ক্ষুদ্রাতিক্ষুদ্র যে শিরা-উপশিরা আছে যা চোখ, কান, স্নায়ু, কিডনিতে রক্ত সরবরাহ করা বন্ধ করে দেয়, তাহলে এ অঙ্গগুলো আক্রান্ত হয়। দীর্ঘমেয়াদি অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের ফলে মাল্টিভাসকুলার ডিজিজ যেমন রেটিনোপ্যাথি, নিউরোপ্যাথি, হৃদ্‌রোগ, কিডনি রোগ, হাতে-পায়ে ঘা, গ্যাংগ্রিনের মতো জটিলতা দেখা দিতে পারে।’

ডায়াবেটিসের সঙ্গে সম্পর্ক আছে আরেক জটিল ব্যাধি হৃদ্‌রোগের। যারা ডায়াবেটিসে আক্রান্ত হয়, তাদের হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার অনেক বড় একটি ঝুঁকি থাকে। এ নিয়ে অধ্যাপক এম এ রশিদ বলেন, ‘রক্তে চিনির মাত্রা অনিয়ন্ত্রিত অবস্থায় বৃদ্ধি পেলে শরীরের পা থেকে মাথা পর্যন্ত যে শিরা, ধমনি থাকে, তাতে ব্লক সৃষ্টি হয়। করোনারি আর্টারিতে রক্তপ্রবাহ ব্যাহত হলে হৃদ্‌রোগ হয়ে থাকে। প্রতিবছর পৃথিবীতে যত মানুষ মারা যায়, তার ৩২ শতাংশ মারা যায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে। ৫২০ মিলিয়নের মতো মানুষ এ রোগে আক্রান্ত হয়, যার ভেতর প্রায় ডায়াবেটিস রোগীর সংখ্যা অর্ধেকের বেশি। ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকলে হৃদ্‌রোগও নিয়ন্ত্রণে থাকবে। আশার কথা, এ দুটি রোগই প্রতিরোধযোগ্য। এ জন্য ডায়েটে শাকসবজির আধিক্য বাড়ানো, ওজন নিয়ন্ত্রণ ও প্রতিদিন ৩০ মিনিট হাঁটাহাঁটি করতে হবে। এ ছাড়া টেনশন, স্ট্রেস পরিহার করতে হবে, রক্তচাপ স্বাভাবিক মাত্রায় রাখতে হবে। যদি ডায়াবেটিস হয়, ব্লাড প্রেশার ১৩০/৮০–এর নিচে রাখতে হবে। আর অন্য কোনো অঙ্গে সমস্যা দেখা দিলে অবশ্য ১২০/৮০–এর নিচে থাকতে হবে।’ তাঁর আলোচনা থেকে জানা যায়, ডায়াবেটিস রোগ যত ভালোভাবে নিয়ন্ত্রিত থাকবে, তত হৃদ্‌রোগ ও অন্যান্য মাল্টিভাসকুলার রোগ হওয়ার ঝুঁকি কমবে, এমনকি কোনো রোগ না–ও হতে পারে।

এশিয়ায় প্রতিষ্ঠিত প্রথম ডায়াবেটিসের জন্য বিশেষায়িত হাসপাতাল হলো বারডেম। শাহবাগে অবস্থিত বারডেম ও ইব্রাহিম কার্ডিয়াক হসপিটালকে বারডেম ওয়ান বলা হয়। সেগুনবাগিচায় রয়েছে মা ও শিশুদের জন্য আলাদা ডায়াবেটিস হাসপাতাল, যা বারডেম টু নামে পরিচিত। দুই হাসপাতালের শয্যা সংখ্যা এখন ৭১৫ (ইনডোর)। আউটডোরে রোজ দুই থেকে তিন হাজারের মতো রোগীর সেবা দেওয়া হয়। এ ছাড়া এর রয়েছে একটি জরুরি বিভাগ, যা সপ্তাহে ৭ দিন, বছরে ৩৬৫ দিন খোলা থাকে। জরুরি বিভাগে ডায়াবেটিস রোগী ছাড়াও অন্যান্য রোগীর চিকিৎসার ব্যবস্থা রয়েছে। বর্তমানে বারডেমের মহাপরিচালক ডা. এম কে আই কাইয়ুম চৌধুরী বলেন, ‘৭১৫টি শয্যার ভেতর ৩০ শতাংশ শয্যার রোগীদের বিনা খরচে চিকিৎসার ব্যবস্থা করা হয়। কোন রোগীদের এ সুবিধার আওতায় আনা হবে, তা নির্ধারণ করে বাংলাদেশ সমাজকল্যাণ মন্ত্রণালয় ও ডায়াবেটিক সমিতি। বারডেমের রয়েছে বেশ কিছু অঙ্গ প্রতিষ্ঠান এবং উচ্চমানের রিসার্চ ল্যাবরেটরি। শিগগিরই ল্যাবে আনা হচ্ছে অত্যাধুনিক সরঞ্জাম লিকুইড কোমোটোগ্রাফি, মাস স্পেক্টোমেট্রি। বারডেমের আওতায় কিডনি ও লিভার ট্রান্সপ্লান্টের সুবিধা আছে। এ ছাড়া দ্রুতই এখানে একটি ক্যানসার সেন্টার খোলার কাজ চলছে। বারডেমের অর্থোপেডিক বিভাগ অনেক বেশি উন্নত। এখানে জয়েন্ট রিপ্লেসমেন্টের ব্যবস্থাও আছে।’

বারডেম একাডেমিতে ১৯টি কোর্স, ৬টি অনলাইন কোর্স আছে
বারডেমের তত্ত্বাবধানে একটি একাডেমি চালু রয়েছে। বাংলাদেশের আনাচে-কানাচে রোগীদের সেবা প্রদানের জন্য চিকিৎসকদের বিশেষভাবে ট্রেনিং দেওয়া হয় এখানে। এ নিয়ে বারডেম একাডেমির পরিচালক অধ্যাপক ফারুক পাঠান বলেন, ‘এখানে ১৯টি কোর্স ও ৬টি অনলাইন কোর্সের ব্যবস্থা আছে। ২৫০ জনের বেশি শিক্ষার্থী রয়েছে। প্রতিষ্ঠার শুরুতে সরকারি হাসপাতালের চিকিৎসকেরা এখানে আসতেন। এখন সরকারি চিকিৎসকেরা নিজেদের প্রতিষ্ঠানে ট্রেনিং নিচ্ছেন, আর এখানে বেসরকারি হাসপাতালের চিকিৎসকেরা ট্রেনিং নিচ্ছেন।’ বারডেম একাডেমি ইন্টার্ন চিকিৎসক থেকে শুরু করে সব স্তরের চিকিৎসকদের রিসার্চের ব্যবস্থা রয়েছে। রোগীদের সচেতন করার জন্য শিক্ষামূলক কোর্সের ব্যবস্থা আছে।

এম এ সামাদ ন্যাশনাল হেলথকেয়ার নেটওয়ার্কের কার্যক্রম নিয়ে আলোচনা করেন। ১৯৯৬ সালে যখন প্রথম এটি প্রতিষ্ঠিত হয়, তখন এর নাম ছিল ন্যাশনাল ডায়াগনস্টিক নেটওয়ার্ক। অনেক কারণে এখন মানুষ চিকিৎসার জন্য বারডেম বা অন্য বড় হাসপাতালে পৌঁছাতে পারে না। এ জন্য ন্যাশনাল হেলথকেয়ার নেটওয়ার্কের আওতায় চালু হয়েছে প্রাইমারি ও সেকেন্ডারি লেভেলের হাসপাতাল। বর্তমানে এমন হাসপাতাল আছে ৩৩টি। এ ছাড়া টারশিয়ারি লেভেলের কিছু হাসপাতাল রয়েছে। যেমন আইসিইউ ও ডায়ালাইসিস সেন্টার রয়েছে ওয়ারীতে, উত্তরায় আছে বিশেষায়িত মহিলা-শিশু হাসপাতাল। বাংলাদেশ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে কুমিল্লায় একটি বিশেষায়িত হাসপাতালের কাজ প্রায় শেষের পথে। দক্ষ মানবসম্পদ তৈরিতেও ন্যাশনাল হেলথকেয়ার সেন্টার অগ্রণী ভূমিকা রাখছে। এর আওতায় রয়েছে একটি নার্সিং সেন্টার। সম্প্রতি রোগীদের জন্য একটি রিহ্যাবিলিটেশন সেন্টারের পরিকল্পনা নেওয়া হয়েছে।

ডায়াবেটিস পরিস্থিতির ভয়াবহতা সম্পর্কে অধ্যাপক এস এম আশরাফুজ্জামান বলেন, ‘ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন প্রতি দুই বছর অন্তর একটি ডায়াবেটিস অ্যাটলাস প্রকাশ করে। সেখান থেকে জানা যায়, বর্তমানে বিশ্বে প্রায় ৫৩৭ মিলিয়ন ডায়াবেটিস রোগী রয়েছে। ২০২৩ সালের ভেতর এটি ৬৪৩ মিলিয়নে উপনীত হবে। এখানে চার ভাগের তিন ভাগ রোগী অনুন্নত, উন্নয়নশীল ও মধ্য আয়ের দেশে বসবাস করে। অ্যাটলাসের ডেটা থেকে আরও জানা যায়, প্রতি তিনজনের একজন জানে তিনি ডায়াবেটিসে আক্রান্ত ও প্রতি পাঁচ সেকেন্ডে একজন রোগী এ রোগে মারা যায়। পরিস্থিতি দিন দিন ভয়াবহ হচ্ছে। বাংলাদেশে ১০০ জনে ১০ থেকে ১৩ জন মানুষ ডায়াবেটিস রোগে আক্রান্ত। ভবিষ্যতে এর সংখ্যা আরও বৃদ্ধি পাবে। দ্রুত নগরায়ণ, জাংক ফুড কালচার অন্যতম কারণ।’

ফিরোজ আমিন বলেন, ‘ডায়াবেটিসের জটিলতা কমানো ও প্রতিরোধের জন্য কিছু নিয়ম মানতে হবে। যেমন রক্তে চিনির মাত্রা দুপুরে ও রাতে খাওয়ার আগে ৫ রাখতে হবে। খাওয়ার পর ৮ থেকে ১০ থাকতে হবে। তিন মাসে গড়ে ৭ বা ৬.৫ এর নিচে রাখতে হবে। এর সঙ্গে ব্লাড প্রেশার, কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখা জরুরি। এ জন্য কিছু ব্যবস্থা নিতে হয়। যেমন নিজের ওজন ও উচ্চতা অনুযায়ী ডায়েট ও ক্যালরি ইনটেক ঠিক করা, ব্যায়াম (জোরে জোরে ৩০ মিনিট হাঁটা, পরপর দুদিন হাঁটা বন্ধ রাখা যাবে না)। ওষুধের ব্যাপারে কিছু সতর্কতা কাছে। ডায়াবেটিস রোগীর অন্য রোগের সঙ্গে সমন্বয় করে ওষুধ ঠিক করা হয়। এরপরও ডায়াবেটিস নিয়ন্ত্রণ না হলে ইনসুলিন দিয়ে চিকিৎসা করা হয়। টাইপ ওয়ান ডায়াবেটিসে অবশ্য ওষুধে না গিয়ে সরাসরি ইনসুলিন দেওয়া হয়।

ডায়াবেটিস প্রতিরোধ নিয়ে ফারিয়া আফসানা বলেন, ‘প্রতিরোধ সব সময় প্রতিকারের চেয়ে ভালো। ডায়াবেটিসের অন্যতম প্রধান কারণ ওজনাধিক্য। ওজন নিয়ন্ত্রণে থাকলে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি থাকে না। অনেক গবেষণায় জীবনধারার পরিবর্তন, সুনিয়ন্ত্রিত খাদ্যাভাস ও নিয়মিত ব্যায়ামের মাধ্যমে এ রোগ অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।’