তাপ বাড়াতে শীতের খাবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কনকনে শীত সারা দেশে। এই সময়ে কাজ ছাড়া বাইরে সহজে কেউ সময় কাটায় না। তবে বাড়িতে কী খাবেন, তার একটা পরিকল্পনা করে নেওয়া যায়। চাই এমন খাবার, যা দেহের বিপাকক্রিয়া বাড়াবে, তাপ উৎপাদন করবে শরীরে আর শীত তাড়াবে।
এক. শীতকালে হালকা তেল-মসলার খাবার বা জলীয় খাবারের বদলে একটু ভারিক্কি খাবার খেলে ক্ষতি নেই। মসলা শরীরে তাপ উৎপন্ন করে, বিশেষ করে একটু ঝাল, আদা বা পেঁয়াজ ইত্যাদি। খাবারে একটু বেশি চর্বি তাপ ধরে রাখতে সাহায্য করবে। তাই মাছের বদলে মাংস বেছে নেওয়া যায় এ সময়। ভাজা-পোড়া খেলেও ক্ষতি নেই, তবে বুঝেশুনে।
দুই. ঠান্ডা তাড়াতে এক কাপ গরম চায়ের তুলনা নেই। শীতের বিকেলে বা সন্ধ্যায় এই চা যথেষ্ট উষ্ণ করবে। আরও ভালো হয় যদি চায়ে আদা বা দারুচিনি-জাতীয় মসলা যোগ করা যায়। এগুলো দেহের বিপাকক্রিয়া বাড়াতে সাহায্য করে।
তিন. রাতের বেলায় সাধারণ ভাত-তরকারির বদলে এক বাটি গরম স্যুপ ও সঙ্গে ওটমিল বা লাল চালের ভাত বেছে নেওয়া ভালো। এগুলো তাপ যেমন বাড়ায় তেমনি অনেকক্ষণ ক্যালরির জোগান দেয়।
চার. রাতে শোবার সময় এক কাপ ধোঁয়া ওঠা গরম দুধ সমস্ত রাত ধরে তাপ ও ক্যালরি জোগাবে। এটা ভুলবেন না।
পাঁচ. একটু ভাজা-পোড়া বা ভারিক্কি খাবারের পর হালকা গরম পানি বা কোনো গরম পানীয় নিন, সেটা হজমে সাহায্য করে। কুসুম গরম পানি গলায় ঠান্ডা লাগানো থেকেও রক্ষা করে।
আখতারুন নাহার
প্রধান পুষ্টিবিদ, বারডেম হাসপাতাল

প্রশ্নোত্তর
প্রশ্ন: স্বামী-স্ত্রীর রক্তের গ্রুপ একই হলে সন্তানের কোনো সমস্যা হয়?
উত্তর: স্বামী-স্ত্রীর রক্তের গ্রুপ একই হওয়ার কারণে সন্তানের কোনো সমস্যা হয় না। তবে স্ত্রীর রক্তের গ্রুপ নেগেটিভ হলে এবং স্বামীর রক্তের গ্রুপ পজিটিভ হলে প্রথম সন্তানের ক্ষেত্রে তেমন সমস্যা না হলেও পরবর্তী সন্তানদের কিছু অসুবিধা হতে পারে। এমন সমস্যা এড়াতে এ দম্পতির প্রথম সন্তান জন্মের ৭২ ঘণ্টার মধ্যে মাকে অ্যান্টি-ডি ইনজেশন নিতে হয়।
অধ্যাপক মো. মুজিবুর রহমান
মেডিসিন বিভাগ
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ

স্বাস্থ্যবটিকা ® ব্রোন স্মিথ
কোন কোন খাবারে জিংক থাকে?
পাত্রভর্তি ওটমিল পেলে মন্দ হয় না

জিংকের সেরা উৎসগুলো হলো ঝিনুক, গরুর মাংস, শিম ও ওটমিল (যবজাতীয় শস্যের গুঁড়া)। পাউরুটি ও শস্যদানাজাতীয় খাবারের পুষ্টিমান বাড়াতেও জিংক মেশানো হয়।
‘স্বাস্থ্যবটিকা’র লক্ষ্য রোগনির্ণয় গোছের কিছু নয়