ত্বক যখন রুক্ষ-শুষ্ক

শীত গেলেও প্রকৃতি এখনো রুক্ষ। বাতাসের আদ্রর্তাও কম। তাই আপনার ত্বক সহজেই শুষ্ক ও রুক্ষ হয়ে পড়তে পারে। ত্বকের আদ্রর্তা ধরে রাখতে কয়েকটি পদক্ষেপ:
* ত্বকে নিয়মিত ময়েশ্চারাইজার লাগান। গোসলের পর ত্বক শুকিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই ময়েশ্চারাইজার লাগিয়ে নিন; দেরি করবেন না। এতে উপকার বেশি।
* ময়েশ্চারাইজার হিসেবে ক্রিম বা লোশন ব্যবহার করতে পারেন, অথবা অলিভ অয়েল। নারকেল তেলও দিতে পারেন। তবে তিলের তেল ব্যবহার করবেন না। বাজার থেকে বিভিন্ন রাসায়নিক উপকরণ কিনে ত্বকে লাগাবেন না। তথাকথিত হারবাল ওষুধ ব্যবহার না করাই ভালো। এগুলো ব্যবহারের ফলে নানা ধরনের চর্মরোগ হতে পারে।
* প্রতিদিন একবার গোসল করাই শ্রেয়। বারবার গোসল করলে ত্বক শুষ্ক হয়ে পড়তে পারে।
* গোসলের সময় শুষ্কতানিরোধক সাবান, যেমন: গ্লিসারিনযুক্ত সাবান ব্যবহার করতে পারেন। যাঁদের ত্বক সহজেই শুষ্ক হয়ে যায়, তাঁরা সাবানের ব্যবহার কমিয়ে আনবেন। সপ্তাহে দু-এক দিন সাবান ব্যবহার করতে হবে। তবে শুষ্কতানিরোধক সাবান রোজই ব্যবহার করা যাবে।
* প্রচুর পানি পান করুন। শাকসবজি এবং অ্যান্টি-অক্সিডেন্টসমৃদ্ধ খাবার খান নিয়মিত।
* সুতি কাপড় পরুন। আঁটসাঁট পোশাক পরবেন না। ঘেমে গেলে দ্রুত পোশাক বদলে নিন।
* বয়স্কদের ত্বক শুষ্ক হওয়ার প্রবণতা বেশি। তাই তাঁদের ক্ষেত্রে বাড়তি সচেতনতা প্রয়োজন।

ডা. মো. ইমদাদুল হক
চর্মরোগ বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল