
ত্বকের তারুণ্য ধরে রাখতে চেষ্টার কমতি নেই। রকমারি প্রসাধনসামগ্রীতে রমরমা বাজার। বার্ধক্য ঠেকাতেও কত না পরামর্শ চারপাশে।
মানুষ নিজেকে সুন্দর রাখতে ভালোবাসে। বার্ধক্য এলেও সজীব, তরুণ ত্বক চায়।
অতিসম্প্রতি সৌন্দর্যবিশারদ স্কট ভিনসেন্ট বরবা রেডিওতে একটি স্বাস্থ্যকর তেলের কথা বলেন। এটি হলো লাল পামতেল। এই তেল ব্যবহার করলে সৌন্দর্য বিকশিত হয়। তেলটির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই, টকোকেরোল ও টকোট্রোইনোল। এসব উপকরণের গুণে এই তেলটি বার্ধক্য রোধে পারঙ্গম, ত্বকে লাবণ্য ও কেশের ঔজ্জ্বল্য বজায় রাখতে পারদর্শী। এই পুষ্টি উপকরণগুলো জীবদেহে সহজে প্রবেশ করে, তাই এর উপযোগিতাও বেশি।
এটি ভোজ্যতেল হিসেবেও ব্যবহার করা হয়। এই তেল খাদ্যকে দেয় ভেলভেটের মতো নরম সিল্কি বুনন। আপাদমস্তক বার্ধক্যরোধী হিতকরী প্রভাব ফেলে এই তেল: চুলকে করে উজ্জ্বল ও তরুণ, ত্বকে আনে সজীবতা ও লাবণ্য।
বিজ্ঞানী সুজানা মাকপোল বিজ্ঞান সম্মেলনে সম্প্রতি প্রবন্ধ পাঠের মধ্যে উল্লেখ করেন এর পুষ্টিগুণের কথা, বার্ধক্যরোধী গুণের কথা। লাল পামতেলে উচ্চ পরিমাণে রয়েছে ভিটামিন ‘ই’র একটি প্রকার—‘টকোট্রাইনোল’। কোষের জরা রোধে এর কার্যকারিতার দিকটি তিনি তুলে ধরেন। কোষের বার্ধক্যের একটি সূচক হলো আমাদের জীবন ডিএনএর খণ্ড ‘টেলোমিয়ারের’ দৈর্ঘ্য। টেলোমিয়ার যত বেশি দীর্ঘ হবে, ত্বক থাকতে তত তরুণ ও সুস্থ। দেহে যে জারণ প্রক্রিয়া হয়, এর প্রভাবে টেলোমিয়ার হ্রস্ব হয়ে যায়, ত্বক হয়ে যায় বুড়ো। টকোট্রাইনোল জারণকে রোধ করে আর এভাবে টেলোমিয়ারের খাটো হওয়াও ঠেকায়। ত্বক থাকে সজীব ও তরুণ। পামতেলে যেমন রয়েছে টটোট্রাইনোল উচ্চ মাত্রায়, তেমনি আছে বিটা ক্যারোলিন। এগুলো হলো অ্যান্টি-অক্সিডেন্ট ভিটামিন, যা বার্ধক্য ঠেকায়। তারুণ্য বজায় রাখে দেহে।
তাই ভোজ্যতেল হিসেবে পামতেল যেমন বিবেচনার দাবি রাখে, তেমনি সৌন্দর্য রক্ষার জন্য এর ব্যবহার খাদ্যে, রান্নায় করলে ফল প্রস্থ হবে বলে বিজ্ঞানীদের ধারণা।
লেখক: পরিচালক, ল্যাবরেটরি সার্ভিসেস, বারডেম জেনারেল হাসপাতাল, ঢাকা।