ত্বক নিয়ে সবাই কমবেশি ভাবেন। তবে এই ভাবনার অনেক কিছুই কিন্তু ভুল। আসুন জেনে নিই সে রকম কিছু ভ্রান্ত ধারণা সম্পর্কে।
ত্বকের তারুণ্য ধরে রাখার ক্রিম: ত্বকে সজীবতা ও তারুণ্য ধরে রাখবে, এমন বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে অনেকেই নানা ক্রিম ব্যবহার করেন, যা কিনা ত্বক বুড়িয়ে যেতে দেবে না। কিন্তু ত্বকের বয়স না বাড়ানোর কোনো নির্দিষ্ট সূত্র নেই। ত্বকের বুড়িয়ে যাওয়া বা ভাঁজ পড়া প্রতিরোধে স্বাস্থ্যকর খাবার খান, রোদে গেলে সানস্ক্রিন ব্যবহার করুন এবং ধূমপান বর্জন করুন—এই ব্যস।
জীবাণু প্রতিরোধী সাবান ত্বক সুস্থ রাখে?: বাজারে অনেক জীবাণু প্রতিরোধী বা অ্যান্টি ব্যাকটেরিয়াল সোপ পাওয়া যায়, যা নাকি সুস্থতার সহায়ক বলে প্রচার করা হয়। আসলে রোজকার ব্যবহারের জন্য নয় এগুলো। ত্বকে স্বাভাবিকভাবেই কিছু ব্যাকটেরিয়া থাকে, যার সব কটি ক্ষতিকারক নয়। বরং এ ধরনের সাবান রোজ ব্যবহার করলে উপকারী জীবাণুও ধ্বংস হয়ে যায়। তাই সাধারণ সাবানই ভালো।
তৈলাক্ত খাবারে ব্রন হয়: ভাজাপোড়া-তৈলাক্ত খাবার খেলে ব্রন বাড়ে—এমন ধারণার পক্ষে কোনো প্রমাণ মেলেনি। যদিও ত্বকে তৈলাক্ত পদার্থ সিবাম বেশি তৈরি হলে ব্রন হয়। তবে এ ধরনের খাবারে ওজন বাড়ে, আর কৈশোরেও হঠাৎ ওজন বৃদ্ধির কারণে হরমোনগত কিছু সমস্যার সৃষ্টি করে, যাতে ব্রন বেশি হতে পারে।
শীতকালে সানস্ক্রিন লাগে না: অনেকের ধারণা, শীত ও বর্ষায় রোদের প্রকোপ কম থাকলে সানস্ক্রিন না ব্যবহার করলেও চলে। কিন্তু শীতের মিষ্টি রোদে অতিবেগুনি রশ্মি আছে। তাই যেকোনো ঋতুতে দিনের বেলায় বের হলে সানস্ক্রিন লাগানো উচিত।
ভিটামিন ই ক্রিমে ত্বকের দাগ দূর হয়: ত্বকে নানা কারণে দাগ হয়। কোনোটি হরমোনজনিত সমস্যা, কোনোটা হয়তো কাটা-ছেঁড়ার কারণে হয়েছে। কোনোটা আবার রোগের কারণে। কারণটার চিকিৎসা করা উচিত। শুধু ভিটামিন ই যুক্ত ক্রিমেই দাগ দূর হয়ে যাবে না।
ডা. মো মনিরুজ্জামান খান
চর্ম বিভাগ, বারডেম হাসপাতাল
স্বাস্থ্যবটিকা ® ব্রোন স্মিথ
ঠান্ডা লাগার জন্য কত রকমের ভাইরাস দায়ী?
সর্দি, গলাব্যথা, কাশি ও হাঁচির মতো নিত্যদিনের সমস্যার জন্য অন্তত ২০০টি পৃথক ভাইরাস দায়ী। ঠান্ডা লাগার অধিকাংশ সমস্যা দেখা দেয় রাইনোভাইরাসের কারণে। মার্কিন জাতীয় জনস্বাস্থ্য ইনস্টিটিউট সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এ তথ্য দিয়েছে।
‘স্বাস্থ্যবটিকা’র লক্ষ্য রোগনির্ণয় গোছের কিছু নয়
প্রশ্নোত্তর
প্রশ্ন: উচ্চ রক্তচাপের রোগীরা খাবার স্যালাইন খেতে পারবেন না—এটা কি ঠিক?
উত্তর: ডায়রিয়া, বমি বা কোনো কারণে দেহে পানিশূন্যতা হলে মুখে খাবার স্যালাইন খেতে বলা হয়। এ ধরনের পরিস্থিতিতে যেকোনো মানুষেরই এটা খাওয়া উচিত। উচ্চ রক্তচাপ থাকলে এ সময়ে স্যালাইন খেতে পারবেন না, এটা ভুল ধারণা। বরং এ সময়ে লবণপানির শূন্যতা পূরণ না করা হলে ঝুঁকিতে পড়বেন।
অধ্যাপক এ বি এম আবদুল্লাহ ডিন, মেডিসিন অনুষদ, বিএসএমএমইউ