দরজায় কড়া নাড়ছে বর্ষা

বর্ষার পুরোটা সময় কাটে টিপটিপ অথবা ঝুম বৃষ্টিতেছবি : দীপু মালাকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্যৈষ্ঠ মাস প্রায় শেষ, একই সঙ্গে দরজায় কড়া নাড়ছে বর্ষা। এমন সময় রৌদ্রের খরতাপের সঙ্গে যোগ হয়েছে হুটহাট বৃষ্টি, যা হঠাৎ অপ্রস্তুত করে দেয় আমাদের। একদিকে অস্বস্তিকর গরম, অন্যদিকে হঠাৎ বৃষ্টির এই আবহাওয়ায় রয়েছে স্বাস্থ্যঝুঁকিও। বর্ষার দিনগুলোও যেন আলাদা। কখনো সারা দিন ধরে টিপটিপ অথবা ঝুম বৃষ্টি। বর্ষার পুরোটা সময় প্রায় এভাবেই কাটে। কর্মব্যস্ত জীবনযাপনে বর্ষার এই টানা বৃষ্টি একদমই স্বস্তির নয়। কারণ, এ সময় যোগ হয় কিছু রোগবালাইও। ইনফেকশন, ডেঙ্গু, ডায়রিয়া ইত্যাদির ঝুঁকি থাকে বর্ষাকালে। সবকিছু মিলিয়ে বর্ষা আসার আগেই কিছুটা প্রস্তুতি নিয়ে নিলে ঝুঁকি ও ঝামেলা, দুই-ই কম পোহাতে হবে। এ জন্য মেনে চলতে হবে কিছু নিয়মকানুন।

বাড়ির চারপাশ পরিষ্কার রাখতে হবে

ছবি: পেকজেলসডটকম

জমে থাকা পানিতে মশার বিস্তার বাড়ে, যা থেকে ডেঙ্গু বা অন্যান্য ভাইরাসজনিত জ্বর ছড়ায়। বর্ষায় যেহেতু অনেক বৃষ্টি হয়, তাই বাড়ির চারপাশে পানি জমে থাকার সম্ভাবনাও বাড়ে। আর তাই বাড়ির চারপাশ পরিষ্কার রাখতে হবে। কোথাও যেন বৃষ্টির পানি জমে না থাকে। এর সঙ্গে এখন করোনার কঠিন পরিস্থিতি পার করছে সবাই। একদমই জ্বর বা ঠান্ডাজনিত কোনো অসুখ বাধানো যাবে না। তাতে করোনার ঝুঁকিও বেড়ে যায়।

সঙ্গে রাখুন ছাতা ও রেইনকোট

নীল নবঘনে আষাঢ়গগনে তিল ঠাঁই আর নাহি রে।
ওগো, আজ তোরা যাস নে ঘরের বাহিরে।
কবি তাঁর কবিতায় মেঘলা দিনে বাইরে যেতে বারণ করলেন ঠিকই; কিন্তু কাজের ব্যস্ততায় সেই সুযোগ কোথায়। টানা বর্ষায় দৈনন্দিন কাজের ব্যাঘাত ঘটায়। তাই বলে তো সারা দিন বাসায় বসে থাকা যাবে না। ঘর থেকে বের হওয়ার সময় অবশ্যই সঙ্গে রাখুন ছাতা ও রেইনকোট। বাসার অন্য সদস্যদের জন্যও কিনে রাখুন ছাতা। পুরোনো ছাতা থাকলে পুরোদমে বর্ষা আসার আগেই তা মেরামত করে নিন।

ছবি: পেকজেলসডটকম

বাদ দিন ভাজাপোড়া

বৃষ্টির দিনে একটু ভাজাপোড়া খেতে নাকি সবারই ভালো লাগে। তাই বলে প্রতিদিন ইচ্ছামতো ভাজাপোড়া খেতে থাকলে কিন্তু বিপদ। বর্ষা ঋতুতে বদহজমের সমস্যা দেখা দেয়। তাই খাবারের তালিকায় নজর রাখতে হবে। ভাজাপোড়া, অতিরিক্ত তৈলাক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকুন। যেহেতু করোনা ও সিজনাল অসুখের ঝুঁকি থাকছে, তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন সি-জাতীয় খাবার বেশি খান। শাকসবজি ভালো করে ধুয়ে রান্না করে খান। সুষম খাবার খাওয়ার চেষ্টা করুন।

পর্যাপ্ত পানি পান করুন

বর্ষায় একটু শীত শীত অনুভব হওয়াতে অনেকেরই কম পানি পান করা হয়। কম পানি খেলে ডিহাইড্রেশনের সমস্যা দেখা দেয়, তেমনি বেশি খেলেও সমস্যা হয়। তাই সঠিক পরিমাণে পানি পান করুন। পানি শরীরের অনেক ক্ষতিকর উপাদান বের করে দেয়। রাস্তার ধারের ফলের রস, শরবত, লাচ্ছি ইত্যাদি এড়িয়ে চলুন।

ছবি: পেকজেলসডটকম

গরম পানীয় পানের অভ্যাস করুন

পানি আমরা সবাই কমবেশি পান করি। এ ক্ষেত্রে গরম পানি পান করার অভ্যাস গড়ে তোলা হলে বেশ ভালো হয়। স্বাস্থ্যকর গরম পানি শরীর উষ্ণ রাখার পাশাপাশি বিভিন্ন জীবাণুর ইনফেকশন থেকে সুরক্ষা দিতে সাহায্য করবে। এ ছাড়া গরম পানি পান করলে হজমক্ষমতার উন্নতি ঘটে। ফলে, শরীরে অতিরিক্ত চর্বি জমার সুযোগই থাকে না। শুধু তা-ই নয়, গরম পানি অ্যাডিপোস টিস্যু বা ফ্যাট ভেঙে ফেলেও ওজন হ্রাসে সাহায্য করে। তবে এই গরম পানি অবশ্য ঈষদুষ্ণ।

নিয়মিত শরীরচর্চা করুন

ছবি: পেকজেলসডটকম

বর্ষায় হয়ে ওঠা কবিমনে কিছু আলসেমি চলে আসতে পারে। সব আলসেমি ঝেড়ে ফেলে নিয়মিত শরীরচর্চা করুন। নিয়মিত শরীরচর্চায় রক্তসঞ্চালন ভালো হয় এবং শরীর ফিট থাকে। শরীরে নানা ব্যথা কমাতে যোগব্যায়াম করুন। জিমে যেতে না পারলে বাসায় থেকেই শরীরচর্চা সম্ভব। আজকাল ইউটিউব বা সোশ্যাল সাইটে সঠিক নিয়মে শরীরচর্চার টিউটোরিয়াল খুব সহজেই পাওয়া যায়।