দাঁত ভালো যার, সব ভালো তার
২০ মার্চ ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে। ২০১৩ সাল থেকে প্রতিবছর বিশ্বের প্রায় সব দেশে দিবসটি উদ্যাপন করা হয়। উদ্দেশ্য—মুখগহ্বরের স্বাস্থ্যের গুরুত্ব এবং এ-সংক্রান্ত নানা রকমের রোগ প্রতিরোধে সবাইকে সচেতন করা। এ বছর ওয়ার্ল্ড ওরাল হেলথ ডের প্রতিপাদ্য ‘বি প্রাউড অব ইওর মাউথ’, অর্থাৎ ‘আপনার মুখের জন্য গর্বিত হোন।’ দিবসটি উপলক্ষে প্রথম আলোর বিশেষ আয়োজন সেনসোডাইন নিবেদিত ‘দাঁত ভালো যার, সব ভালো তার’। অনুষ্ঠানে মুখগহ্বরের স্বাস্থ্য সুরক্ষায় কী করা উচিত, তা নিয়ে পরামর্শ দিয়েছেন দেশের শীর্ষস্থানীয় চিকিৎসকেরা।
আমাদের দেশে দাঁত থাকতে দাঁতের মর্ম না বোঝা মানুষের সংখ্যা অনেক। এই একটি জায়গায় গুরুতর সমস্যা না হলে আমরা সহজে কেউ চিকিৎসকের শরণাপন্ন হই না। কিন্তু দাঁতের সমস্যার শুরুতেই আমাদের চিকিৎসকের কাছে যেতে হবে। কেন? এ নিয়ে আলোচনা করেছেন ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব অধ্যাপক হুমায়ুন কবীর বুলবুল। তিনি বলেন, ‘দাঁতের পরিচর্যা যদি আমরা সঠিকভাবে না করি, তাহলে মুখগহ্বরের সমস্যা হবে। যেমন সঠিক সময়ে বৈজ্ঞানিকভাবে ব্রাশ, ফ্লস, মাউথওয়াশ করা না হলে দাঁতে ক্যাভিটি হতে পারে। ক্যাভিটি হলে সঙ্গে সঙ্গে ফিলিং করা না হলে ইনফেকশন হবে। চিকিৎসায় সেই ইনফেকশন ভালো হবে, নয়তো সিস্ট, টিউমার, অ্যাবসিসের মতো নানা রকমের সমস্যা হতে পারে। এগুলো খুব সহজে প্রতিরোধ করা যায়।
সকালে নাশতার পর ও রাতে ঘুমাতে যাওয়ার আগে—এই দুই বেলা দাঁত মাজতে হবে দুই থেকে তিন মিনিট ধরে। ওপরের মাড়ির ওপর থেকে নিচের দিকে, নিচের মাড়ির নিচ থেকে ওপরের দিকে। ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট ব্যবহার করতে হবে। কারণ, এতে অ্যান্টিক্যারিস ও অ্যান্টিহাইপারসেনসিটিভ ইনগ্রেডিয়েন্ট আছে। দুই দাঁতের মধ্যবর্তী স্থানে ফ্লস ও মাউথওয়াশ ব্যবহার করতে হবে। কারণ, এতে দুই দাঁতের সংযোগস্থলে যদি কোনো খাবার জমে তা বের হবে। এগুলো মেনে চললে দাঁতের কোনো রোগই হবে না।’ তিনি আরও বলেন, বাংলাদেশের চিকিৎসাব্যবস্থা বিশ্বের অন্য কোনো দেশের থেকে আলাদা কিছু নয়। এখানে আন্তর্জাতিক মানের ডেন্টিস্ট রয়েছেন, যাঁরা বিশ্বমানের চিকিৎসা দিয়ে থাকেন। আগে মার্কারি দিয়ে দাঁতে ফিলিং করানো হতো। এখন দাঁতের রঙের সঙ্গে মিলিয়ে শক্তিশালী লেজার দিয়ে ফিলিং করা হয়। এখানে এন্ডো মোটর রুট ক্যানেলের ব্যবস্থা আছে। মিসিং দাঁতের জন্য ব্রিজ, রিপ্লেসমেন্ট, ইমপ্ল্যান্ট হচ্ছে। আঁকাবাঁকা, উঁচু-নিচু, ফাঁকা দাঁতের অর্থোডেন্টিক ট্রিটমেন্ট হচ্ছে। ঢাকা ডেন্টাল কলেজ ছাড়াও দেশের বড় হাসপাতালগুলোর ডেন্টাল বিভাগে দাঁতের টিউমার, সিস্ট, ক্যানসারের চিকিৎসা করা হয়ে থাকে। এখন আর দাঁতের চিকিৎসার জন্য কাউকে বিদেশে যেতে হয় না। বরং প্রবাসী বাঙালিরা দেশে এসে উন্নত চিকিৎসা নিয়ে যাচ্ছেন।
শরীরের অন্যান্য অঙ্গের মতো মুখের ভেতর টিউমার হতে পারে। এ নিয়ে বিস্তারিত আলোচনা করেন ওরাল ও মেক্সিলোফেসিয়াল সার্জন ও ডেন্টাল ইমপ্ল্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরী। তিনি বলেন, ‘ওরাল টিউমার দুই রকমের। একটি ক্যানসার, অন্যটি নন–ক্যানসার। আমাদের দেশে ক্যানসার–জাতীয় ওরাল টিউমার হওয়ার প্রধান কারণ হলো পান-সুপারি, জর্দা, খয়ের, গুল, অ্যালকোহল সেবন করা। এ ছাড়া হিউম্যান প্যাপিলোমা নামের একটি ভাইরাস ক্যানসারের জন্য দায়ী। মুখের ভেতর হাড়ে ছোটবেলা থেকে কোনো অস্বাভাবিকতা থাকলে মুখে টিউমার হতে পারে। যাঁরা সারাক্ষণ বিড়ি-সিগারেট, গুল, পান-সুপারি খান, তাঁরা প্রচণ্ড ঝুঁকিতে রয়েছেন। আবার যাঁদের ইনফেকটেড দাঁত রয়েছে, তাঁদের সেখান থেকে ক্যানসার হতে পারে। যাঁদের খাদ্যে পুষ্টির অভাব আছে, তাঁদেরও এ রোগ হতে পারে।’
টিউমারের সবচেয়ে বড় দুটি লক্ষণ হলো মুখে আলসার বা ঘা তৈরি হওয়া, কোথাও ফুলে যাওয়া বা লাম্প সৃষ্টি হওয়া। এ সমস্যা নির্ণয়ের সব রকমের ব্যবস্থা আছে বাংলাদেশে। প্রথমে চিকিৎসকেরা প্রাথমিক পর্যবেক্ষণের পর সিটি স্ক্যান, এমআরআই, সিবিসিটি এক্স-রে করা হয়। একদম শেষ পর্যায়ে রোগীকে বায়োপসি করতে হয়। বায়োপসির কিছু ধরন আছে, যেমন এফএনসি, ট্রুকাট, ইনসিশনাল। এ দেশে এ ধরনের জটিল ও উন্নতমানের ডায়াগনোসিস প্রসেস বেশ সহজলভ্য।
বাংলাদেশে সব ক্যানসারের ভেতর ওরাল ক্যানসারের পরিমাণ ২০ শতাংশের বেশি। আবার ৮৫ শতাংশ ক্ষেত্রে নন–ক্যানসারাস অ্যামেলোব্লাস্টোমা টিউমার দেখা দেয়। এর ভেতর ৯৫ শতাংশ রোগীর পান-সুপারি, জর্দা, সিগারেট, গুল সেবনের ইতিহাস পাওয়া যায়। তাই ক্যানসার প্রতিরোধে এসব থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন গোলাম মহিউদ্দিন চৌধুরী।
গর্ভবতী নারীরা দাঁত ও মুখের নানা সমস্যায় ভুগে থাকেন। গর্ভাবস্থায় দাঁত ও মুখের সমস্যার কারণ ও করণীয় নিয়ে কথা বলেন সাফেনা উইমেনস ডেন্টাল কলেজ ও হাসপাতালের পেরিওডন্টোলজি অ্যান্ড ওরাল প্যাথলজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক লায়লা আরজুমান্দ হাসিন। তিনি বলেন, ‘এ সময়ে শরীরে অনেক ধরনের পরিবর্তন দেখা যায়। গর্ভাবস্থায় একজন নারী জিঞ্জিভাইটিস বা মাড়ি প্রদাহে বেশি ভুগে থাকেন। এতে মাড়ি ফুলে যায়, লাল হয়ে যায়, এমনকি রক্তক্ষরণও হতে পারে। দ্বিতীয় মাস থেকে এ ধরনের সমস্যা দেখা দেয়। গর্ভাবস্থার সময়জুড়ে এটি হতে পারে, আবার গর্ভাবস্থা শেষে নিজে নিজে সেরে যেতে পারে। মাড়ি অনেক বেশি ফুলে গেলে তাকে প্রেগনেন্সি এপুলিস বলে। আবার এ সময়ে পেরিওডেন্টাল গ্রানুলোমাও হতে পারে। গর্ভাবস্থার প্রথম দিকে মায়েদের বমিভাব বেশি থাকে। এ জন্য দাঁতের ক্ষয়রোগ হতে পারে। আবার গর্ভবতী হওয়ার আগে থেকে মুখগহ্বরে কোনো সমস্যা থাকলে এ সমস্যাগুলো গুরুতর আকার ধারণের আশঙ্কা বেড়ে যায়।’
গর্ভবতী নারীদের চিকিৎসা বেশ সতর্কতার সঙ্গে করতে হয়। সাধারণ রোগীদের যেমন ডায়াগনোসিস বা মেডিসিন দেওয়া হয়, তাঁদের ক্ষেত্রে এর একটা সীমাবদ্ধতা থেকে যায়। কারণ, তখন মায়ের পাশাপাশি গর্ভে থাকা শিশুর কথাও ভাবতে হয়। একটি শিশু সুস্থ-সবলভাবে জন্মাবে কি না, তা নির্ভর করে মায়ের জীবনযাত্রা ও খাদ্যাভ্যাসের ওপর। তাই এ সময় শরীরের পাশাপাশি মুখের পরিচর্যার প্রতিও অনেক যত্নবান হতে হবে। এ জন্য প্রতিদিন দুই বেলা সঠিক নিয়মে দাঁত ব্রাশ ও ফ্লসিং করতে হবে। এমনকি জিহ্বাও পরিষ্কার করতে হবে। প্রতিটি খাবারের পর কুলকুচি করতে হবে।
চিকিৎসক লায়লা আরজুমান্দ হাসিন আরও বলেন, ‘আমাদের ভেতর একটি ভ্রান্ত ধারণা আছে, গর্ভাবস্থায় দাঁতের চিকিৎসা করলে মা ও শিশুর ক্ষতি হতে পারে। যদি মায়েদের মুখ বা দাঁতের কোনো সমস্যা দেখা দেয়, তাহলে অবশ্যই একজন ভালো ডেন্টিসের শরণাপন্ন হতে হবে। সাধারণত গর্ভাবস্থার প্রথম ও শেষ তিন মাস খুব বেশি দরকার না হলে আমরা চিকিৎসা এড়িয়ে চলি। দ্বিতীয় তিন মাস যেকোনো চিকিৎসার জন্য নিরাপদ। এ সময় কোনো মায়েদের প্রেগনেন্সি জিঞ্জিভাইটিস হলে সাধারণ স্কেলিং করতে পারি। খুব বেশি জরুরি না হলে সার্জিক্যাল চিকিৎসাগুলো এড়িয়ে চলাই ভালো।’
আমাদের দেশে ডায়াবেটিস রোগীদের মুখের সমস্যা খুব সাধারণ একটা বিষয়ে দাঁড়িয়ে গেছে। মুখের স্বাস্থ্যের সঙ্গে ডায়াবেটিসের সম্পর্ক নিয়ে আলোচনা করেন ঢাকা ডেন্টাল কলেজের অর্থোডন্টিকস বিভাগে বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মো. মোখলেসুর রহমান। তিনি বলেন, ‘ব্লাড সুগার লেভেল যখন অনেক বেড়ে যায়, তখনই ওরাল ক্যাভিটি ও ব্যাকটেরিয়াল ইনফেকশন বেড়ে যায়। এর ভেতর আছে জিঞ্জিভাইটিস। দীর্ঘ সময় ধরে এর চিকিৎসা করা না হলে সেখান থেকে পেরিওডন্টাইটিস হতে পারে। এটি আরও গুরুতর হলে পেরিওডন্টাল পকেট হয়, অ্যালভিওলার বোনের ক্ষয় হয়। এর কোনো চিকিৎসা করা না হলে দেখা যায়, দাঁত আপনা–আপনি পড়ে যায়। শরীরে ব্লাড সুগারের পরিমাণ বেড়ে গেলে কিছু অটো ইমিউন ডিজিজ দেখা দেয়, যেমন লাইকেন প্লানাস, বারনিং সিমটম্প। এতে দাঁতে ব্যথা হয়, কিন্তু এর কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। এ ছাড়া আলসার, ডেন্টাল ক্যারিস হতে পারে।’
যখনই সমস্যাগুলো দেখা দেবে, তখনই যেভাবে হোক ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে আনতে হবে। এরপরই দাঁতের সমস্যার চিকিৎসা করতে হবে এবং তিন থেকে চার মাস একজন ভালো ডেন্টিসের তত্ত্বাবধানে নিয়মিত চেকআপের ভেতর থাকতে হবে। কারণ, ডায়াবেটিস রোগীদের দাঁতের সমস্যার লক্ষণ কম প্রকাশ পায়, কিন্তু ক্ষতি অনেক বেশি হয়।
ডায়াবেটিস রোগীর সার্জিক্যাল চিকিৎসা এক্সট্রাকশন, স্কেলিং—এসব করার আগে ব্লাড সুগার নিয়ন্ত্রণের পাশাপাশি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক কভারেজ দিতে হবে।
আমাদের মুখগহ্বরের খুব সাধারণ একটি সমস্যা হচ্ছে আলসার। এটি সবারই হয়, সেরেও যায়। কিন্তু কখনো কখনো এটি খুব গুরুতর আকার ধারণ করতে পারে। এমনকি সঠিক চিকিৎসার অভাবে মুখের আলসার ক্যানসারে পরিণত হতে পারে। এটি প্রতিকার ও প্রতিরোধ নিয়ে পরামর্শ দিয়েছেন পাইওনিয়ার ডেন্টাল কলেজ ও হাসপাতালের ফাউন্ডার ও চেয়ারম্যান গভর্নিং এবং বাংলাদেশ ফেডারেশন অব ডেন্টাল সায়েন্সের আহ্বায়ক মো. রাকীবুল হোসেন রুমি। তিনি বলেন, ‘মুখের ভেতর যে ঝিল্লি ও আবরণ থাকে, সেটি খুবই পাতলা ও সংবেদনশীল। সহসাই ক্ষত হতে পারে। মুখের কোথাও গর্ত হয়ে গেলে বা কোনো অংশ ফুলে গেলে আমরা তাকে আলসার বলি। ওরাল হাইজিন যারা মেইনটেইন (পরিষ্কার) করতে পারে না, বিশেষ করে বাচ্চা ও বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা এবং যারা এটি নিয়ে সচেতন নয়, তাদের মুখে এমন সমস্যা বেশি দেখা দেয়।
এ ছাড়া অনিয়ন্ত্রিত ডায়াবেটিস রোগী, স্টেরয়েড ওষুধ গ্রহণ করছে, এমন রোগী বা যাদের ডেন্টাল ক্যারিস আছে, তাদের মুখে আলসার হতে পারে। ভাইরাসের জন্যও এটি হতে পারে। আবার যাদের শরীর ইমিউন কম্প্রোমাইজ, অর্থাৎ শ্বেত রক্তকণিকা যতটুকু থাকার দরকার, তার চেয়ে যদি কম থাকে, তাহলে তাদের মুখে আলসার হওয়ার আশঙ্কা বাড়ে।’
আলসারের কারণ নির্ণয় করে এর চিকিৎসা করতে হয়। এতে ব্যথা হলে ব্যথার ওষুধ যেমন আছে, তেমন ক্ষত সারানোর জন্য জেল টাইপ টপিক্যাল ওষুধ দেওয়া হয়। এমনকি এখানে চিকিৎসার জন্য টপিক্যাল ও মুখে খাওয়ার স্টেরয়েডেরও প্রয়োজন হতে পারে।
প্রতিরোধ নিয়ে চিকিৎসক মো. রাকীবুল হোসেন বলেন, ‘মুখের আলসার যাতে না হয়, সে জন্য ওরাল হাইজিন মেইনটেইন করতে হবে। নিয়মিত দুই বেলা ব্রাশ, ফ্লসিং করতে হবে। যে রোগীদের মুখে আগে থেকে নানা রকম সমস্যা, যেমন ডেন্টাল ক্যারিস, জিঞ্জিভাইটিস রয়েছে, তাদের সেগুলোর চিকিৎসা করতে হবে। পাশাপাশি ভিটামিন–জাতীয় খাবার খেতে হবে, প্রচুর পরিমাণ পানি পান করতে হবে।’