দীর্ঘ সময় ধরে ফেস ব্লাইন্ডনেসে আক্রান্ত পিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন মেনস ফ্যাশন ম্যাগাজিন ‘জিকিউ’–এর একটি সাক্ষাৎকার সম্প্রতি সাড়া ফেলেছে। সাক্ষাৎকার দিয়েছেন হলিউড তারকা ব্র্যড পিট। সেখানে ৫৮ বছর বয়সী অস্কারজয়ী এই অভিনেতা অল্প কথায় প্রকাশ করেছেন অনেক কথা। আরেক হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে ছাড়াছাড়ির পর থেকে অনেকটা আড়ালে-আবডালেই জীবন কাটাচ্ছিলেন। ক্যামেরার সামনে দেখা দিয়েছেন কদাচিৎ। কয়েক বছর ধরেই নাকি ব্র্যাড পিটের মন আর মস্তিষ্কে বিষণ্নতা আসা-যাওয়া করছে। সাক্ষাৎকারে বেরিয়ে পড়েছে জমে থাকা দীর্ঘশ্বাস।

রেট্রো মুডে ফটোশুট করেছে জিকিউ
ছবি: ইনস্টাগ্রাম থেকে

‘ট্রয়’, ‘ওয়ানস আপন আ টাইম ইন হলিউড’ তারকা জানিয়েছেন, তিনি ফেস ব্লাইন্ডনেসে আক্রান্ত। কাকে বলে ফেস ব্লাইন্ডনেস? সেই উত্তরও দিয়েছেন হলিউডের বড় পর্দায় তিন দশকের বেশি সময় মাতানো এই অভিনেতা। বলেছেন, অধিকাংশ সময় তিনি মানুষকে দেখে চিনতে পারেন না। বিশেষ করে নতুন ও স্বল্প পরিচিত কারও মুখ মনে করতে পারেন না তিনি। এ সমস্যার জন্য তাঁকে হরহামেশাই লজ্জিত হতে হয়। অথচ কেউ নাকি তাঁর অসুখটার কথা বিশ্বাসই করেন না। এ কারণে পার্টিতে গিয়ে হরহামেশাই লজ্জায় পড়তে হয়। তাই পার্টিতে যাওয়া বা ‘সোশ্যাল গ্যাদারিং’ একেবারেই কমিয়ে এনেছেন পিট। নিজের মতো করে থাকেন। খুব অল্প কয়েকজন বিশ্বস্ত, কাছের মানুষের সঙ্গে ভাগ করে নেন নিজের মনের কথা।

হলিউড অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিও, পরিচালক কুয়েন্টিন ট্যারান্টিনো ও সর্ব ডানে ব্র্যাড পিট
ছবি: ইনস্টাগ্রাম থেকে

পরিচিত মানুষদেরও চিনতে না পারার কারণে অনেকেই তাঁকে উদ্ধত, অহংকারী আর আত্মকেন্দ্রিক ভাবেন। সেই সময় পিটকে কেবল একটা বোধই আঁকড়ে ধরে, তা হলো অসহায়ত্ব। পিট যদিও এর জন্য চিকিৎসা করাননি। তবে তাঁর ধারণা, এ সমস্যার মূলে রয়েছে প্রোসোপ্যাগনোশিয়া নামক একটি রোগ। প্রোসোপ্যাগনোশিয়া রোগে পরিচিত মানুষের মুখ চেনার ক্ষমতা হারিয়ে ফেলেন রোগী। রোগ বেড়ে গেলে আত্মীয়-পরিজনদেরও চেনা অসুবিধাজনক হয়ে এঠে। এমনকি অনেক রোগী আয়নায় নিজের মুখ দেখেও চিনতে পারেন না।

পিট শিগগিরই হলিউডকে বলবেন বিদায়
ছবি: ইনস্টাগ্রাম থেকে

কেন হয় প্রোসোপ্যাগনোশিয়া

মূলত দুটি কারণে এই রোগ হতে পারে। প্রথমত, জিনগত। পরিবারে এ রোগে আক্রান্ত হওয়ার ইতিহাস থাকলে এ সমস্যা দেখা দিতে পারে। আবার অনেক সময় স্ট্রোক, ট্রমা ও মস্তিষ্কে আঘাত লাগার ফলেও দেখা দিতে পারে এ রোগ।

২০১৩ সালে পিট একবার এক সাক্ষাৎকারে এ রোগের ইঙ্গিত দিয়েছিলেন। বলেছিলেন, ‘অনেকেই আমাকে পছন্দ করেন না। কেননা তাঁরা মনে করেন, আমি ইচ্ছা করে তাঁদের অগ্রাহ্য করছি। যথেষ্ট সম্মান দিচ্ছি না।’

সহ–অভিনেতার অস্কারজয়ী ব্র্যাড পিট
ছবি: ইনস্টাগ্রাম থেকে

এ তো গেল রোগের কথা। পিট–ভক্তদের জন্য রয়েছে আরও বড় দুঃসংবাদ। শিগগিরই হলিউডকে বিদায় বলবেন পিট। সেই প্রস্তুতিও নাকি চলছে। বললেন, ‘ব্যক্তিগত জীবনে আমি খুবই অন্তর্মুখী। কথা কম বলি। আমি মূলত শিল্পের ভাষায় যোগাযোগ করি। তাই শৈল্পিক, সৃজনশীল কাজ করে যাওয়ার মানে আমার কাছে বেঁচে থাকা। তবে মনে হচ্ছে, আমি আমার অভিনয় ক্যারিয়ারের শেষ পর্যায়ে আছি। শেষ সেমিস্টার চলছে।’

ক্যারিয়ারের শেষ সেমিস্টার চলছে পিটের
ছবি: ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
আরও পড়ুন