দুধদাঁতের যত্নও জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেকে মনে করেন শিশুদের দুধদাঁত তো পড়েই যাবে, বড় হলে নতুন দাঁত গজাবে, তাই এর যত্নের প্রয়োজন নেই। কিন্তু গবেষণা বলছে, দুধদাঁতেরও যত্ন নিতে হবে। কেন? নিচের কারণগুলো পড়লেই পরিষ্কার হবে—

  • শিশুর যথাযথ পুষ্টি নিশ্চিত করতে প্রয়োজন সুস্থ দাঁত। শিশুর সুস্থ–সবল দাঁত খাদ্যকে উপযুক্ত চর্বনের মাধ্যমে হজম উপযোগী করে, খাবারের ইচ্ছা ও রুচিকে স্বাভাবিক রাখে, সঠিক পুষ্টি নিশ্চিত করে।

  • দুধদাঁতের স্বাস্থ্য খারাপ হলে পরে স্থায়ী দাঁতের ওপর প্রভাব পড়ে। কারণ দুধদাঁতের শিকড়ের নিচে স্থায়ী দাঁতের গঠন শুরু হয়। দুধদাঁতের সংক্রমণ স্থায়ী দাঁতকে ক্ষতি করতে পারে। আবার স্থায়ী দাঁত এলোমেলো বা উঁচুনিচু হওয়ার অন্যতম কারণও কিন্তু দুধদাঁত সঠিক সময়ে না পড়া।

দুধদাঁতেরও যত্ন নিতে হবে
ছবি: সংগৃহীত
  • স্পষ্ট উচ্চারণ, স্বাভাবিকভাবে কথা বলা, আবৃত্তি, গান গাওয়া এবং চোয়ালের গঠন ও মুখের আকৃতি ঠিক রাখতে দুধদাঁতের সুস্থতা জরুরি। স্থায়ী দাঁতকে সঠিক স্থানে আসার দিকনির্দেশনাও দেয় দুধদাঁত।

  • এ ছাড়া দীর্ঘমেয়াদি দাঁতের সংক্রমণ রক্ত সংবহনতন্ত্রে মিশে অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গ যেমন হৃদ্‌যন্ত্র, মস্তিষ্ক, হাড় ইত্যাদিকে আক্রান্ত করতে পারে। অন্যদিকে চোয়ালের হাড়ে সংক্রমণ ছড়িয়ে বড় ধরনের জটিলতা সৃষ্টির ঝুঁকিও থাকে।

জন্মের আগেই শিশুর দাঁতের যত্ন

গর্ভকালীন প্রথম ছয় সপ্তাহ শিশুর দাঁত ও হাড় গঠনে গুরুত্বপূর্ণ সময়। পর্যাপ্ত পুষ্টিকর খাবারের পাশাপাশি মায়েদের এ সময় ক্যালসিয়ামযুক্ত খাবার খাওয়া দরকার। নয়তো গর্ভস্থ শিশুর দাঁতের গঠন দুর্বল হয়। গর্ভকালীন সময় চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন করা যাবে না, অনেক ওষুধ গর্ভস্থ শিশুর দাঁতের জন্য ক্ষতিকর বা বিপজ্জনক হয়ে উঠতে পারে। গর্ভকালীন মাড়ির রোগ বা দাঁতের ব্যথা পুষে রাখলে গর্ভের শিশুর ওপর বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে।

শিশুদের নিজে নিজে দাঁত ব্রাশ করা শেখাতে হবে
ছবি: প্র স্বাস্থ্য

দাঁত ওঠার আগে

দাঁত ওঠেনি এমন নবজাতক শিশুদেরও মুখ ও মাড়ির যত্ন দরকার। সঠিক পরিচর্যার অভাবে নবজাতকের জিব, মাড়ি বা চোয়ালের অংশে ছত্রাক সংক্রমণ হতে দেখা যায়, মুখের ভেতর সাদা দইয়ের মতো প্রলেপ পড়ে। ব্যথা ও অস্বস্তির কথা মুখে প্রকাশ করতে না পেরে শিশুরা খাবার খেতে অনীহা প্রকাশ করে, কাঁদে।

সব সময় মুখ পরিষ্কার রাখা, প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে ছত্রাকনাশক ওষুধে ভালো ফল পাওয়া যায়। দাঁত ওঠার আগে অনেক শিশু ‘টিথিং’ নামের সাত-আট দিনের জটিলতায় ভোগে। এ সময় তাদের মাড়িতে ব্যথা করে, ঘুমের ব্যাঘাত, মাড়ির ফোলাভাব বা প্রদাহ, লালা ঝরা, ক্ষুধা কমে যাওয়া, মুখের চারপাশে ফুসকুড়ি, হালকা তাপমাত্রা, ডায়রিয়া, কামড় খেয়ে চিৎকার করা বা মাড়ি ঘষার সমস্যা দেখা যায়। এ সমস্যা সমাধানে মাড়ি ম্যাসেজ করে দিতে হবে। ঠান্ডা ফল বা শক্ত খাবার চিবানোর সময় সতর্ক থাকতে হবে। লক্ষ রাখতে হবে, যেন অপরিষ্কার কিছু মুখে না দেয়, না চিবায়। অতিরিক্ত আঙুল চোষা রোধে সচেতন থাকতে হবে।

কিছু শিশু দাঁত নিয়েই জন্মায়, এতে ভয়ের কিছু নেই
ছবি: সংগৃহীত

সাধারণভাবে ছয় মাসের দিকে নিচের সামনের দাঁত ওঠা শুরু করে। তবে ক্ষেত্রবিশেষে কিছু শিশু দাঁত নিয়েই জন্মায়, এতে ভয়ের কিছু নেই। চিকিৎসকের পরামর্শে সেটা ফেলে দিতে হয়।

শিশুর জন্য মায়ের বুকে দুধের কোনো বিকল্প নেই। ফিডার শিশুর দাঁত ও মুখের ক্ষতি করে। চুষনিজাতীয় জিনিস পরিহার করাই ভালো।

শিশুদের দাঁত ওঠার আগে টুথপেস্টের পরিবর্তে পরিষ্কার সুতি কাপড় গরম পানিতে ভিজিয়ে আঙুলে পেঁচিয়ে মাড়ি ও জিব নিয়মিত সকালে ও রাতে খাবার পর ভালোমতো মুছে দিতে হবে।

দাঁত ওঠার পর

দাঁত ওঠার পর থেকে শিশুদের নিজে নিজে দাঁত ব্রাশ করা শেখাতে হবে। শিশুদের চকলেট, আইসক্রিম ও মিষ্টি খাবারের প্রতি দুর্বলতা থাকে। কিন্তু এ ধরনের খাবারে অভ্যস্ত হলে দুধদাঁতে ক্ষয়রোগ (ক্যারিজ) হওয়া খুবই স্বাভাবিক। নার্সিং বটল ক্যারিজ থেকে দাঁতের গোড়া এমনকি মুখ পর্যন্ত ফুলে যায়।

খেয়ে ফেলার আশঙ্কা থাকলে টুথপেস্ট না দিয়ে নরম বেবি টুথব্রাশ পানিতে ভিজিয়ে শিশুদের দাঁত পরিষ্কার করে দিতে হবে।

শিশুরা অনুকরণপ্রিয়। তাই অভিভাবকদের উচিত তাদের সামনেই সঠিক নিয়মে দাঁত ব্রাশ করা।

তাজা ফলমূলের জুস, শাকসবজিসহ সুষম খাবার খাওয়ানোর অভ্যাস গড়ে তুলতে হবে। ক্ষতিকর ফার্স্ট ফুড, চিপস, কোমলপানীয়, কৃত্রিম জুস, ক্যানডি ইত্যাদি চিনিজাতীয় খাদ্য থেকে বিরত রাখার চেষ্টা করতে হবে। দীর্ঘ সময় আঙুল চোষার অভ্যাস বন্ধ করতে হবে।