দ্বিতীয় ঢেউয়ে বড় বিপর্যয়ের শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনা ঢেউ আবার ঊর্ধ্বমুখী। ভ্যাকসিন এখনো হাতের নাগালের বাইরে। সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানা নিয়ে রয়েছে উদাসীনতা। কঠোরভাবে মানতে হবে বিধিনিষেধ, এই মুহূর্ত থেকেই। তা না হলে দ্বিতীয় ঢেউয়ে আরও ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা রয়েছে।

করোনায় রোগীদের নানা ধরনের স্বাস্থ্য জটিলতা ও এর প্রতিকার নিয়ে প্রথম আলো আয়োজন করে এসকেএফ নিবেদিত স্বাস্থ্যবিষয়ক বিশেষ অনুষ্ঠান ‘হৃদয়ের সুরক্ষা’। অনুষ্ঠানটির চতুর্থ পর্বে ডা. বিলকিস ফাতেমার সঞ্চালনায় অতিথি ছিলেন ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালের মেডিসিন, ক্লিনিক্যাল ও ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগের কনসালট্যান্ট ডা. নূর মোহাম্মদ।

অনুষ্ঠানটি ১৪ ডিসেম্বর প্রথম আলোর ও এসকেএফের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হয়।

অনুষ্ঠানের শুরুতে কনসালট্যান্ট ডা. নূর মোহাম্মদ বলেন, করোনা মূলত মানুষের নাক ও মুখ দিয়ে শরীরে প্রবেশ করে এবং রক্তের মাধ্যমে শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। করোনাভাইরাস রক্তনালিগুলোর পথে ক্ষত তৈরি করে, যার ফলে রক্ত জমাট বাঁধতে পারে। এর ফলে শ্বাসকষ্ট দেখা যায়। রোগী মৃত্যুর মুখে পতিত হতে পারেন।

ডা. নূর মোহাম্মদ, এমবিবিএস, ডি.কার্ড, এমসিপিএস, এমডি, কনসালট্যান্ট মেডিসিন ক্লিনিক্যাল এবং ইন্টারভেনশনাল কার্ডিওলজি, ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতাল

বর্তমান সময়ে করোনা পরিস্থিতি ও লক্ষণ নিয়ে তিনি জানান, ‘গত কয়েক মাসের তুলনায় এখন রোগীদের লক্ষণগুলো তীব্র হয়েছে এবং দিন যত যাচ্ছে, এগুলো তীব্রতর হচ্ছে। যেমন আগে রোগীদের উপসর্গগুলো ছিল হালকা। কিছুটা জ্বর, সর্দি, গলাব্যথা, স্বাদ-গন্ধ না পাওয়া। পাশাপাশি আশঙ্কাজনক রোগীর সংখ্যাও বাড়ছে। এ জন্য আমাদের উদাসীনতা বেশি দায়ী। কোনো কারণে সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি মানতে নারাজ। করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহারের বিকল্প নেই। কিন্তু আমরা পরছি না। রাষ্ট্রকেও এ বিষয়ে আরও কঠোর হতে হবে। অপ্রয়োজনে ঘরের বাইরে যাওয়া থেকে মানুষকে বুঝতে হবে। তা না হলে আমরা মারাত্মক ঝুঁকির মুখে পড়ে যেতে পারি।’

করোনাকালীন সতর্কতা নিয়ে কনসালট্যান্ট ডা. নূর মোহাম্মদ বলেন, করোনা রোগী থেকে কমপক্ষে তিন ফুট দূরত্ব বজায় রাখতে হবে। তাই বাড়িতে করোনা রোগী থাকলেও শঙ্কিত হওয়ার কিছু নেই। এ ক্ষেত্রে দায়িত্ব হলো রোগীর সঙ্গে মানবিক আচরণ করতে হবে। এর প্রতিরোধে সচেতন হওয়াই এখন পর্যন্ত কার্যকর উপায়। এ জন্য ঘন ঘন সাবান ও পানি দিয়ে ভালো করে হাত ধুতে হবে; অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে; ইতিমধ্যেই আক্রান্ত হয়েছেন, এমন ব্যক্তিদের সংস্পর্শ এড়িয়ে চলতে হবে; হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলতে হবে; অসুস্থ পশুপাখির সংস্পর্শ এড়িয়ে চলতে হবে; মাছ-মাংস ভালোভাবে রান্না করে খেতে হবে।

ডা. বিলকিস ফাতেমার, সঞ্চালক

এ ছাড়া যতটা সম্ভব ঘরে থাকতে হবে, প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যাওয়া ও জনসমাগম এড়িয়ে চলতে হবে। মনে রাখতে হবে, একজন করোনায় আক্রান্ত হলে বাসার সবাই আক্রান্ত হবেনই। তবে কারও কারও ক্ষেত্রে করোনা জটিল আকার ধারণ করে, আবার কারও অল্পতেই ভালো হয়ে যায়। আক্রান্ত ব্যক্তি কমপক্ষে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকবেন। উপসর্গ কমে এলে পরীক্ষা করে নিশ্চিত হতে হবে।

কনসালট্যান্ট ডা. নূর মোহাম্মদ আরও বলেন, করোনা থেকে সবারই সতর্ক থাকতে হবে। কারণ, কখন কার ক্ষেত্রে এটি জটিল আকার ধারণ করবে, বলা মুশকিল। তবে যাদের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস; যাদের রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি রয়েছে; বৃদ্ধ, ক্যানসারে আক্রান্ত রোগী; যাদের অতিরিক্ত ওজন; তাদেরই কোভিডে মৃত্যুর ঝুঁকি অনেক বেশি। আক্রান্তের শুরু থেকেই ডাক্তারের পরামর্শ নিতে হবে। অনেকের আবার এ বিষয়েও উদাসীনতা দেখা যায়। ভাবে, করোনায় জ্বর বা ঠান্ডা লেগেছে, ভালো হয়ে যাবে।

যাঁদের তেমন কোনো জটিলতা দেখা যায় না, তাঁরা বাসা থেকেই চিকিৎসা নেবেন তবে ডাক্তারের পরামর্শে। আর যাঁদের অক্সিজেনের প্রয়োজন, তাঁদের হাসপাতালে ভর্তি হওয়াই ভালো। কারণ, এর সঙ্গে আরও কোনো জটিলতা বাড়তে পারে। রক্ত জমাট বাঁধা দূর করতে আগে ওয়ারফিনিন নামক একটি ওষুধ ব্যবহার করা হতো। কিন্তু করোনা রোগীর ক্ষেত্রে এখন এটি ব্যবহার না করতেই বলা হচ্ছে। কারণ, এটি ব্যবহারে রোগীকে অনেক বেশি মনিটর করতে হয়। এর বদলে আজকাল রিভারক্সাবান ওষুধটি বেশি ব্যবহার করা হচ্ছে। তবে ওষুধ সেবন করতে হবে ডাক্তারের পরামর্শে।

করোনায় যাঁদের শরীরে রক্ত জমাট বাঁধতে পারে, সেই রোগীদের নিয়ে কনসালট্যান্ট ডা. নূর মোহাম্মদ বলেন, ঝুঁকিপূর্ণ রোগীদের দ্রুত হাসপাতালে ভর্তি করতে হবে এবং ভর্তির পর তাঁদের বিভিন্ন রকমের পরীক্ষা-নিরীক্ষা দেওয়া হয়। যেমন শ্বাসকষ্ট পালমোনারি এম্বলিজমের দিকে যাচ্ছে কি না, পায়ে রক্ত জমাট বাঁধছে কি না। কিছু ব্লাড টেস্ট করা হয় শুধু রক্ত জমাট বাঁধার সম্ভাবনা নির্ণয়ের জন্য। রক্ত জমাট যদি হার্টে হয়, তবে হার্ট ফেইলিউর হতে পারে, ব্রেনে হলে স্ট্রোক হতে পারে, যদি কিডনিতে হয় তবে কিডনি ইনফেকশন হতে পারে। রক্ত জমাট বাঁধা প্রতিরোধ করতে দুই রকমের অ্যান্টি-ক্লগনেন্ট ওষুধ প্রয়োগ করা হয়। একটি মুখে খাওয়ার আর অন্যটি শিরা বা চামড়ার নিচে দিতে হয়। তবে কোনো ওষুধই চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করা যাবে না। রক্ত জমাট বাঁধা রোধে করোনা রোগীকে কিছুটা হাঁটাচলা করতে হবে। যেহেতু তাঁরা ঘরের বাইরে যেতে পারবেন না, তাই ঘরের ভেতর হাঁটতে হবে।