ধূমপান ছাড়ার ভালো সময় কোনটি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

যাঁরা ধূমপান বা বিভিন্ন ধরনের তামাক পাতা বা জর্দা খান, তাঁদের মধ্যে অনেকে এগুলোর ক্ষতিকর বিভিন্ন দিক সম্পর্কে জানেন। তাঁদের মধ্যে অনেকে ধূমপান ছেড়ে দিতে চান কিন্তু পারেন না। যাঁরা ধূমপান বা জর্দা চিরতরে ছেড়ে দিতে চান, রোজার মাস তাঁদের জন্য উপযুক্ত সময়। কেননা এ মাসে রোজাদারকে ১৫-১৬ ঘণ্টা এগুলো গ্রহণ না করেই থাকতে হয়। এটা তাঁর প্রবল ইচ্ছাশক্তির কারণে হয়। এই সময়ে ধূমপান ছাড়ার জন্য রয়েছে কয়েকটি পরামর্শ।
১. প্রথমে চিন্তা করুন, কেন আপনি ধূমপান ছাড়বেন। ধূমপানের সব ক্ষতিকর দিক সম্পর্কে ভালোভাবে জানুন এবং ছাড়ার পক্ষে শক্ত যুক্তি দাঁড় করান।
২. এবার নিজের মনকে ওই যুক্তিগুলোর আলোকে ধূমপান ছাড়ার জন্য প্রস্তুত করুন।
৩. পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী এক বিশেষ দিনে কাজটি সম্পন্ন করুন।

৪. ধূমপানের তীব্র ইচ্ছা হলে অন্য কাজে বা চিন্তায় নিজেকে ব্যস্ত রাখুন।

অন্যের সাহায্য নিতে পারেন

এ বিষয়ে পরিবারের সদস্য ও বন্ধুবান্ধবের কাছ থেকে কিছু সাহায্য নিন।

১. আপনজন কাউকে আপনার ধূমপান ত্যাগের দায়িত্ব বা কর্তৃত্ব নিতে দিন।

২. কারও সঙ্গে বাজি ধরুন যে আপনি কিছুদিনের মধ্যেই ধূমপান ছেড়ে দেবেন; যেমন এই রমজান মাসেরই একটি দিন।

৩. প্রয়োজনে একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্টের পরামর্শও নিতে পারেন।

একটা শুভ দিন ঠিক করুন

প্রস্তুতি সম্পন্ন হলে সিদ্ধান্ত নিন, কোন দিন থেকে এ কাজ শুরু করবেন। এমন একটি দিন ঠিক করুন, যেদিন আপনার কোনো মানসিক চাপ বা উত্তেজনা থাকবে না। এক দিন আগে ঘরের সব সিগারেটের প্যাকেট, ছাইদানি ও লাইটার কিংবা ম্যাচ বাক্স ছুড়ে ফেলে দিন।

বড় সুসংবাদ

ধূমপায়ীদের জন্য সবচেয়ে বড় সুসংবাদ হচ্ছে, ধূমপান ছাড়ার কয়েক ঘণ্টা পর থেকেই ধূমপানের সব ক্ষতিকর পদার্থ শরীর থেকে বের হয়ে যেতে থাকে। পাঁচ বছরের মধ্যে প্রায় সব ধরনের স্বাস্থ্যঝুঁকি থেকে তাঁরা মুক্ত হতে পারেন।

অধ্যাপক ডা. অরূপ রতন চৌধুরী