নবজাতক যখন খিঁচুনিতে আক্রান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবজাতক বা ছোট্ট শিশুদের নানা কারণে খিঁচুনি হতে পারে। তবে এটা বড়দের খিঁচুনির তুলনায় অন্য রকম। তাই নিবিড়ভাবে লক্ষ না করলে শিশুদের খিঁচুনি অনেক সময় বোঝা যায় না। শিশু কোনো একদিকে স্থির হয়ে তাকিয়ে থাকলে বা কোনো একটা হাত বা পা অবিরত নাড়তে থাকলে সেটাও খিঁচুনির লক্ষণ হতে পারে। স্বাভাবিক জন্ম-ওজনের শিশুদের মধ্যে প্রতি হাজারে প্রায় তিনজনের খিঁচুনি হতে পারে। তবে স্বল্প জন্ম-ওজনের (এক কেজির কম) নবজাতকের খিঁচুনির ঝুঁকি বেশি। প্রতি হাজারে প্রায় ৬০টি শিশুর এমন সমস্যা দেখা যায়।

নবজাতকের খিঁচুনির কারণ

ভূমিষ্ঠ হওয়ার পর প্রথম মিনিটে কান্না না করা ও পরবর্তী সময়ে মস্তিষ্কের জটিলতা; মস্তিষ্কের ভেতরে রক্তক্ষরণ; রক্তে গ্লুকোজের মাত্রা হ্রাস; রক্তে ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, সোডিয়ামের মাত্রা কম; মস্তিষ্কে জীবাণু সংক্রমণ (যেমন ব্যাকটেরিয়া, টক্সো, হারপেস সিমপ্লেক্স, রুবেলা, সাইটোমেগালো সংক্রমণ); মস্তিষ্কের আকার-আকৃতির জন্মগত ত্রুটি-বিচ্যুতি ইত্যাদি।

নবজাতকের খিঁচুনির বৈশিষ্ট্য বড়দের মতো নয়। শিশুদের এই সমস্যার স্থায়িত্ব এত কম যে সেটা টের পেতে বেশ বেগ পেতে হয়। চোখের পাতার কাঁপুনি, ঠোঁট-মুখের অস্বাভাবিক সঞ্চালন, হাত ও পায়ের সাইকেল চালনার মতো নড়াচড়া, শ্বাসরোধ অবস্থা, ঠোঁট-জিবের নীল বর্ণ ধারণ—এ রকম উপসর্গ খিঁচুনির নির্দেশক হতে পারে।

খিঁচুনি হলে অবশ্যই গুরুত্ব দিতে হবে এবং পরীক্ষা-নিরীক্ষা করাতে হবে। রক্তে গ্লুকোজের মাত্রা, ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেশিয়াম, ইলেকট্রোলাইট, সিএসএফ, মাথার আলট্রাসনোগ্রাফি, ইইজি ও মাথার এমআরআই ইত্যাদি পরীক্ষার প্রয়োজন হতে পারে।

জন্মের পরপর খিঁচুনি হচ্ছে কি না বুঝতে এবং এ সমস্যা দেখা দিলে তাৎক্ষণিক চিকিৎসা কেবল তখনই সম্ভব, যদি শিশুর জন্ম হাসপাতালে হয়। পরবর্তী সময়ে বাড়ি নিয়ে যাওয়ার পরও এ ধরনের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। জন্মের পর জন্ডিস, সংক্রমণ বা জ্বর থেকে খিঁচুনি হতে পারে। ডায়াবেটিসে আক্রান্ত মায়েদের প্রসবের পর সন্তানের খিঁচুনি প্রতিরোধ করতে শিশুর জন্মের পরপরই রক্তে শর্করার পরিমাণ দেখতে হবে এবং যত দ্রুত সম্ভব মায়ের বুকের দুধ খাওয়ানোর ব্যবস্থা করতে হবে।

বিভাগীয় প্রধান, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল