নবজাতকের যেন সংক্রমণ না হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জন্মের পর প্রথম ২৮ দিন বয়স পর্যন্ত শিশুদের সংক্রমণ খুবই বিপজ্জনক। সংক্রমণের কারণে নবজাতকের মৃত্যুর হার অনেক। এমন শিশুরা যেকোনো সংক্রমণে আক্রান্ত, তা মায়েরা ঠিকমতো বুঝতে পারেন না বা টের পান না। তাই এ রকম ক্ষেত্রে চিকিৎসকের কাছে নেওয়ার আগেই শিশুর মৃত্যু হয়ে থাকে।

নবজাতক সংক্রমণে আক্রান্ত হলে কয়েকটি লক্ষণ দেখা যায়:

মায়ের দুধ আগে যেমন চুষে খেত, এখন তেমন ভালোভাবে পারে না, শিশু নিস্তেজ হয়ে থাকে, শিশুর জ্বর থাকে, হৃৎস্পন্দনের হার বেশি (মিনিটে ১৮০–এর বেশি) বা কম (মিনিটে ১০০-এর কম) থাকে। আবার কখনো রক্তচাপ কম থাকে, শ্বাস-প্রশ্বাসের হার মিনিটে ৫০ বারের বেশি অর্থাৎ ঘন ঘন শ্বাস ফেলে, পেট ফাঁপা থাকে, ত্বকে রক্তবিন্দুর চিহ্ন দেখা দেয়।

যেসব নবজাতক সংক্রমণের ঝুঁকিতে থাকে:

* প্রসব বেদনা থেকে প্রসবের আগ পর্যন্ত যেসব মা জ্বরে ভোগেন, তাঁদের সন্তানের সংক্রমণের ঝুঁকি বেশি থাকে। আবার প্রসবের ১৮ ঘণ্টা আগেই যেসব নারীর পানি ভেঙে যায়, যাঁরা অকালপ্রসব (৩৭ সপ্তাহ গর্ভকালের আগে) করেন, প্রসবের সাত দিনের মধ্যে প্রসবের সংক্রমণ বা ডায়রিয়ায় আক্রান্ত হন, তাঁদের সন্তানের সংক্রমণের ঝুঁকি থাকে। আর জন্মের সময় যেসব শিশুর ওজন কম থাকে, তারাও ঝুঁকিতে থাকে।

নবজাতককে সংক্রমণ থেকে বাঁচাতে নতুন বাবা-মাকে সাবধান হতে হবে। ছোট শিশু, বিশেষ করে অল্প ওজন নিয়ে বা অকালপ্রসূত শিশুকে ধরা বা খাওয়ানোর আগে সব সময় হাত ধুয়ে নিন, প্রয়োজনে জীবাণুনাশক ব্যবহার করুন। শিশুর জামাকাপড়, কাঁথা-বালিশ পরিচ্ছন্ন রাখুন। নবজাতকের ঘরে যথেষ্ট আলো–হাওয়ার বন্দোবস্ত থাকবে, পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন। জন্মের পরপর শিশুকে মায়ের দুধ খাওয়ানো শুরু করুন, এতে সংক্রমণবিরোধী উপাদান থাকে। কোনো অবস্থাতেই তোলা দুধ, বোতল, বাটি-চামচ ইত্যাদি বাইরের জিনিস ব্যবহার করবেন না। মায়ের দুধই সবচেয়ে নিরাপদ। বাইরে থেকে এসে পরিষ্কার জামাকাপড় পরে হাত ধুয়ে শিশুকে ধরবেন। অতিরিক্ত অতিথি এড়িয়ে চলুন। অতিরিক্ত লোক সমাগমও এড়িয়ে চলুন।
অধ্যাপক প্রণব কুমার চৌধুরী