নারীদের মধ্যে যে দুটি ক্যানসারে আক্রান্তের হার সবচেয়ে বেশি

একসময় ক্যানসারের অমোঘ পরিণতি ছিল মৃত্যু। তবে চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি নতুন আশার সঞ্চার করেছে। বর্তমানে ক্যানসারে আক্রান্ত হয়েও সঠিক চিকিৎসা নিয়ে দীর্ঘদিন স্বাভাবিক জীবন যাপন করা যায়। দেশের নারীরা সাধারণত বেশি আক্রান্ত হয়, এমন দুটি ক্যানসারের প্রতিরোধের কথা থাকল।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১. স্তন ক্যানসার

নারীদের মধ্যে স্তন ক্যানসারে আক্রান্তের হার সবচেয়ে বেশি। নগরায়ণ, খাদ্যাভ্যাস পরিবর্তন, জীবনযাত্রা নারীদের জীবনমানের ওপর প্রভাব ফেলছে। মেয়েদের দেরিতে বিয়ে, সন্তান না নেওয়া বা দেরিতে নেওয়ার (৩০–এর পর) প্রবণতা, শিশুকে দুধ পান না করানো, পরিবারে স্তন ক্যানসারের ইতিহাস, দীর্ঘদিন ইস্ট্রোজেনযুক্ত জন্মনিয়ন্ত্রণ বড়ি সেবন, এইচআরটি বা হরমোন থেরাপির মতো বিষয় স্তন ক্যানসারের ঝুঁকি বাড়ায়।

তবে আশার কথা হলো, স্তন ক্যানসার স্ক্রিনিং প্রোগ্রামের মাধ্যমে প্রতিরোধযোগ্য। অর্থাৎ একজন নারী সচেতন হলেই এ ক্যানসার থেকে মুক্ত থাকতে পারেন।

স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের আওতায় প্রতিটি নারীর নিজে নিজের স্তন পরীক্ষা করার কথা। কিন্তু প্রশিক্ষণ ছাড়া এটি সব শ্রেণির নারীর পক্ষে সফলভাবে করা সম্ভব না–ও হতে পারে। আবার টিউমার কিছুটা বড় হওয়ার পরই ধরা পড়ে। তাই স্তন ক্যানসার নির্ণয় করতে ম্যামোগ্রাম বা আলট্রাসাউন্ড স্ক্রিনিংয়ের বিকল্প নেই। এতে প্রাথমিক পর্যায়ে ক্যানসার শনাক্ত করা সম্ভব। আর এ পর্যায়ে শনাক্ত করা গেলে তা সম্পূর্ণ নিরাময় সম্ভব।

ক্যানসার জয় করেছেন, আবার আক্রান্ত হয়েছেন, দুরারোগ্য ব্যাধিকে আবারও হারিয়ে হাসি মুখে মডেলিং করে যাচ্ছেন ফওজিয়া আফরিন
ছবি: সুমন ইউসুফ

জেনে নিন

  • স্তন ক্যানসার প্রতিরোধে খাদ্যাভ্যাস পরিবর্তন করুন। ওজন নিয়ন্ত্রণে রাখুন। প্রচুর আঁশযুক্ত খাবার, তাজা শাকসবজি গ্রহণ করুন। পরিমিত ব্যায়াম করুন।

  • পারিবারিক ইতিহাসকে গুরুত্ব দিন। মা, খালা, নানি কারও স্তন ক্যানসারের ইতিহাস থাকলে বেশি সতর্ক হোন।

  • সঠিক সময়ে বিয়ে আর সন্তান জন্মদান, সন্তান জন্মের পর স্তন্যদান করানো জরুরি।

  • পিরিয়ড বা মাসিক শুরু হওয়ার ১০ থেকে ১৪ দিনের মধ্যে একদিন সময় নিয়ে নিজের স্তন নিজে ভালোভাবে পরীক্ষা করুন। স্তনে যেকোনো গোটা, চাকা, অস্বাভাবিকতা, ত্বকের বা নিপলের যেকোনো পরিবর্তন লক্ষ করলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের শরণাপন্ন হোন।

  • বছরে বা দুই বছরে অন্তত একবার চিকিৎসকের কাছে স্তন পরীক্ষা করান। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে ৪০-এর পর বছরে একবার স্তনের আলট্রাসনোগ্রাম বা ম্যামোগ্রাফি করুন।

স্তন ক্যানসার প্রতিরোধে বছরে বা দুই বছরে অন্তত একবার চিকিৎসকের কাছে পরীক্ষা করান
ছবি: সংগৃহীত

২. জরায়ুমুখের ক্যানসার

আমাদের দেশে নারীদের মধ্যে এই রোগীর সংখ্যা অনেক বেশি। কম বয়সে বিয়ে, অধিক সন্তান জন্মদান, পরিষ্কার–পরিচ্ছন্নতা বজায় না রাখা, বহুবিবাহ বা বহু সঙ্গী থাকা জরায়ুমুখ ক্যানসারের ঝুঁকি বাড়ায়। সচেতনতার মাধ্যমে এ ক্যানসার প্রতিরোধ করা সম্ভব। জরায়ুমুখ ক্যানসার স্ক্রিনিং পদ্ধতির মাধ্যমে আগে থেকেই শনাক্ত করা সম্ভব। আর এর মাধ্যমে এ ক্যানসারে মৃত্যুহার অনেক কমিয়ে আনা যায়।

জেনে নিন

  • ১৮ বছরের আগে বিয়ে নয়। ২০ বছরের আগে গর্ভধারণও নয়। অধিক সন্তান প্রসব নিরুৎসাহিত করা উচিত।

  • জরায়ু ও যোনিপথের পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা জরুরি। যেকোনো যৌন সংক্রামক রোগের সুচিকিৎসা নিতে হবে।

  • ধূমপান, পানের সঙ্গে জর্দা, সাদা পাতা, গুল বর্জন করুন।

  • অনিয়মিত রক্তস্রাব, মাসিক বন্ধের এক বছর পর আবার রক্তস্রাব, যৌনসংগমের পর রক্তস্রাব, যোনিপথে অধিক পরিমাণ বাদামি বা রক্তমাখা স্রাবের আধিক্য ও দুর্গন্ধযুক্ত সাদা স্রাব হলে অবশ্যই সতর্ক হতে হবে।

জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে টিকা রয়েছে
ছবি: সংগৃহীত
  • বিবাহিত নারীদের (২১ বছর বয়সের পর বা বিবাহের ৩ বছর পর থেকে) নিয়মিত ভায়া বা প্যাপস স্মেয়ার টেস্টে অংশ নেওয়া উচিত। প্রতি তিন বছরে একবার করা উচিত, কিন্তু চিকিৎসক পরামর্শ দিলে আরও ঘন ঘন পরীক্ষা করে দেখা।

  • জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে টিকা রয়েছে। সন্তানধারণের বয়সে টিকা নিতে হয়। সাধারণত ৯-২৫ বছরের মধ্যে এ টিকার কোর্স সমাপ্ত করতে বলা হয়।

লেখক: অধ্যাপক ও বিভাগীয় প্রধান, সার্জিক্যাল অনকোলজি বিভাগ, জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল, মহাখালী, ঢাকা