নিজের অজান্তেই বাড়তি চিনি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিষ্টি খাবার কার না পছন্দ! চারদিকে শীতের পুলি পিঠে, রসগোল্লা, রসমালাই, কেক, পেস্ট্রি, চকোলেট, কোমল পানীয় আর নানা মজাদার মিষ্টিদ্রব্যের সমাহার। কিন্তু চাইছেন চিনি কম খেতে।

আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন বলছে, নারীরা যেন দিনে ১০০ ক্যালরির বেশি শক্তি চিনি (মানে ছয় চা চামচ চিনি) না গ্রহণ করেন। আর গড়পড়তা মেয়েরা নাকি দৈনিক ১০ থেকে ১৮ চা চামচ পরিমাণ চিনি গ্রহণ করেন! তাহলে? কীভাবে সম্ভব চিনি কম খাওয়া?

১. বাড়তি চিনি কেবল চিনিতেই লুকিয়ে নেই। আছে প্রতিদিনের নানা খাবারে। সিংহভাগ বাড়তি চিনি আমরা খাই নানা ধরনের পানীয় থেকে। এক মগ কেনা কফিতে মোটামুটি আট চা চামচের মতো চিনি থাকে। এনার্জি ড্রিংক ক্যানে সাত চা চামচের মতো। ভেবে দেখুন—চিনি আরও আছে টমেটো সস বা কেচাপে, মেয়নেজ ও নানা ধরনের প্যাকেটজাত খাবারে। নিজের অজান্তেই অনেকে এগুলো খাচ্ছেন। তাই প্রথমেই এগুলো নিয়ন্ত্রণ করুন।

২. গবেষকেরা বাড়তি চিনি নিয়ন্ত্রণ করতে বলছেন, শর্করা খাদ্যে লুক্কায়িত চিনিকে নয়। ভাত-রুটি-সবজি ফলমূলে আছে অনেক চিনি, তবে তার সঙ্গে রয়েছে আঁশ ও অন্যান্য পুষ্টিগুণও। তাই এই চিনি খাওয়া যায়। প্রতিদিন বেশ খানিকটা চিনি যে আপনি খাচ্ছেনই, এর বেশি আর দরকার নেই—এটাই নিজেকে বোঝান।

৩. চিনি ছাড়তে গিয়ে কৃত্রিম চিনির ওপর নির্ভরশীল হওয়া ভালো নয়। কেননা, আপনি যখন চিনি কম খেতে শুরু করবেন, কিছুদিন পর আপনার স্বাদগ্রন্থি তাতে অভ্যস্ত হয়ে পড়বে। একসময় পেস্ট্রি বা পায়েস আপনার কাছে বিদঘুটে মিষ্টি লাগবে। মিষ্টি উপভোগ করাই ভুলে যাবেন। কিন্তু কৃত্রিম চিনি তা করতে দেবে না। বরং এটা মিষ্টি খাবার বাসনা বাড়িয়েই দেয়।

৪. ভাত খাবার পর পাতে খানিকটা মিষ্টিকে বলে ডেজার্ট। ডেজার্ট হিসেবে ফলের সালাদ, একটু টক দই বা ডিনারের পর এক কাপ দুধ মন্দ নয়।

৫. স্বাদ বদল করবেন ধীরে ধীরে, ধাপে ধাপে। প্রথমে চা বা কফিতে এক চা-চামচের বদলে আধা চা-চামচ। তারপর একেবারে বাদ দেওয়া—এভাবে নিজেকে নিয়ন্ত্রণ করুন। স্বাদ নিয়ন্ত্রণ করা আপনার ইচ্ছের ওপর নির্ভর করে।

ডা. তানজিনা হোসেন