মাথাব্যথা কেবল রোগ নয়, সামাজিক ব্যাধিও। তাই কেবল ওষুধে নয়, সামাজিকভাবেই এর নির্মূল করা সম্ভব। এ ক্ষেত্রে শুরুটা হতে হবে নিজের বাসা থেকে। এ জন্য অভিভাবকদের সহনশীল হওয়াটা জরুরি
মাথাব্যথা কমবেশি সবারই হয়। তবে শিক্ষার্থীদের যেন মাথাব্যথাটা একটু বেশিই হয়। তাই ‘শিক্ষার্থীদের মাথাব্যথা’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত হলো এসকেএফ নিবেদিত ‘আমাদের যত মাথাব্যথা’র বিশেষ পর্ব। ডা. জান্নাতুল ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক তারেক মনজুর। অনুষ্ঠানটি ১২ অক্টোবর প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল এবং এসকেএফের ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হয়।
সব ধরনের মাথাব্যথা কিন্তু ওষুধ দিয়ে নিরাময় সম্ভব নয়। সামাজিকভাবেও কিছু মাথাব্যথা নির্মূল করা যায়। যেমন শিক্ষার্থীদের মাথাব্যথা। এই মাথাব্যথার সূত্রপাত শিক্ষাজীবনের শুরু থেকেই। শিক্ষার্থীদের একটি ভালো স্কুলে ভর্তি থেকে শুরু করে ক্লাসে ভালো রেজাল্ট করার একটা প্রতিযোগিতার মধ্যে থাকতে হয়। অভিভাবকেরাই এ জন্য বেশি দায়ী। তাঁরা শিক্ষার্থীদের সব সময় ভালো রেজাল্ট করার জন্য চাপ প্রয়োগ করতে থাকেন। তাঁরা ছেলেমেয়েদের ভালো রেজাল্টের জন্য নোট মুখস্থ করাচ্ছেন। এ ক্ষেত্রে তারেক মনজুর নিজের অভিজ্ঞতা থেকেই বললেন, এই ধরনের শিক্ষার্থীদের স্বাধীনভাবে লেখার ক্ষমতা তৈরি হয় না।
বিশ্ববিদ্যালয় পর্যায়ে সামাজিক ও পারিপার্শ্বিক নানা চাপে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ কমে যায়। শিক্ষার্থীরা ক্লাসের লেকচার ঠিকমতো শুনতেই চায় না। তাদের বই পড়ার প্রতি একটি অনীহা থাকে। কারণ তাদের কেবল পরীক্ষার জন্য প্রস্তুত করা হয়; কিন্তু বইয়ের পাঠ্যের প্রতি আগ্রহী করে তোলা হয় না। এই শিক্ষার্থীরা যখন আবার শিক্ষকের কাছে গিয়ে প্রাইভেট পড়ছে, তখন পরীক্ষায় ভালো করার তাগিদে মনোযোগ সহকারে শিক্ষকের দেওয়া নোট পড়ছে। ছাত্রীদের আবার চাপটি অন্য রকম।
মেয়েদের পরিণত বয়স হওয়ার আগে বিয়ে হয়ে যায়। তারা পড়াশোনাই শেষ করতে পারে না। বাল্যবিবাহ কমানোর জন্য অবশ্যই শিক্ষার বিস্তার ঘটাতে হবে। এ ছাড়া মেয়েদের স্বাবলম্বী হওয়াটাও জরুরি। একজন ছাত্রী ভালো ফলাফল করতে পারে এবং কর্মক্ষেত্রে ভালো অবস্থান গড়ে তুলতে পারলে এ ধরনের সমস্যা কমে যাবে বলেই অভিমত দিয়েছেন বিশেষজ্ঞ।
করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের নতুন মাথাব্যথা হচ্ছে অনলাইন ক্লাস। পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী আর্থসামাজিক পরিস্থিতি ও অনিশ্চয়তার কারণে ঠিকমতো অনলাইনে ক্লাস করতে পারছে না। আর প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যাঁরা সেমিস্টারের ফি দিচ্ছেন, তাঁরা কতটুকু মনোযোগের সঙ্গে ঠিকমতো ক্লাস করছেন, তা বলা খুব কঠিন। ছোট ছোট শিক্ষার্থীদের ক্ষেত্রেও একই কথা খাটে। অনলাইন ক্লাসের যে সম্ভাবনা তৈরি হয়েছে, তা আরও এগিয়ে নিতে সরকারি সংশ্লিষ্টতার প্রয়োজন।
বর্তমান সময়ে ছাত্রীদের সামাজিক নিরাপত্তা পরিস্থিতি নিয়েও অনুষ্ঠানে আলোচনা করা হয়। বর্তমানে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা তখনই ঠিক হবে, যখন আমাদের দেশে শিক্ষার ব্যাপক বিস্তার ঘটবে। সেই সঙ্গে নারী-পুরুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে এবং অর্থনৈতিকভাবে নারীকে স্বাবলম্বী হতে হবে। এ ছাড়া সব পর্যায় থেকে আমাদের দায়িত্বশীল আচরণ করতে হবে।
আমাদের দেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাথাব্যথার আরেকটি কারণ হলো সরকারি চাকরি। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকেই বিসিএসের প্রস্তুতি নিতে থাকেন। এটি আসলে পারিপার্শ্বিক চাপ থেকে তৈরি হয়েছে। কারণ আমাদের দেশে বেসরকারি চাকরির স্থায়িত্ব অনিশ্চিত। এই অনিশ্চয়তা কাটানোর জন্য অবশ্যই সরকারি নজরদারি ও কঠোর প্রশাসনিক নিয়ন্ত্রণ দরকার বলে মনে করছেন বিশেষজ্ঞ। তিনি বলেন, তা না হলে বেসরকারি চাকরির প্রতি আগ্রহ কমে যাবে এবং সরকারি চাকরির প্রতি আগ্রহ বেশি বাড়বে। এ ছাড়া শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার প্রতি আগ্রহী করে তুলতে প্রচারণা বাড়াতে হবে।
শিক্ষার্থীদের মাথাব্যথার জন্য অভিভাবকেরা অনেকাংশে দায়ী। তাঁরা সারাক্ষণই ভালো রেজাল্ট করার জন্য শিক্ষার্থীদের চাপ প্রয়োগ করতে থাকেন। নিজের সন্তানদের অন্যের সঙ্গে তুলনা করার প্রবণতাও তাঁদের মধ্যে দেখা যায়। ‘ও পারলো, তুমি কেন পারলে না’ এ ধরনের কথা প্রায়ই অভিভাবকেরা নিজের সন্তানদের বলে থাকেন। এতে শিশুদের মধ্যে মানসিক চাপ তৈরি হয় এবং অনেক ক্ষেত্রে তারা মূল পড়াশোনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। এ থেকে বেরিয়ে আসতে হলে অভিভাবকদের বুঝতে হবে, ভালো রেজাল্ট কখনোই ভালো চাকরির নিশ্চয়তা দেয় না। একজন শিক্ষার্থী শিক্ষাজীবনে যতটুকু জ্ঞান নিজের মধ্যে ধারণ করতে পারে, ঠিক ততটুকুই প্রয়োগ করতে পারে। এ জন্য অভিভাবকদের উচিত ভালো রেজাল্টের জন্য সন্তানদের প্রতি অহেতুক চাপ সৃষ্টি না করে, তাকে ভালোভাবে জানার এবং শেখার প্রতি আগ্রহী করে তোলা। পাশের প্রতিবেশী বা বন্ধুর নয়, আরও বড় কোনো আদর্শ ব্যক্তির দৃষ্টান্ত শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে হবে। এতে করে শিক্ষার্থী পরবর্তী জীবনে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে।