পরাগরেণু থেকে অ্যালার্জি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বসন্ত বাতাস সঙ্গে করে নিয়ে এসেছে পরাগরেণুর সমারোহ। এই সময়ে ফুলের পরাগায়ন শুরু হয়। কিন্তু বাতাসে পরাগরেণুর উড়ে বেড়ানো আর শুষ্ক আবহাওয়া—এ দুইয়ে মিলে নাকে-গলায় সমস্যা শুরু হতে পারে অনেকের। অ্যালার্জিপ্রবণ এবং পরাগরেণু ও ধুলাবালুর প্রতি অতি সংবেদনশীল যাঁরা, তাঁরা এ ধরনের সমস্যায় বেশি আক্রান্ত হন।
চিকিৎসাবিজ্ঞানে পরাগরেণুজনিত এই সমস্যার নাম পোলেন অ্যালার্জি বা স্প্রিং অ্যালার্জি। এই অ্যালার্জির উদ্রেককারী বস্তু বাতাসে ভেসে প্রথমে আক্রমণ করে নাকের ঝিল্লিতে। ফলে হাঁচি শুরু হয়। তারপর নাক বন্ধ হয় এবং নাক দিয়ে পানি পড়ে। কারও কারও ক্ষেত্রে তীব্র হাঁচি ও সর্দি হয় এবং জ্বরের অনুভূতি হয়। চোখও লাল হয়ে চুলকাতে থাকে। এই অবস্থার নাম হে-ফিভার। এ সমস্যায় শুধু যে নাক-চোখ চুলকায় তা নয়, অনেকের ত্বকও চুলকাতে থাকে।
তবে অবস্থা যা-ই হোক, অ্যান্টি-অ্যালার্জিক ওষুধ খেয়ে নিলে এবং বিশেষজ্ঞের পরামর্শমতো স্টেরয়েড-জাতীয় স্প্রে ব্যবহার করলে অবস্থার অনেকটাই উন্নতি ঘটে। তা ছাড়া উপসর্গ অনুযায়ী নাকে গরম পানির বাষ্প নিলেও উপকার হয়। তবে পরাগরেণু প্রতিরোধের জন্য এই সময়ে বাইরে বেরোলে নাক-মুখ ঢেকে রাখার মাস্ক ব্যবহার করা যেতে পারে। অনেক ক্ষেত্রে শরীরের প্রতিরক্ষা শক্তিকে বাড়ানোর জন্য ইমিউনোথেরাপি নেওয়া যেতে পারে।
নাক, কান, গলা বিভাগ
হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল