পরিবেশবান্ধব রান্নাঘর পেতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সবুজ গাছপালা রান্নাঘরে থাকলে কার্বন কমাতে বিশেষ ভূমিকা রাখবে
ছবি: আনস্প্ল্যাশ

রান্নাঘরকে পরিবেশবান্ধব করতে চান? মনোযোগ দিতে পারেন নিচের বিষয়গুলোর ওপর। রান্নাঘরে তেল-চিটচিটে ভাব? হাতের কাছের জিনিসপত্র দিয়েই করে তুলুন ঝকঝকে।

অভ্যস্ত হন কাচ ও স্টিলে

রান্নাঘরে প্লাস্টিকের পণ্য সরিয়ে বেছে নিন কাচ বা স্টিলের বাসন। মসলার বয়াম, তেলের বোতল, খাবার পরিবেশনের থালাবাটি সবকিছুই কাচ বা স্টিলের বেছে নিতে পারেন। প্লাস্টিক পরিবেশের পাশাপাশি আমাদের স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর। মসলাপাতি রাখতে পারেন বাতাসরোধী কাচের বয়ামে।

ছবি: আনস্প্ল্যাশ

অপচয় এড়িয়ে চলুন

প্রতিদিনের বাজারের জন্য প্লাস্টিক ব্যাগের বদলে পাট বা চটের তৈরি ব্যাগ বেছে নিতে পরেন। আজকাল বাজারে নানা ধরনের ঘাসপাতার ঝুড়ি পাওয়া যায়, বাজার করার জন্য সেগুলোও কিনতে পারেন । অনেক সময় শাকসবজি সংরক্ষণের জন্য আমরা পলিব্যাগ ব্যবহার করি, সেই অভ্যাসও বাদ দিন। একই সবজির খোসা, বীজ, ভেতরের অংশ একেকভাবে খাওয়া যায়। কোনো অংশ ফেলে না দিয়ে পুনরায় ব্যবহারের চিন্তা করুন। রান্নাঘরে পানি, বিদ্যুৎ ও গ্যাসের অপচয় যাতে না হয়, সেদিকে সতর্ক থাকুন।

অভ্যস্ত হন প্রাকৃতিক ডিটারজেন্টে

রান্নাঘরের বিভিন্ন জিনিসপত্র পরিষ্কার করতে আমরা ক্ষতিকর রাসায়নিক যুক্ত নানা ধরনের ডিটারজেন্ট ব্যবহার করি। বদলে ভিনেগার, লেবুর রস, বেকিং সোডার মতো রান্নাঘরে থাকা উপকরণগুলো ব্যবহার করুন। এতে পরিষ্কার করতেও সুবিধা আবার পাত্র থেকে রাসায়নিক শরীরে ঢোকার শঙ্কাও কম।

রান্নার উপকরণ বাছাই

রান্নার জন্য সঠিক উপকরণ বাছাই করতে পারাও একটি বিশেষ দক্ষতা। চুলার মাপ বুঝে ননস্টিক হাঁড়ি-কড়াই কিনতে পারেন। ওভেন বা টোস্টারের মতো ইলেকট্রিক উপকরণ কেনার সময়েও সতর্ক থাকুন। কোন ধরনের উপকরণ বেশি বিদ্যুৎ খরচ করবে, বুঝে নিন।

বর্জ্যকে করুন সম্পদ

রান্নাঘরে ব্যবহার করা সবুজ শাকসবজির অংশবিশেষ ফেলে না দিয়ে জমিয়ে সার বানাতে পারেন। এরপর ঘরে থাকা গাছের মাটির সঙ্গে ব্যবহার করতে পারেন। চায়ের লিকার ছেঁকে চা-পাতাগুলো পচিয়ে সার বানাতে পারেন। টবের গাছের জন্য এই সার উপকারী।

মৌসুমি ফল খাওযার চেষ্টা করতে হবে
ছবি: অধুনা

মৌসুমি খাবার খান

যে মৌসুমে যেসব সবজি ও ফলমূল পাওয়া যায়, চেষ্টা করুন সেগুলো সেই মৌসুমেই খেতে। একই সঙ্গে স্থানীয় ফসল, সবজি ও ফল কিনুন। এতে স্থানীয় চাষিদের যেমন উপকার হবে, তেমনি পরিবহনের জন্য আলাদা শক্তি, জনবল ও সংরক্ষণের দরকার হবে না। টাটকা খাবারের বিকল্প নেই।

রান্নাঘরে গাছপালা রাখুন

অনেক ধরনের গাছ আছে, যা ঘরের ভেতরে সতেজ থাকে। এই ধরনের সবুজ গাছপালা রান্নাঘরে সাজিয়ে রাখুন। ঘরের কার্বন কমাতে বিশেষ ভূমিকা রাখবে। আবার রান্নাঘরও পরিচ্ছন্ন ও পরিপাটি দেখাবে।

সূত্র: ফেমিনা