পা ফোলা নিয়ে দুশ্চিন্তার শেষ নেই। কেননা, কিডনি বা হার্টের সমস্যায়, উচ্চ রক্তচাপের কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায়, ফাইলেরিয়া বা গোদ রোগ ও হরমোন সমস্যায় পা ফুলতে পারে। তবে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে যাঁরা কাজ করেন, তাঁদেরও পা ফোলার সমস্যা বেশি হয়।
আমাদের দেশে নারীরা যাঁরা গ্যাসের চুলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করেন, তাঁদের এ সমস্যার ঝুঁকি বেশি।
পায়ের শিরার ভালভগুলো দুর্বল হয়ে গেলে পা থেকে রক্ত ঠিকমতো হৃৎপিণ্ডের দিকে প্রবাহিত হতে পারে না। ফলে ধীরে ধীরে পায়ের গোড়ালির দিকে রক্ত জমা হয়। বাইরে থেকে পা ফোলা দেখায়। সাধারণ মানুষ একে বলে পায়ে রস নামা। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে বা দীর্ঘ ভ্রমণ করলেও এভাবে পায়ে পানি জমে ফুলে যেতে পারে।
দিনের বেলা পা ফুলতে থাকে। রাতে শোয়ার পর ঘুম থেকে উঠলে ফোলা একটু কমে যায়। হাঁটতে গেলে পা ভারী ভারী লাগে। অনেকের ঘুমের মধ্যে পায়ের মাংসপেশিতে টান খায়। পায়ের গোড়ালির দিকে কালো কালো দাগ পড়ে। পায়ের চামড়া শক্ত হয়ে যায়। এমনকি পায়ের গোড়ালির আশপাশে ঘা দেখা দিতে পারে।
পায়ের আল্ট্রাসনোগ্রাম বা ডুপ্লেক্স পরীক্ষার মাধ্যমে এ রোগ নির্ণয় করা যায়। কিছু উপদেশ মেনে চলা উচিত। যেমন, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে না থাকা। শোয়ার সময় পায়ের নিচে বালিশ বা বেড ওয়েজ ব্যবহার করা, হাঁটার সময় পায়ে একধরনের বিশেষ মোজা ব্যবহার করা। শুয়ে শুয়ে চিকিৎসক নির্দেশিত ব্যায়াম করা।