পাঁচ অভ্যাসে নিয়ন্ত্রণে রাখুন উচ্চ রক্তচাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, প্রতিবছর ৯ দশমিক ১ মিলিয়ন মানুষ বিশ্বে মারা যায় উচ্চ রক্তচাপের জটিলতার কারণে। হার্ট অ্যাটাকে মৃত্যুর ৪৫ শতাংশ ক্ষেত্রে এবং স্ট্রোকজনিত মৃত্যুর ৫১ শতাংশ ক্ষেত্রে উচ্চ রক্তচাপই মৃত্যুর কারণ। এই বিষয় সামনে রেখে আজ ১৭ মে বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস। এর প্রতিপাদ্য হচ্ছে নিজের রক্তচাপকে জানুন।
পাঁচ অভ্যাসে নিয়ন্ত্রণে রাখুন উচ্চ রক্তচাপ।
১. খাবারে বাড়তি লবণকে না বলুন। দৈনিক ৬ গ্রামের বেশি লবণ খাওয়া উচিত নয়। আমাদের নিত্যদিনের অনেক খাবারে প্রচুর লবণ রয়েছে। যেমন যেকোনো প্রক্রিয়াজাত বা হিমায়িত খাবার, সয়াসস বা কেচআপ, আচার, পনিরযুক্ত খাবার ইত্যাদি। বাদ দিন এগুলোও।
২. বাড়তি ওজনকেও না বলুন। ওজন বৃদ্ধি উচ্চ রক্তচাপসহ হৃদ্রোগের ঝুঁকি বাড়ায়। উচ্চ ক্যালরিযুক্ত খাবার এড়িয়ে এবং ব্যায়াম করে ওজন নিয়ন্ত্রণে রাখুন।
৩. ধূমপানকে চিরতরে না বলে দিন। ক্যাফেইনযুক্ত পানীয়ও সাময়িকভাবে রক্তচাপ বাড়াতে পারে। তাই কফিও সীমিত করুন।
৪. তেল-চর্বিযুক্ত খাবার, লাল মাংস, ভাজা খাবারকে না বলার অভ্যাস গড়ে তুলুন; বরং বেশি করে খান তাজা ফলমূল ও শাকসবজি। যেসব ফল ও সবজিতে পটাশিয়াম আছে, সেগুলো খাওয়া ভালো। যেমন কলা, পেঁপে, খেজুর, মটরশুঁটি, বরবটি, বাদাম ইত্যাদি। তবে কিডনি সমস্যায় আক্রান্ত রোগীরা বেশি পটাশিয়াম খাওয়ার আগে পরামর্শ নিন।
৫. স্ট্রেস বা মানসিক চাপকে বিদায় দিন। অতিরিক্ত উত্তেজনা পরিহার করুন। পরিবার ও বন্ধুবান্ধবকে সময় দিন। ভালো বই, ভালো সংগীত ভালো কাজে দেবে। স্বাস্থ্যকর জীবন যাপন করুন।
মেডিসিন বিশেষজ্ঞ, ইব্রাহিম জেনারেল হাসপাতাল, মিরপুর