প্রজনন, প্রসব ও জন্মনিয়ন্ত্রণে নারীর সিদ্ধান্তের ক্ষমতা প্রতিষ্ঠিত করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুস্বাস্থ্যের মতো একটি মৌলিক অধিকার নিশ্চিত নয় এ দেশের নারীর জীবনে। এখনো সেই প্রজননস্বাস্থ্যের অধিকার আদায়ের জন্য প্রবল সংগ্রাম করে যেতে হচ্ছে। অথচ একটি গর্ভস্থ শিশু, গর্ভবতী মায়ের স্বাস্থ্য, নিরাপদ প্রসব, জন্মনিয়ন্ত্রণ—এই সবই সম্পূর্ণ পরিবার ও রাষ্ট্রের দায়িত্ব। নারীর প্রতি সহিংসতা, অবহেলা, অবমাননার চরম রূপটি ফুটে ওঠে গর্ভবতী ও প্রসূতি মাতার প্রতি আচরণে। সঠিক খাবার, বিশ্রাম বা চিকিৎসা—কিছুই নিশ্চিত করা যায় না তাদের বিরাট অংশের জন্য। প্রজনন, প্রসব ও জন্মনিয়ন্ত্রণের জন্য নারীর স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রতিষ্ঠিত করতে হবে। পারিবারিক এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে ছেলে ও মেয়েশিশু উভয়কে নারী–পুরুষের সমতা, নারী অধিকার সম্পর্কে সঠিক ধারণা দিতে হবে।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার প্রথম আলোর আয়োজনে ও এসকেএফ ফার্মাসিউটিক্যালসের সৌজন্যে ‘নারীর সুস্বাস্থ্য ও জাগরণ’ শীর্ষক এক ওয়েবিনারে আলোচকদের বক্তব্যে এসব কথা ওঠে আসে। অনুষ্ঠানের শুরুতেই শিশুর প্রতি অবহেলা, নারীর প্রতি চরম বৈষম্য নিয়ে ডা. সামিনা চৌধুরীর লেখা একটি গান শোনানো হয়।

শবনম আজিম ও শারমিন আব্বাসি (ডানে)
ছবি: সংগৃহীত

একেএমএমসির প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শারমিন আব্বাসি সবাইকে শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান শুরু করেন এবং পুরো অনুষ্ঠানটির মডারেটরের দায়িত্ব পালন করেন তিনি।

ফওজিয়া মোসলেম
ছবি: সংগৃহীত

আলোচনার শুরুতেই অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম বক্তব্য দেন। তিনি শুরুতেই এই স্বাধীনতার মাসে সব মুক্তিযোদ্ধা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানান এবং বিশ্বব্যাপী যত নারী সহিংসতা ও অন্যায়ের শিকার হচ্ছেন, প্রাণ হারাচ্ছেন, তাঁদের প্রতি সম্মান এবং উপস্থিত সবার প্রতি নারী দিবসের শুভেচ্ছা জানান।

ডা. ফওজিয়া মোসলেম তাঁর বক্তব্যে অত্যন্ত দুঃখের সঙ্গে বলেন, সুস্বাস্থ্যের মতো একটি মৌলিক অধিকারও নিশ্চিত নয়, এ দেশের নারীর জীবনে। এখনো সেই প্রজননস্বাস্থ্যের অধিকার আদায়ের জন্যই প্রবল সংগ্রাম। এর মধ্যে অসম্ভব রকমের বেড়ে যাওয়া বাল্যবিবাহের হার পুরো নারীস্বাস্থ্য–ব্যবস্থাকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। যেকোনো হাসপাতালে প্রসূতি ওয়ার্ডটি সবচেয়ে খারাপ অবস্থায় থাকে। নেই নারীস্বাস্থ্য নিয়ে সচেতনতা বা শিক্ষা। তিনি মনে করেন, একমাত্র সমাজের দৃষ্টিভঙ্গি বদলাতে পারলেই এ ক্ষেত্রে পরিবর্তন আনা সম্ভব। সেই সঙ্গে প্রয়োজন সংবিধানে সঠিক আইন প্রণয়ন, আইনের যথাযথ প্রয়োগ। শুধু নারী সংগঠনগুলোর পক্ষে এই অধিকার আদায়ের লড়াই করা সম্ভব নয়। এ ক্ষেত্রে রাষ্ট্র ও সমাজের সবাইকেই এগিয়ে আসতে হবে। এ পর্যায়ে দেশের শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যালস কোম্পানি এসকেএফ–কে তিনি এ উদ্যোগের জন্য ধন্যবাদ জানান। সেই শত বছর ধরে নারী অধিকার নিয়ে আন্দোলন করতে থাকা কয়েক প্রজন্মের নারীরা একই কথা বলেই যাচ্ছেন, তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে বর্তমানে লিঙ্গসমতার বিষয়গুলো মানুষ উপলব্ধি করতে শিখেছে।

ডা. শারমিন আব্বাসির প্রশ্নের জবাবে নারী অধিকার আন্দোলনে যাঁরা এখন কাজ করছেন, তাঁদের উদ্দেশ্যে ডা. ফৌজিয়া মোসলেম নারীর শিক্ষা, গৃহশ্রমের সঠিক মূল্যায়ন, কর্মক্ষেত্রে সঠিক পরিবেশ, অর্থনৈতিক ক্ষমতায়ন, সম্পত্তির অধিকার ইত্যাদি ব্যাপারে যার যার অবস্থান থেকে কাজ অব্যাহত রাখার আহ্বান জানান।

ফরিদা আখতার
ছবি: সংগৃহীত

নারীগ্রন্থ প্রবর্তনার নির্বাহী মহাপরিচালক ও তামাকবিরোধী নারীজোটের আহ্বায়ক ফরিদা আখতার বলেন, এই দিবসের যে বেগুনি রং, তা আসলে নারীর যন্ত্রণা ও বেদনার জায়গা থেকে প্রতিবাদের রং। তামাকবিরোধী নারী জোটের ব্যাপারে বলতে গিয়ে তিনি জানান, ২০১৭ সালের পরিসংখ্যান অনুযায়ী জর্দা, গুল, সাদা পাতা রূপে ধোঁয়াবিহীন তামাকে আসক্ত দেশের ২ কোটি ১০ লাখ নারী, যাঁদের প্রায় সবাই দারিদ্র্যকবলিত। বিভিন্ন বাহারি নাম ও সুগন্ধিবিশিষ্ট এসব জর্দা, সাদা পাতা ও গুল সেবনের ফলে মাড়ির রোগ, মুখে ঘা, ওরাল ক্যানসার, প্রজননতন্ত্র ক্ষতিগ্রস্ত হওয়া, পেটের সমস্যা ইত্যাদি হচ্ছে এই নারীদের।

সুকন্যা মজুমদার ঘোষ
ছবি: সংগৃহীত

অনুষ্ঠানের এ পর্যায়ে গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী সুকন্যা মজুমদার ঘোষ দর্শকদের উদ্দেশে একটি নজরুলগীতি গেয়ে শোনান। তিনি যে গুরুত্বপূর্ণ বিষয়টি তুলে ধরেন, তা হলো পারিবারিক ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে ছেলে ও মেয়েশিশু উভয়কে নারী–পুরুষের সমতা, নারী অধিকার, লিঙ্গভিত্তিক বাঁধাধরা সামাজিক নিয়ম ও আচরণবিধি ইত্যাদি সম্পর্কে সঠিক ধারণা দেওয়া। এভাবেই সমাজের দৃষ্টিভঙ্গি পাল্টে এই সমতা অর্জন করা সম্ভব বলে তিনি মনে করেন।

রওশন আরা বেগম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ এবং প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞদের সংগঠন অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ বা ওজিএসবির সাবেক সভাপতি অধ্যাপক ডা. রওশন আরা বেগম নারীস্বাস্থ্যের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, সবচেয়ে দুঃখজনক হলো দেশের ১৫ বছরের কম বয়সী কিশোরীর ২৯ শতাংশের বাল্যবিবাহের ব্যাপারটি। সচেতনতার অভাব, আইনের কঠিন প্রয়োগ না হওয়া, মহামারির জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকা, জলবায়ু বিপর্যয় ও কঠিন দারিদ্র্য—এই সবকিছুর প্রভাবে বাড়ছে বাল্যবিবাহ এবং নারী পাচার। নারীর প্রতি সহিংসতা, অবহেলা, অবমাননার চরম রূপটি ফুটে ওঠে গর্ভবতী ও প্রসূতি মাতার প্রতি আচরণে। সঠিক খাবার, বিশ্রাম বা চিকিৎসা—কিছুই নিশ্চিত করা যায় না তাদের বিরাট অংশের জন্য। এখনো দেশের ৫০ শতাংশ প্রসব হয় অস্বাস্থ্যকর ঘরোয়া পরিবেশে। এই ব্যাপারগুলো সমাধান করতে নারীর সমতার জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে।

সালেহা বেগম চৌধুরী
ছবি: সংগৃহীত

ওজিএসবির সাবেক মহাসচিব অধ্যাপক ডা. সালেহা বেগম চৌধুরী তাঁর বক্তব্যের মাধ্যমে নারীর সুস্বাস্থ্যের জন্য করনীয় বিষয়গুলো বর্ণনা করেন। প্রজননস্বাস্থ্যের যত্ন, সমস্ত প্রয়োজনীয় টিকা প্রদান, ঝুঁকিপূর্ণ প্রসবে সাবধানতা ও প্রতিরোধ অবলম্বন করা, পরীক্ষা–নিরীক্ষা, প্রসূতি মায়ের যত্ন ইত্যাদি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন। প্রজনন, প্রসব ও জন্মনিয়ন্ত্রণের জন্য নারীর স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রতিষ্ঠিত করতে হবে। সম্মানজনক প্রসব যত্ন পাওয়াও নারীর সুস্বাস্থ্যের অধিকারের মধ্যে পড়ে বলে তিনি মনে করেন।

সামিনা চৌধুরী
ছবি: সংগৃহীত

ওজিএসবির সাবেক সভাপতি ও বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ডা. সামিনা চৌধুরী ইতিহাসের পাতায় নারীর প্রতি সামাজিক ও রাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গির আলোকে তাঁর গুরুত্বপূর্ণ মতামত দেন। তিনি বলেন, যুগে যুগে এ দেশে কন্যাশিশুদের প্রতি বিরূপ মনোভাব পোষণ করে আসছে পরিবার ও সমাজ। অনাকাঙ্ক্ষিত, অসম্মানিত হয়ে বেড়ে ওঠা কন্যাশিশুর পুষ্টি ও স্বাস্থ্যও হয় উপেক্ষিত। প্রসূতি মাকেও পড়তে হয় চরম লাঞ্ছনার মুখে। যদি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বা অর্জিত সম্পদে নারীর অধিকার প্রতিষ্ঠা করা যায়, তবেই তাঁকে আর কেউ বোঝা ভেবে এভাবে নিগ্রহ করতে পারবে না বলে তিনি মতামত দেন।

রাশিদা বেগম
ছবি: সংগৃহীত

ওজিএসবির সহসভাপতি অধ্যাপক ডা. রাশিদা বেগম বলেন, বন্ধ্যাত্ব চিকিৎসায় বৈষম্য অপরিসীম। একটি নির্দিষ্ট সময়ের পরে ছেলের বউকে শাশুড়ির হুমকি যে এবারে বাচ্চা না হলে ছেলেকে আর একটা বিয়ে করিয়ে দেব। স্বামীর হুমকি যে আর একটা বিয়ে করব। সেটা যদি স্বামীর সমস্যা হয় তবুও। এটি নিম্নবিত্ত, মধ্যবিত্তদের মধ্যে বেশি হলেও বাদ যায় না উচ্চবিত্ত ও শিক্ষিতরাও।

আলোচনার উপসংহারে ডা. ফওজিয়া মোসলেম বলেন, ‘যার যার জায়গা থেকে কাজ করতে হবে আমাদের নারীর অধিকার প্রতিষ্ঠা করতে, সমতা নিশ্চিত করতে। এবার নারী দিবসের প্রতিপাদ্য যে লিঙ্গসমতার মাধ্যমে টেকসই উন্নয়নের কথা বলা হচ্ছে, তার জন্য একেবারে তৃণমূল পর্যায় থেকে কাজ করতে হবে। সমাজের কাঠামো ও দৃষ্টিভঙ্গি বদলানো, সাংবিধানিকভাবে নারীর সমতা নিশ্চিত করা, বাল্যবিবাহের মতো ব্যাপারে আইন প্রয়োগের শিথিলতা বর্জন, সচেতনতা ও শিক্ষার প্রসার, নারীর সম্পত্তির অধিকার প্রতিষ্ঠা, নারীর অর্থনৈতিক স্বাবলম্বিতা—এই সবকিছুর লক্ষ্যে সবাই একসঙ্গে কাজ করে গেলেই একমাত্র নারীস্বাস্থ্যের উন্নয়ন ও নারী জাগরণ স্থায়ী হওয়া সম্ভব।’