প্রশ্নোত্তর
প্রশ্ন: ডায়রিয়া হলে কাঁচকলা খাওয়ালে কি কোনো উপকার পাওয়া যায়?
উত্তর: কাঁচকলা ডায়রিয়ার তীব্রতা কমাতে সাহায্য করে। এ ছাড়া এতে আয়রনের পরিমাণ অনেক। তাই শক্তি জোগায়। শিশুদের ডায়রিয়া হলে কাঁচকলা চটকে ভাত বা খিচুড়ির সঙ্গে খাওয়ানো যায়। ডা. আবু সাঈদ, শিশু বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ|
অনিশ্চয়তা থেকে ফেসবুক–আসক্তি
অন্যের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে যাঁরা নিজেদের নিরাপত্তাহীন মনে করেন, ফেসবুকের মতো সামাজিক যোগাযোগের অনলাইন মাধ্যমে তাঁরা তুলনামূলক বেশি সক্রিয় হন। যেমন: তাঁরা ফেসবুক ওয়ালে বেশি বেশি ছবি প্রকাশ (পোস্ট) করেন, মন্তব্য করেন, ‘লাইক’ দেন এবং নিয়মিত স্ট্যাটাস হালনাগাদ করেন। আর এসবের পেছনে তাঁদের আশা থাকে, মানুষের মনোযোগ আকর্ষণ করা। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক ইউনিয়ন কলেজের একদল গবেষক এ তথ্য জানিয়েছেন। গবেষণা-নিবন্ধটি পার্সোনালিটি অ্যান্ড ইনডিভিজুয়াল ডিফারেন্সেস সাময়িকীতে প্রকাশিত হয়েছে। আইএএনএস।
এনার্জি ড্রিংকসে স্কুলশিশুদের ঝুঁকি
শিশুদের হরহামেশাই এনার্জি ড্রিংকস পান করতে দেখা যায়। আবদার মেটাতে মা-বাবাও অনেক সময় চিন্তাভাবনা না করে তাদের হাতে তুলে দেন এ ধরনের পানীয়। কিন্তু যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক এক গবেষণায় দেখা যায়, সেখানে মাধ্যমিক পর্যায়ের স্কুলের শিশুরা অধিক মিষ্টিযুক্ত এনার্জি ড্রিংকস পান করলে তাদের মধ্যে অতিমাত্রায় সক্রিয়তার ঝুঁকি বেড়ে যায়। এ ধরনের শিশুদের মধ্যে অমনোযোগিতার লক্ষণও দেখা দিতে পারে। এদের অতিমাত্রায় সক্রিয় ও অমনোযোগী হওয়ার ঝুঁকির হার অন্য শিশুদের চেয়ে ৬৬ শতাংশ বেশি। গবেষকেরা যুক্তরাষ্ট্রের কানেটিকাট অঙ্গরাজ্যের একটি মাধ্যমিক বিদ্যালয়ের ১ হাজার ৬৪৯ শিক্ষার্থীকে নিয়ে এই গবেষণা চালান, যাদের গড় বয়স ১২ বছর ৪ মাস। তাঁরা আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকস থেকে মা-বাবাকে দেওয়া পরামর্শের সঙ্গে মিল রেখে শিশুদের অধিক মিষ্টিযুক্ত পানীয় গ্রহণ সীমিত পর্যায়ে রাখতে বলেছেন। আইএএনএস।