প্রস্রাবে সংক্রমণ: ৫ পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্রাবে সংক্রমণ অনেকেরই হয়। কেউ কেউ তো প্রায় নিয়মিত এ সমস্যায় ভোগেন। প্রস্রাবের সংক্রমণ কেবল নারীদেরই হয়ে থাকে—এ ধারণা ঠিক নয়। তবে মূত্রতন্ত্রের গঠনগত তফাতের কারণে একজন নারীর জীবদ্দশায় প্রস্রাবের সংক্রমণের ঝুঁকি ৫০ শতাংশেরও বেশি। কিন্তু শিশু ও বয়স্ক পুরুষদের ক্ষেত্রে এই হার কম নয়। কিছু সচেতনতা ও সতর্কতা এই সংক্রমণ থেকে আপনাকে সুরক্ষা দিতে পারে। এ বিষয়ে কয়েকটি পরামর্শ:
* অন্তঃসত্ত্বা নারীদের প্রজেস্টেরন হরমোনের প্রভাবে মূত্রাশয়ের মাংসপেশির সক্ষমতায় সমস্যা হয়। তা ছাড়া বাড়ন্ত জরায়ু মূত্রাশয়ের ওপর চাপ ফেলে। তাই গর্ভাবস্থায় নারীর প্রস্রাবে সংক্রমণের ঝুঁকি বাড়ে। গর্ভকালীন তলপেটে ব্যথার একটা বড় কারণও এটি।
* বেশি করে পানি পান করলে প্রস্রাবে সংক্রমণ এড়ানো যায়—কথাটা সব সময় ঠিক নয়। তবে প্রস্রাব আটকে রাখলে বা প্রস্রাব একবারে সম্পূর্ণ না হলে বা মূত্রাশয়ে জমে থাকলে তাতে জীবাণু সংক্রমণের ঝুঁকি বেশি।
* রক্তে শর্করার আধিক্য প্রস্রাব সংক্রমণের একটি বড় কারণ। তাই ডায়াবেটিসের রোগীরা সাবধান! শর্করা নিয়ন্ত্রণে রাখুন।
* প্রস্রাবে জ্বালাপোড়া বা ব্যথা করা মানেই সংক্রমণ নয়। অন্যান্য কারণেও এ রকম জ্বালা বা ব্যথা হতে পারে। তাই আন্দাজে দোকান থেকে অ্যান্টিবায়োটিক কিনে খাওয়া উচিত নয়। এতে হিতে বিপরীত হতে পারে: কোনো সংক্রমণ থাকলে তা ঢাকা পড়ে যাবে, আবার অকারণে অ্যান্টিবায়োটিক সেবনের নেতিবাচক প্রভাবও পড়তে পারে।
* ব্যক্তিগত পরিচ্ছন্নতা বোধ, টয়লেট ব্যবহারে সচেতনতা, বাড়ির বাইরে টয়লেট ব্যবহারে সংকোচ পরিহার ইত্যাদি অভ্যাস প্রস্রাবে সংক্রমণের ঝুঁকি অনেকটাই কমাতে সাহায্য করে। তারপরও বারবার সংক্রমণ হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
ডা. মৌসুমী মরিয়ম সুলতানা
মেডিসিন ও নেফ্রোলজি বিভাগ, ইউনাইটেড হাসপাতাল

প্রশ্নোত্তর
প্রশ্ন: ভারী জিনিস তোলার নিরাপদ উপায় কী?

উত্তর: বেশি ওজন তুলতে অন্য কারও সাহায্য নিন। একা যদি তুলতেই হয়, পুরো ওজনটাকে কয়েকটি ছোট ছোট ভাগে ভাগ করে নিয়ে তুলবেন। পুরোপুরি বসে তারপর ওজন তুলতে হবে। তাহলে চোট পাওয়ার আশঙ্কা কমে। নিজের শরীরের বাড়তি ওজনের কারণেও ব্যথা বাড়তে পারে। শক্ত বিছানায় শোবেন। কোমরব্যথা সারানোর জন্য বিভিন্ন ব্যায়াম রয়েছে। কোন ব্যায়ামটি আপনার উপযোগী, তা জানতে চিকিৎসকের পরামর্শ নিন।
অধ্যাপক সোহেলী রহমান
ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল