ফোন ছাড়া থাকতে পারি না, কোনো কিছুতে মনোযোগও দিতে পারি না, করণীয় কী?

রোগবালাই যেমন আছে, তেমনি আছে উপশমের উপায়। স্বাস্থ্য ও বিভিন্ন রোগ নিয়ে পাঠকদের পাঠানো প্রশ্নের উত্তর দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন

আমার বয়স ২০ বছর। আমার মেজাজ এই ভালো তো এই খারাপ। নিজেকে নিয়ে ভীষণ হতাশায় ভুগি। কোনো কাজ ঠিকমতো করতে পারি না। অনেক পড়েও পরীক্ষায় ভালো ফল করতে পারি না। পরীক্ষায় সহজ প্রশ্ন ভুল করি। স্নায়বিক দুর্বলতা কাজ করে। আমি কল্পনাপ্রবণ। সাধারণ বিষয় নিয়েও অনেক দুশ্চিন্তা হয়, হৃৎস্পন্দন বেড়ে যায়। প্রতিদিন ১০-১১ ঘণ্টা ফেসবুক, ইউটিউব ও টিকটিকে কাটাই। ফোন ছাড়া থাকতেই পারি না। কোনো কিছুতে মনোযোগ দিতে পারি না। পড়তে বসার ১৫ মিনিটের মধ্যে আগ্রহ হারিয়ে ফেলি। আমার করণীয় কী?

অলিভিয়া, ঢাকা

ছবি: আনস্প্ল্যাশ

পরামর্শ

মেজাজের এই ওঠানামা নানা কারণে হতে পারে। তীব্র উদ্বেগ, মানসিক চাপ, বিষণ্নতা ও বাইপোলার ডিজঅর্ডারের কারণে মেজাজের ঘন ঘন পরিবর্তন আর মনোযোগের অভাব দেখা দিতে পারে। থাইরয়েডের সমস্যা আছে কি না, সেটিও পরীক্ষা করতে হবে। আপনি একসঙ্গে অনেক কাজ হাতে নেবেন না। ছোট ছোট ভাগ করে নিজের কাজগুলো করবেন। পরীক্ষায় ভালো করার চিন্তা বেশি আসতে থাকলে পড়ায় মন বসবে না। সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার কমাতে প্রিয়জনদের সঙ্গে সময় কাটান, বই পড়ুন ও মুভি দেখুন। ইউটিউব দেখে মাইন্ডফুলনেস, রিলাক্সেশনের চর্চা করতে পারেন। বিষণ্নতা বা বাইপোলারের কারণে এমন হলে অবশ্যই ওষুধ খেতে হবে। প্রয়োজনে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের বহির্বিভাগে যোগাযোগ করতে পারেন।

পরামর্শ দিয়েছেন—ডা. হেলাল উদ্দিন আহমেদ, সহযোগী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা

প্রশ্ন পাঠানোর ঠিকানা

স্বাস্থ্য জিজ্ঞাসা

ই–মেইল: [email protected]

ফেসবুক: www.facebook.com/ProShastho

ডাকযোগে: প্র স্বাস্থ্য, প্রথম আলো, ১৯ কারওয়ার বাজার, ঢাকা ১২১৫