বন্যায় রোগবালাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্যার সময় পানিতে ডুবে ও সাপের কামড়ে মৃত্যুর সংখ্যা বেড়ে যায়। বিশুদ্ধ পানির অভাব, মলমূত্র ও রাসায়নিকের কারণে কলেরা, ডায়রিয়া ইত্যাদি রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। অনেক মানুষ একসঙ্গে থাকার কারণে শ্বাসনালির প্রদাহ, ফ্লু, হাঁপানি, স্ক্যাবিস, ফুসকুড়ি, ফোড়া ইত্যাদি দেখা দেয়। মশাবাহিত রোগ যেমন ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া বেশি হয়।

তবে বন্যা-পরবর্তী সময়েও নানা সংক্রামক ও অসংক্রামক ব্যাধির শিকার হয় মানুষ। বন্যার্ত মানুষকে মানবিক সাহায্য দেওয়ার সময় এদিকেও নজর দেওয়া জরুরি। বন্যাকবলিত এলাকার ৪০ শতাংশ মৃত্যুর কারণ বন্যা-পরবর্তী ডায়রিয়াজনিত রোগ। তাই বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করা সবচেয়ে জরুরি বিষয়। বন্যাকবলিত এলাকায় পানি বিশুদ্ধকরণ বড়ি, স্যালাইন লাগবে প্রচুর। এ ছাড়া জন্ডিস, টাইফয়েড-জাতীয় পানিবাহিত রোগের কথাও মাথায় রাখতে হবে। চাই যথেষ্ট অ্যান্টিবায়োটিকের সরবরাহ। শিশুরা নিউমোনিয়া, শ্বাসনালির প্রদাহ, কনজাংটিভাইটিস, মেনিনজাইটিস, ত্বকে ছত্রাক সংক্রমণে বেশি ভুগতে পারে। প্রাক্‌-দুর্যোগ ভ্যাকসিন প্রদান, সঠিক সময়ে অ্যান্টিবায়োটিক, পরিচ্ছন্নতা বোধ, সঠিক পুষ্টি, নিরাপদ খাবার এই রোগগুলোকে প্রতিহত করতে পারে। ত্রাণ হিসেবে শুকনো, টিনজাত বা প্যাকেটজাত খাবার ভালো, কিন্তু যথেষ্ট পুষ্টিমান বা ক্যালরির বিষয়টি নিশ্চিত করতে হবে। অন্যথায় শিশুরা দ্রুত অপুষ্টি, আমিষের অভাবে আক্রান্ত হবে, রোগবালাই বাড়বে।

বন্যার সুদূরপ্রসারী কিছু প্রভাব আছে। ডায়াবেটিস ও রক্তচাপের রোগীর শর্করা ও রক্তচাপ অনিয়ন্ত্রিত হয়ে পড়ে। সাধারণ দৈনন্দিন ওষুধ ও মেডিকেল সার্ভিসের ব্যাঘাত ঘটার কারণে হয় এটা। নানা ধরনের মানসিক সমস্যা, যেমন দুঃস্বপ্ন, নিদ্রাহীনতা, ক্ষুধামান্দ্য বেড়ে যায়।