বর্ষায় ত্বকে ছত্রাক সংক্রমণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ষাকালে আর্দ্র আবহাওয়ায় ত্বকে ছত্রাক সংক্রমণের ঝুঁকি বেশি। বৃষ্টিতে ভিজলে বা গরমে ঘামলে ঠিকমতো ত্বক না শুকালেই এমনটা বেশি ঘটে। বাতাসের আর্দ্রতা বেশি থাকলে এসব ছত্রাক বিস্তারের মাত্রা বেড়ে যায়।
আমাদের শরীরের কয়েকটি অংশ দীর্ঘক্ষণ কাপড় দিয়ে ঢাকা থাকে এবং অতিরিক্ত ঘামে। যেমন: বগল, মাথার পেছনের অংশ, তলপেট ও কুঁচকি। এসব স্থানে একধরনের ছত্রাকের সংক্রমণের ফলে চাকার মতো গোলাকার ক্ষতের সৃষ্টি হয়। এ ক্ষতের মাঝখানটা স্বাভাবিক ত্বকের মতোই, শুধু চারপাশের সীমানা একটু লালচে ও উঁচু। এতে খুবই চুলকানি হয়। আর সেটা ধীরে ধীরে ছড়াতে থাকে।
আরেক ধরনের ছত্রাক সংক্রমণের ফলে আঙুলের ফাঁকে, নখে, বগলের ভাঁজে, নারীর স্তনের নিচে ভেজা ভেজা একধরনের ক্ষত সৃষ্টি হয়। ক্ষতস্থান থেকে সাদা চামড়া উঠতে দেখা যায়, অনেক সময় লালচে ভাবও দেখা দেয়। আক্রান্ত স্থানে ব্যথা ও চুলকানি হয়।
এই মৌসুমে ছত্রাক সংক্রমণের ফলে অনেক সময় ত্বকে সাদা ছোপ ছোপ দাগ বা কালো দাগ দেখা দেয়। এতে অবশ্য চুলকানি হয় না।
কী করবেন?
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ছত্রাকরোধী ক্রিম বা অয়েন্টমেন্ট লাগান এবং ওষুধ সেবন করুন। ক্ষেত্রবিশেষে দুই থেকে ছয় মাস পর্যন্ত চিকিৎসার প্রয়োজন হতে পারে। এই মৌসুমে ত্বকের যত্নে কয়েকটি পরামর্শ:
 প্রতিদিন দু-তিনবার গোসল করুন। গোসলের পর ভালোভাবে ত্বক মুছে নিন।
 পরিষ্কার-পরিচ্ছন্ন, ঢিলেঢালা, আরামদায়ক পোশাক পরতে হবে।
 অতিরিক্ত ঘাম হলে ভেজা কাপড় দিয়ে ঘাম মুছে ফেলুন। ত্বক ভেজা রাখা চলবে না।
 প্রচুর পানি পান করুন।
 ভিটামিন সি-সমৃদ্ধ খাবার খান।