বিশেষ দিনগুলোতে ব্যথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাসিকের সময় বা মাসিকের আগে তলপেটে ব্যথা বা তলপেট ভারী লাগার বিরক্তিকর সমস্যা অনেক নারীকেই খুব ভোগায়। পাশাপাশি মাথাব্যথা, দুর্বলতা, বমি বা পাতলা পায়খানাও হতে পারে এ সময়। তলপেট ছাড়াও কোমরে ব্যথা হতে পারে। সেই ব্যথা পায়ের দিকে ছড়িয়েও পড়তে পারে। কারও এই ব্যথা সামান্য অনুভব হয়, আবার কারও এত তীব্র হয় যে প্রাত্যহিক কাজ করাই কষ্টকর হয়ে পড়ে।
স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় হরমোনের তারতম্যের কারণে শতকরা ২০ থেকে ৮০ ভাগ নারী এমন সমস্যার মুখোমুখি হয়ে থাকেন। সাধারণত মাসিকের পরবর্তী তিন-চার দিনেই এসব উপসর্গ কেটে যায়। বেশির ভাগ ক্ষেত্রেই এসব উপসর্গ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এসব সমস্যা কমে। কিছু অভ্যাস রপ্ত করতে পারলে উপসর্গগুলো মোকাবিলা করা সহজ হয়:
* নিয়মিত ব্যায়ামের অভ্যাস গড়ে তুলুন। মাসিকের সময়টাতেও হালকা ব্যায়াম করতে পারেন।
* মানসিক চাপ থেকে মুক্ত থাকার চেষ্টা করুন। যোগব্যায়ামও করতে পারেন।
* মাসিকের সময় দৈনন্দিন স্বাভাবিক কাজগুলো চালিয়ে যাওয়ার চেষ্টা করুন। পর্যাপ্ত বিশ্রাম নিন।
* পর্যাপ্ত পানি পান করুন।
তবে অতিরিক্ত ব্যথা হলে, অতিরিক্ত রক্তস্রাব হলে কিংবা মাসিক অনিয়মিত হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কারণ কখনো কখনো সাধারণ এ সমস্যাগুলোর আড়ালে কিছু জটিল রোগ লুকিয়ে থাকতে পারে, যেমন জরায়ুর টিউমার এবং ডিম্বাশয়ের টিউমার বা সিস্ট।

ডা. ফাহমিদা তুলি
স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল