ভালো থাকুন
বিশেষ স্কুল যখন বন্ধ তখন যা করবেন
শিশুকে খেলনা আদান–প্রদান করা বা পরিবারের সবার সঙ্গে পরিচিত হওয়া শেখান
অটিজম বা অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডার হলো জটিল স্নায়বিক বিকাশজনিত বৈকল্য। এটি শিশুর যোগাযোগ, সামাজিক ও আচরণের দক্ষতায় ভিন্নতা আনে বা একই কাজ বারবার করার প্রবণতা তৈরি করে। সাধারণত শিশুর প্রথম দুই-তিন বছরের মধ্যেই অটিজমের বৈশিষ্ট্য প্রকাশ পায়।
অটিজম চিকিৎসায় অকুপেশনাল থেরাপি একটি আধুনিক ও বিজ্ঞানসম্মত চিকিৎসাসেবা। অকুপেশনাল থেরাপিস্ট এ ক্ষেত্রে নিজে নিজে কাজ করার দক্ষতা বৃদ্ধি, সামাজিক দক্ষতা বৃদ্ধি, মনোযোগ বৃদ্ধি, আচরণগত পরিবর্তন, অনুভূতিগুলোর সমন্বয়, খেলাধুলার দক্ষতা বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক শিক্ষার জন্য শিশুকে প্রস্তুত করাসহ নানাভাবে সহযোগিতা করতে পারেন। তবে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে এখন বিশেষ স্কুল বা থেরাপি সেন্টারগুলো বন্ধ। এ কারণে বাড়িতে বিশেষ শিশুদের যত্ন নিয়ে বাবা–মায়েরা কিছুটা বিপাকে পড়েছেন। তাঁদের জন্য কিছু পরামর্শ।
শিশুর জন্য একটি রুটিন তৈরি করুন। ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত সব কাজ থাকবে এতে। রুটিন অবশ্যই মেনে চলবেন।
শিশুকে সামাজিক দক্ষতা শেখানো যেমন সালাম দেওয়া, হাততালি, হাত নেড়ে বিদায় জানানো, কুশল বিনিময়, টাকা চেনানো, ফোন ধরা ইত্যাদি।
শরীরের অঙ্গ চেনানোর এবং কোন অঙ্গ দিয়ে কী কাজ করা হয়, তা শেখানোর চেষ্টা করুন।
শিশুদের যে অনুভূতিগুলোয় সমস্যা আছে, একজন অকুপেশনাল থেরাপিস্টের পরামর্শ নিয়ে সেই অনুভূতির বিষয়ে কাজ করা।
নিজের কাজগুলো যেমন মুখ ধোয়া, দাঁত মাজা, খাবার খাওয়া, টয়লেট করা ইত্যাদির অভ্যাস তৈরি করুন।
বাসায় শিশুর চারপাশ এমনভাবে সাজিয়ে দিন, যাতে একই জায়গায় শিশু বিভিন্ন পরিবেশে বেড়ে উঠতে পারে।
শিশুকে খেলনা আদান–প্রদান করা বা পরিবারের সবার সঙ্গে পরিচিত হওয়া শেখান।
হাত দিয়ে কাজ করার দক্ষতা যেমন দুই হাত দিয়ে একসঙ্গে কাজ করা, ছোট ছোট জিনিস ধরার অভ্যাস যেমন বোতাম লাগানো, কলম ধরা, ব্রাশ ধরা ইত্যাদি শেখান।
শিশুকে বড় কাজ ছোট ছোট ভাগ করে শেখান। যেমন, লেখা শেখানো। এ ক্ষেত্রে প্রথমে লক্ষ করুন শিশু কলম বা পেনসিল চেনে কি না। তারপর দেখুন শিশু কলম বা পেনসিল ধরতে পারে কি না। কলম দিয়ে কী করতে হবে, সেটা বোঝে কি না, তা–ও বোঝার চেষ্টা করতে হবে। শিশুর হাত দিয়ে কলম বা অন্য কিছু ধরতে সমস্যা হচ্ছে কি না, খেয়াল করুন। লেখা শিখতে শিশুকে যেভাবে সাহায্য করবেন:
শিশুকে বারবার কলম ধরে চেনানো এবং কলমের ব্যবহার সম্পর্কে বোঝানো।
কলমের বিকল্প কিছু যেমন রংপেনসিল ধরা শেখনো।
কলমের ক্যাপ কীভাবে খুলতে হয়, তা শেখানো।
কলম ধরা এবং ধীরে ধীরে লেখা শেখানো।
সবশেষে খাতা–কলম গুছিয়ে রাখা শেখানো।
প্রতিটি কাজই এভাবে আলাদা করে শেখাতে হবে। সপ্তাহে এক দিন নির্দিষ্ট সময়ে পরিবারের সবাই মিলে নানা ধরনের মজা করুন ও শিশুকেও তাতে অংশ নিতে উৎসাহিত করুন। প্রতিদিন শিশুকে ঘুরতে নিয়ে যান বা খেলাধুলার সুযোগ করে দিন। ছবির মাধ্যমে গল্প বলে কোনো জিনিস বোঝানোর চেষ্টা করুন। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশ নিন বা সামাজিক অনুষ্ঠানগুলোর স্থিরচিত্র শিশুকে দেখান। শিশুকে ঘরবন্দী করে রাখবেন না।
মো. সুমন সরকার, ক্লিনিক্যাল অকুপেশনাল থেরাপিস্ট বাংলাদেশ থেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন ফাউন্ডেশন (বিটিআরএফ)