ব্যায়াম: ঘরে না বাইরে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময়, সুযোগ ও পর্যাপ্ত জায়গার অভাবে অনেকেই বাইরে গিয়ে ব্যায়াম করতে পারেন না। ব্যায়ামাগারে গিয়েই যে ব্যায়াম করতে হবে, বিষয়টি তা-ও নয়। কিন্তু ঘরে আর বাইরে যেখানেই হোক, ব্যায়াম করা উচিত নিয়মিত। অনিয়মিত ব্যায়াম করলে সুফল পাওয়া যাবে না।

বাইরে হাঁটতে বা ব্যায়াম করতে চাইলে ভোরবেলা বেরোনো ভালো। ধুলাবালি, গাড়ি-ঘোড়া আর শব্দদূষণ কম তখন। হাঁটতে হাঁটতে মাঝে খানিক বিশ্রাম নিতে পারেন, পার্কে ফুল-লতা-পাতার মাঝে খানিকটা সময় কাটালে মনটাও ভালো হবে। হাঁটার মাঝের বিরতিতেও হালকা ব্যায়াম করতে পারেন। পরিবারের অন্য কাউকে বা বন্ধুদের সঙ্গে নিয়ে হাঁটতে পারেন। হাঁটতে গিয়ে নতুন বন্ধু খুঁজে পাওয়ার ঘটনাও বিরল নয়। বন্ধু বা স্বজনদের সঙ্গে বেরোলে ব্যায়াম নিয়মিত করার আগ্রহ বাড়ে।
বাইরে যাওয়ার সুযোগ না থাকলে ছাদে বা বারান্দায় হাঁটতে পারেন। বাড়িতে করিডোরে, এমনকি ঘরের মধ্যেও হাঁটা ভালো। ঘর ছোট হলে একই জায়গার মধ্যে বেশ কয়েকবার হাঁটুন, উপকার পাবেন। তবে ব্যায়াম করার জন্য হাঁটলে ঘরেও কেডস পরে হাঁটুন; খালি পায়ে হাঁটলে পায়ে ব্যথা হতে পারে।
হাঁটার সময় শ্বাসের ব্যায়ামও করতে পারেন। এতে হাঁটার স্পৃহা বাড়বে। ট্রেডমিলে হাঁটতে পারেন। নিজে ঠেলে চালাতে হয় এমন ট্রেডমিলে হাঁটলে পায়ে ব্যথা হতে পারে। তাই ইলেকট্রিক ট্রেডমিলে হাঁটা ভালো। আর এতে হাঁটার গতি, হৃৎপিণ্ডের গতি এবং ক্যালরি খরচের হিসাব দেখা গেলে সেটিও বাড়তি সুবিধা। বাইরে সাইকেল চালানোর সুযোগ না পেলে ঘরেও স্থির সাইকেল চালানো যায়। স্থির সাইকেল বা ট্রেডমিলে ব্যায়াম করতে করতে গান শোনা বা টিভি দেখা যায়। মনোযোগ অন্যদিকে থাকলে ব্যায়ামের কষ্ট কম অনুভব হয়।
বুকডন, দড়িলাফ, ডাম্বেল এক্সারসাইজ করা যায় বাড়িতেই। পেটের মেদ কমানোর ব্যায়াম, কাঁধব্যথা বা হাঁটুব্যথার ব্যায়ামও ঘরে করা সম্ভব। বৃদ্ধ ও বয়স্করা পরিমিত ব্যায়াম করতে পারেন বাড়িতে, এতে হাড়ক্ষয় রোগ বা অস্টিওপোরোসিস অনেকাংশেই প্রতিরোধ করা যায়।

বিভাগীয় প্রধান, ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল