বৃষ্টি-বাদলা, বিরূপ আবহাওয়ায় বাইরে ব্যায়াম করার সুযোগ কম। তাই বলে কি বন্ধ থাকবে ব্যায়াম? বিকল্প ব্যবস্থা করে নিতে হবে। ট্রেডমিল বা স্থির সাইকেল (স্টেশনারি বাইক) ব্যবহারের সুযোগ সবার নেই। তবে বাড়তি উপকরণ ছাড়াও বাড়িতে ব্যায়াম করা যায়।
পিঠ সোজা রেখে দাঁড়ান। পা খানিকটা দূরত্বে থাকবে। পিঠ সোজা রাখতে পেটের মাংসপেশি সামান্য কুঁচকে নিতে পারেন। এবার শরীর থেকে বেশ খানিকটা সামনে ডান পা ফেলুন, পা ফেলার সময় প্রথমে পায়ের গোড়ালি রাখবেন। শরীরটা সামনের দিকে আনুন। ডান ঊরু মোটামুটিভাবে মেঝের সমান্তরাল হওয়ার আগ পর্যন্ত শরীরটা সামনে আনতে হবে। এই অবস্থায় বাঁ হাঁটু যখন মেঝে স্পর্শ করবে, তখন বাঁ ঊরু মেঝের সমকোণে থাকবে; বাঁ পায়ের আঙুলগুলো ভাঁজ অবস্থায় মাটিতে থাকবে আর বাঁ পায়ের গোড়ালি মাটি থেকে ওপরে থাকবে। শরীরের শতকরা প্রায় ৭০ ভাগ ভর থাকবে আপনার ডান পায়ের ওপর। পুরোটা সময় পিঠ সোজাই থাকবে। কিছু সময় এ অবস্থায় থাকার পর ডান পায়ের সাহায্যে নিজেকে শুরুর অবস্থায় ফিরিয়ে আনুন। ডান পায়ের জন্য ব্যায়ামটি কয়েকবার করে নিয়ে এরপর বাঁ পায়ের জন্য আরও কয়েকবার অনুশীলন করুন। এই ব্যায়ামকে বলা হয় ফরওয়ার্ড লাঞ্জ।
প্রথম ব্যায়ামটি একটু উল্টো নিয়মে করলেই তা হয়ে যায় রিভার্স লাঞ্জ। সোজাভাবে দাঁড়ান। এবার বাঁ পা বেশ খানিকটা পেছনে নিয়ে যান; বাঁ পায়ের পাতা প্রথমে মেঝে স্পর্শ করবে। এরপর বাঁ হাঁটু নিচে নামাতে থাকুন। বাঁ হাঁটু যখন মেঝে স্পর্শ করবে, তখন বাঁ পায়ের নিচের অংশ ও ঊরুর মাঝে প্রায় ৯০ ডিগ্রি কোণ তৈরি হবে। আর শরীরটা পেছন দিকে আনার ফলে ডান হাঁটুও ৯০ ডিগ্রি কোণে বেঁকে থাকবে। এই অবস্থায় অল্প কিছু সময় থাকার পর বাঁ পায়ের সাহায্যে মেঝেতে ধাক্কা দিয়ে শরীরটাকে প্রাথমিক অবস্থায় ফিরিয়ে আনুন। এই ব্যায়ামও দুই পায়ের জন্য সমানসংখ্যক বার করতে হবে। এ ক্ষেত্রেও পুরোটা সময়ই পিঠ সোজা রাখতে হবে।