ভারী ব্যাগ বহনে যা খেয়াল রাখবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারী ব্যাগ বহনের কারণে শিশু ও উঠতি বয়সীরা ঘাড় ও পিঠে ব্যথাসহ নানা ধরনের সমস্যায় পড়ে থাকে, যাকে ‘স্কুলব্যাগ সিনড্রোম’ বলা হয়। তবে ব্যাগ বহন করার ক্ষেত্রে সব বয়সী মানুষের জন্যই কিছু বিষয় খেয়াল রাখা প্রয়োজন: Ñ
*এক কাঁধে অনেকটা ওজন বহন করা ঠিক নয়, এতে ঘাড়ে ব্যথা বা টান লাগতে পারে। হাত ঝিনঝিন করতে পারে। ভারী জিনিস বহন করতে হলে স্কুলব্যাগের মতো করে পিঠে ঝুলিয়ে নেওয়ার উপযোগী ব্যাগ ব্যবহার করুন। এতে পুরো ওজন কাঁধের দুপাশেই সমানভাবে পড়বে।
*বেশি ভারী জিনিস বহন করতে হলে ওজনটাকে ভাগ করে নিন। পিঠের ব্যাগে কিছু জিনিস রাখুন। আরও দুটি ব্যাগে বাকি জিনিস সমান ওজনে ভাগ করে নিয়ে দুই হাতে বহন করুন।
*ব্যাগ বহনের সময় অবশ্যই মেরুদণ্ড সোজা রাখুন, ঘাড় বা পিঠ বেঁকিয়ে ব্যাগ নেবেন না।
*ব্যাগের যে অংশের (বেল্ট) সাহায্যে সেটিকে কাঁধে ঝোলানো হয়, সেখানে চওড়া ও পুরু প্যাড থাকলে ভালো। এতে ব্যাগের ওজন পুরো কাঁধে ছড়িয়ে পড়বে, ফলে কাঁধের নির্দিষ্ট কোনো জায়গায় চাপ কম লাগবে।
*পিঠে বহনের সময় ব্যাগ যেন বেশি নিচু হয়ে বা ঝুলে না থাকে, সেদিকে খেয়াল রাখুন। প্রয়োজনে বেল্টটা কম-বেশি করে নিন।
*ব্যাগ এমনভাবে গোছাতে হবে যেন বহনের সময় ব্যাগের সবচেয়ে ভারী জিনিসটা মেরুদণ্ডের কাছে থাকে। এক কাঁধে ব্যাগ নিলে কিছুক্ষণ পরপর কাঁধ পাল্টে নিতে হবে।
*ব্যাগের নিজের ওজন খুব বেশি হলে সেটি বহন করার কারণেও ঘাড়ব্যথা হতে পারে। তাই হালকা ব্যাগ ব্যবহার করুন।
*ভারী ব্যাগ তোলার সময় শরীর যেন ব্যাগ থেকে খুব বেশি দূরে না থাকে, সেদিকে খেয়াল রাখুন।
*শিশুরা নিজের ওজনের ১০ শতাংশের বেশি ওজন বহন করলে তাদের মাংসপেশিসহ অন্যান্য অংশে সমস্যার সৃষ্টি হয়। তাই এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের সচেতনতা জরুরি।
অধ্যাপক সোহেলী রহমান
বিভাগীয় প্রধান, ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল

>

 

প্রশ্নোত্তর
প্রশ্ন: নিয়মিত দাঁত ব্রাশ করা ছাড়াও কি দাঁত পরিষ্কারের আর কোনো পদ্ধতি আছে?
উত্তর: শুধু দাঁত ব্রাশ করলেই ময়লা বা খাদ্যকণা পরিষ্কার হয় না, কারণ দাঁতের ফাঁকে বা মাড়ির ভেতরে অনেক সময় খাদ্যকণা জমা থেকে পচন শুরু হয়। তাই দাঁত ব্রাশ করা ছাড়াও নিয়মিত ডেন্টাল ফ্লস (এক ধরনের পিচ্ছিল সুতা) বা ডেন্টাল টুথ পিকসের (এক ধরনের জীবাণুমুক্ত শলাকা) সাহায্যে খাদ্যকণাগুলো বের করা প্রয়োজন।
অধ্যাপক অরূপ রতন চৌধুরী, দন্ত বিভাগ, বারডেম হাসপাতাল