মধ্যরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। আপনার বুকের ওপর ভারী কিছু চেপে বসে আছে—এমন অনুভব হলো। সেটা এত বেশি ভারী যে নিশ্বাস আটকে আছে। সবচেয়ে ভয়ংকর ব্যাপার হলো, আপনি শরীরের কোনো অংশ নাড়াতে পারছেন না। এমনকি গলা দিয়ে কোনো আওয়াজও করতে পারছেন না। এ রকম ভীতিকর পরিস্থিতিতে অনেকেই পড়েন। কেউ এ সমস্যাকে বলেন ‘বোবায় ধরা’। আবার অনেকে ভাবেন, দুঃস্বপ্নই এর কারণ। এ নিয়ে আছে অনেক কুসংস্কারও।
চিকিৎসাবিজ্ঞানে এ সমস্যার নাম ‘স্লিপ প্যারালাইসিস’। যখন আমাদের মস্তিষ্ক গভীর ঘুমের এক পর্যায় থেকে আরেক পর্যায়ে যায়, তখন এমন আতঙ্কজনক অনুভূতি হতে পারে। স্লিপ প্যারালাইসিস হলে বিচিত্র সব অভিজ্ঞতা হতে পারে। কেউ ঘরের ভেতর অশরীরী কিছুর উপস্থিতি টের পান, কেউ কোনো দুর্গন্ধ পান, কেউ আবার কোনো ভয়ংকর প্রাণীর কথা ভাবেন। অর্থাৎ নানা ধরনের হ্যালুসিনেশনের (কল্পিত দৃশ্য) সৃষ্টি হয়। এ সময় মস্তিষ্ক সতর্ক হয়ে মানুষকে ঘুম থেকে জাগিয়ে তুললেও ইন্দ্রিয় তখনো ঘুমে আচ্ছন্ন থাকে বলে সবকিছু অবাস্তব মনে হয় এবং আধঘুমে ঘটছে বলে মনে হয়। এ অবস্থায় শ্বাসকষ্টও হতে পারে। এটা আসলে একটি ঘুমজনিত অস্বাভাবিকতা বা স্লিপ ডিসঅর্ডার। যাদের অনিদ্রার সমস্যা আছে, তাদেরই এটি বেশি হয়। এ ছাড়া অতিরিক্ত মানসিক চাপ, পর্যাপ্ত বিশ্রামের অভাব, অনিয়মিত ঘুমও এর জন্য দায়ী।
পরিত্রাণ কী?
স্লিপ প্যারালাইসিস সাধারণত একটি সাময়িক সমস্যা এবং এতে ভয়ের কিছু নেই। কিন্তু বারবার এবং ঘন ঘন এমন ঘটতে থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। পরিত্রাণের জন্য স্বাভাবিক ঘুম চাই। প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া এবং নির্দিষ্ট সময়ে জাগা উচিত। ঘুমের জন্য চাই সুন্দর ও নিরিবিলি পরিবেশ। ঘুমানোর আগে টিভি দেখা বা মস্তিষ্কে চাপ পড়ার মতো কোনো কাজ থেকে বিরত থাকতে হবে।
ডিন, মেডিসিন অনুষদ, বিএসএমএমইউ