স্বাস্থ্য জিজ্ঞাসা
মাথায় খুশকি, চুলও পড়ে যাচ্ছে, কী করব?
রোগবালাই যেমন আছে, তেমনি আছে উপশমের উপায়। স্বাস্থ্য ও বিভিন্ন রোগ নিয়ে পাঠকদের পাঠানো প্রশ্নের উত্তর দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা।
প্রশ্ন ১
আমার বয়স ১৪ বছর। আমার চুল পেকে যাচ্ছে। দুই বছর আগে মাথায় একটি পাকা চুল দেখতে পাই। তারপর ধীরে ধীরে এ সংখ্যা বাড়তে থাকে। এখন এ সংখ্যা বেড়ে প্রায় ৪০। আমার কী করণীয়?
নাম প্রকাশে অনিচ্ছুক
পরামর্শ ১
চুল পাকার বিষয়টি অনেকটাই বংশগত। পরিবারে অন্যদেরও কম বয়সে চুল পাকার সমস্যা দেখা যায়। এ ছাড়া থাইরয়েড, ভিটিলিগো বা শ্বেতি রোগ, অপুষ্টি ও অন্যান্য কিছু রোগে অকালে চুল পাকতে পারে। যে কারণেই হোক, পাকা চুল আবার কালো করার প্রাকৃতিক উপায় নেই। তবে কারণ খুঁজে বের করলে পরবর্তী সময়ে চুল পাকা রোধ করা যেতে পারে। প্রচুর তাজা ফলমূল, শাকসবজি খাবেন। ধূমপান থেকে বিরত থাকবেন।
পরামর্শ দিয়েছেন—অধ্যাপক ডা. মো. আসিফুজ্জামান, বিভাগীয় প্রধান, চর্ম ও যৌন বিভাগ, গ্রিন লাইফ মেডিকেল কলেজ, ঢাকা।
প্রশ্ন ২
আমার বয়স ৩০ বছর। উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৫৮ কেজি। আমার মাথায় প্রচুর পরিমাণে খুশকি, যা শীতকালে আরও বেড়ে যায়। বর্তমানে অনেক চুল পড়ে যাচ্ছে। বাজারে খুশকিনাশক যেসব শ্যাম্পু পাওয়া যায়, সেগুলো ব্যবহার করেও আশানুরূপ ফল পাইনি। কী করতে পারি?
মো. রুবেল হোসেন, যশোর
পরামর্শ ২
অতিরিক্ত চুল পড়া সত্যিই বেশ চিন্তার বিষয়। তবে প্রাথমিক পর্যায়ে উপযুক্ত পদক্ষেপ নিলে চুল পড়া কমানো সম্ভব। তবে এ সমস্যায় প্রথমেই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো। এরপর টায়ফয়েড, ডায়াবেটিস, বায়োটিন ডিফিশিয়েন্সি বা এ রকম অন্য কোনো শারীরিক সমস্যা আছে কি না, তা পরীক্ষা–নিরীক্ষা করে নিশ্চিত হতে হবে। চুল পড়ার কারণ যেটাই হোক না কেন, আপনাকে এই সমস্যা সমাধানে কিছু পদক্ষেপ নিতে হবে। যেমন—
• খুশকিনাশক শ্যাম্পু ব্যবহার করতে পারেন।
• ক্লোব্যাক্টেরোল প্রিপারেশন
• বায়োটিন সাপ্লিমেন্ট গ্রহণ
• কন্ডিশনার ব্যবহার ইত্যাদি।
পরামর্শ দিয়েছেন—ডা. ইসাবেলা কবির, কনসালট্যান্ট, চর্ম ও যৌনরোগ বিভাগ, ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতাল, ঢাকা।