বাংলাদেশে মরণব্যাধিগুলোর একটি ক্যানসার। স্তন ক্যানসার এর অন্যতম। বিশ্বব্যাপীও এটি মৃত্যুহার বৃদ্ধির জন্য দায়ী রোগের তালিকায় রয়েছে। তাই এ ক্যানসার যাতে প্রাথমিক পর্যায়েই প্রতিরোধ করা যায়, সে জন্য এর উপসর্গ সম্পর্কে যথেষ্ট ধারণা রাখতে হবে। কারণ, স্তন ক্যানসার খুবই মারাত্মক। তবে আশার কথা হলো, প্রাথমিক পর্যায়ে এ রোগ শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করলে জটিলতা এড়ানো যায়। আর এর জন্য প্রয়োজন জনসচেতনতা বৃদ্ধি করা।
এই লক্ষ্যে এসকেএফ অনকোলোজি নিবেদিত ‘বিশ্বমানের ক্যানসার চিকিৎসা এখন বাংলাদেশে’ অনুষ্ঠানের দ্বাদশ পর্বে স্তন ক্যানসার নিয়ে আলোচনার জন্য অতিথি হিসেবে যোগ দেন অধ্যাপক সৈয়দ আকরাম হোসেন (সিনিয়র কনসালটেন্ট ও কো-অর্ডিনেটর, অনকোলোজি বিভাগ, স্কয়ার হাসপাতাল লিমিটেড ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, অনকোলোজি বিভাগ, বিএসএমএমইউ) ও ডা. সাজ্জাদ মোহাম্মদ ইউসুফ (সহযোগী অধ্যাপক, রেডিওথেরাপি বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল)। এ অনুষ্ঠানের আলোচ্য বিষয় স্তন ক্যানসার।
অনুষ্ঠানটি সরাসরি প্রথম আলো ও এসকেএফের ফেসবুক পেজে সম্প্রচারিত হয়। সঞ্চালনার দায়িত্বে ছিলেন ডা. মো. শাহরিয়ার ইসলাম।
অধ্যাপক সৈয়দ আকরাম হোসেন বলেন, গবেষণায় দেখা গেছে, পশ্চিমা দেশগুলোর মধ্যে স্তন ক্যানসার আক্রান্ত নারীদের অধিকাংশের বয়স ৫০-এর বেশি। কিন্তু আমাদের দেশে বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায়, ৪৪ বছর বয়সসীমার নারীরা স্তন ক্যানসার বেশি আক্রান্ত হচ্ছেন। সাধারণত অল্প বয়সে যে ধরনের ক্যানসার হয়ে থাকে, সেগুলো বেশি আগ্রাসী হয়ে থাকে।
স্তন ক্যানসারের প্রধান লক্ষণ হলো স্তনে চাকা অনুভূত হওয়া। এ ছাড়া স্তনের যেকোনো অংশে চামড়া কুঁচকে যেতে পারে কিংবা ঘা হতে পারে। অনেকের স্তনের আশপাশে ফোড়া কিংবা স্তনের রং লালচে বা কমলার খোসার মতো হয়ে যেতে পারে। অনেক রোগী প্রাথমিক পর্যায়ে স্তনে চাকা অনুভূত হলেও তা অবহেলা করেন এবং পরবর্তী সময়ে যখন ব্যথা অনুভব করেন ও চাকাটি বড় আকার ধারণ করে, তখন চিকিৎসকের পরামর্শ নিতে যান, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কারণ, ব্যথা সাধারণত স্তন ক্যানসারের প্রাথমিক পর্যায়ে থাকে না, এর বিস্তৃতির সঙ্গে সঙ্গেই ব্যথাও ছড়িয়ে পড়ে। অনেক সময় বগলে চাকা অনুভূত হতে পারে। আবার অনেক রোগীর স্তনবৃন্ত ভেতরের দিকে ঢুকে যায় বা তা থেকে রক্ত কিংবা তরল নিঃসৃত হতে পারে। এসব ক্ষেত্রে অবশ্যই দেরি না করে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে।
ডা. সাজ্জাদ মোহাম্মদ ইউসুফ বলেন, স্তন ক্যানসারের কারণ বলতে গেলে খুব নির্দিষ্ট করে কিছু বলা যায় না, তবে এর ঝুঁকি সম্পর্কে জানা থাকলে সচেতন থাকা সম্ভব। স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার কারণগুলোর মধ্যে কিছু রয়েছে যেগুলো অপরিবর্তনযোগ্য এবং কিছু রয়েছে পরিবর্তনযোগ্য। অপরিবর্তনযোগ্য কারণগুলোর মধ্যে একটি হলো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এ ক্যানসারে আক্রান্ত হওয়ার আশঙ্কাও বাড়তে থাকে।
জেনেটিক কারণেও এতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। এ ছাড়া নারীদের ঋতুস্রাব অল্প বয়সে শুরু হয়ে দেরিতে বন্ধ হলেও স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। আবার বুকে কিংবা স্তনে রেডিওথেরাপি দিলেও রোগী স্তন ক্যানসারে আক্রান্ত হতে পারেন। অনেক সময় নারীদের এক স্তন থেকে অন্য স্তনে ক্যানসার ছড়িয়ে যায়। তা ছাড়া কিছু পরিবর্তনযোগ্য কারণ রয়েছে যেগুলো জানা থাকলে স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমানো যায়।
যেসব নারী বেশি বয়সে বিয়ে করেন কিংবা অনেক দেরিতে মা হয়ে থাকেন তাঁদের ক্ষেত্রে এ ক্যানসারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আবার ব্যায়াম না করা, শরীরে অতিরিক্ত মেদ জমতে দেওয়া, ধূমপান করা, মদ্যপান করা, প্রেসক্রিপশন ছাড়াই গর্ভনিরোধক ওষুধ সেবন করা ইত্যাদি কারণে স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে যায়।
আমাদের দেশে স্তন ক্যানসারে মৃত্যুহার এত বেশি হওয়ার প্রধান কারণ হলো অধিকাংশ রোগী চিকিৎসকের কাছে আসছেন আক্রান্ত হওয়ার তৃতীয় কিংবা চতুর্থ পর্যায়ে। তাই আমাদের দেশে সচেতনতা গড়ে তোলা খুবই জরুরি। এ ক্ষেত্রে স্ক্রিনিং পদ্ধতি অবলম্বনের মাধ্যমে রোগীর প্রাথমিক পর্যায়েই স্তন ক্যানসার শনাক্ত করা সম্ভব। আর আগের চেয়ে বর্তমানে মানুষের সচেতনতা বৃদ্ধির কারণে অনেক রোগীকেই সময়মতো চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলা সম্ভব হচ্ছে।