মাসের কষ্টকর দিনগুলোতে আপনার করণীয়
মাসের বিশেষ কয়েকটি দিন বা তার আগের সময়টা অনেক মেয়ের কাছেই ভীষণ যন্ত্রণাদায়ক মনে হয়। কারও কারও এ সময় মাথাব্যথা, মাথা ঘোরানো, কোমর বা পিঠব্যথার মতো সমস্যা হয়। মনমেজাজও ভালো থাকে না। পেটের সমস্যা দেখা দেয় কারও কারও। পেট ভার লাগা, কোষ্ঠকাঠিন্য কিংবা ক্ষুধামান্দ্য হতে পারে। কারও আবার মিষ্টি, নোনতা কিংবা অন্য কোনো বিশেষ খাবারে প্রবল আগ্রহ তৈরি হয়। তলপেটে ব্যথা হতে পারে। বুক ধড়ফড় করতে পারে। ব্রণ হতে পারে। কারও কারও পায়ে পানিও আসতে পারে। সাধারণত মাসিক শুরু হওয়ার আগের পাঁচ দিনের মধ্যে এসব লক্ষণ দেখা যায়। মাসিক শুরুর চার দিনের মধ্যেই সমস্যাগুলো চলে যায়। একে বলে প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোম।
কারণ ও প্রতিকার
মাসিক শুরু হওয়ার আগে নারীর শরীরের ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোনের মাত্রায় তারতম্যের কারণে এসব উপসর্গ দেখা দেয়। তবে স্বাস্থ্যকর কিছু অভ্যাস গড়ে তুলে এবং স্বাস্থ্যহানিকর কিছু অভ্যাস বর্জন করে লক্ষণগুলোর প্রশমন সম্ভব।
নিয়মিত ব্যায়ামে উপসর্গগুলো কমে। সপ্তাহের অধিকাংশ দিন কমপক্ষে আধঘণ্টা করে ব্যায়াম করুন। আঁশসমৃদ্ধ খাবার খেতে হবে প্রতিদিন। ডিম, দুধও খেতে হবে। মানসিক জোর বাড়ান, চাপকে জয় করুন। বই পড়া ও বিনোদনের জন্য সময় রাখুন। আরাম করে, সময় নিয়ে গোসল করলে সতেজ অনুভব করবেন। কাছের মানুষের সঙ্গে মন খুলে কথা বলুন। পর্যাপ্ত ঘুমও জরুরি।
বিধিনিষেধ
খাওয়ায় অনিয়ম চলবে না। কোনো বেলার খাবার বাদ দেওয়া যাবে না। বাড়তি লবণ এড়িয়ে চলুন। খাবার ও পানীয়ে চিনির পরিমাণ কমাতে হবে। রিফাইন্ড বা পরিশোধিত চিনি এড়িয়ে চলাই ভালো। চা-কফির পরিমাণও কমানো উচিত। ধূমপান, মদ্যপান—এসব অবশ্যবর্জনীয়।
এসব অভ্যাসের চর্চার পরও উপসর্গ তীব্র হলে এবং স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হলে চিকিৎসকের পরামর্শ নিন।
লেখক: স্কয়ার হাসপাতাল লিমিটেড, ঢাকা