যকৃতের বায়োপসির আদ্যোপান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বায়োপসি হচ্ছে শরীরের গ্রথিত কোষ কেটে নিয়ে পরীক্ষা। লিভার বা যকৃতের কিছু সমস্যার কারণে বায়োপসির দরকার হতে পারে। এমন পরীক্ষার ক্ষেত্রে বড় আকারের সুচ দিয়ে যকৃৎ ফুটো করে কোষ বা টিস্যু সংগ্রহ করে হিস্টোপ্যাথলজির মাধ্যমে সঠিকভাবে রোগ নির্ণয় করা হয়। মেনগিনি নিডল ও ট্রুকাট বায়োপসি নিডল নামের দুই ধরনের বায়োপসি সুচ দিয়ে পরীক্ষাটি করা হয়।

যে কারণে প্রয়োজন লিভার বায়োপসি

ওষুধসম্পর্কিত যকৃতের প্রদাহ নির্ণয় করা থেকে ক্রনিক হেপাটাইটিস (হেপাটাইটিস বি, সি), লিভার সিরোসিস, মদ্যপানজনিত যকৃতের রোগ, ইন্ট্রাহেপাটিক কোলেস্ট্যাসিস, যকৃতের বিভিন্ন রকম সংক্রমণ জানতে বায়োপসি করা হয়। এ ছাড়া স্টোরেজ ডিজিজ (লিভারে লিপিড, গ্লাইকোজেন জমা হয়ে যে রোগ তৈরি করে), যকৃৎ প্রতিস্থাপনের পর, কিডনি প্রতিস্থাপনের জটিলতায়, লিভারের ক্যানসার, মেটাস্টেসিস বা অন্য স্থান থেকে আসা ক্যানসার, ব্যাখ্যাতীতভাবে যকৃতের আকার বৃদ্ধি পাওয়া বা লিভার এনজাইমের মাত্রা বৃদ্ধি পাওয়া, ফ্যাটি লিভার থেকে স্টিয়াটোহেপাটাইটিস কিংবা লিভার সিরোসিস হয়েছে কি না, তা জানতেও বায়োপসি করার প্রয়োজন হয়।

লিভার বায়োপসির ঝুঁকি

বায়োপসির জটিলতার মাত্রা ৬ শতাংশ পর্যন্ত হতে পারে। প্রাথমিকভাবে বায়োপসি করা স্থানে প্রচণ্ড ব্যথা, রক্তচাপ কমে যাওয়া এবং হৃৎস্পন্দন বেড়ে যেতে পারে। প্লুরিসি এবং পেরিহেপাটাইটিস, অর্থাৎ ফুসফুসের আবরণীতে প্রদাহ এবং যকৃতের চারপাশে প্রদাহ দেখা দিতে পারে, বায়োপসি করা জায়গা থেকে কিংবা যকৃৎ থেকে রক্তপাত হতে পারে, যকৃতের ভেতরে অভ্যন্তরীণ রক্তক্ষরণও হতে পারে। হিমোবিলিয়া লিভারের অভ্যন্তরে সূক্ষ্ম পিত্তনালিতে রক্ত ঢুকে যাওয়া, আর্টারিও-ভেনাস ফিস্টুলা, বিলিয়ারি পেরিটোনাইটিস বা পিত্ত উদর গহ্বরে প্রবেশ করে সেখানে প্রদাহ তৈরি করা, অসাবধানতাবশত অন্য কোনো অঙ্গ ফুটো হয়ে যাওয়া, সংক্রমণ ইত্যাদি হতে পারে।

যথেষ্ট প্রস্তুতি নিয়ে ও সতর্কতার সঙ্গে যকৃতের বায়োপসি করা হলে তাতে তেমন কোনো ঝুঁকি নেই। বাংলাদেশে সব সরকারি মেডিকেল কলেজের পরিপাকতন্ত্র ও লিভার বিভাগে এই পরীক্ষা করা যায়।