ব্যথা নিরাময়ে আছে নানা ওষুধ। কিন্তু এসব ওষুধের কোনো কোনোটির রয়েছে নানা পার্শ্বপ্রতিক্রিয়া। নির্দেশিকা না মেনে অনেকেই তা মুড়িমুড়কির মতো খাচ্ছেন। এমন ওষুধের সঠিক নির্দেশনা, সেবনের মাত্রা, পার্শ্বপ্রতিক্রিয়া ও সর্তকতা সম্পর্কে না জেনে সেবন করলে তা ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে।
ব্যথানাশক ওষুধ সেবনের অন্যতম পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে—পেপটিক আলসার বা অন্ত্রের ক্ষত ও কিডনি বৈকল্য। ৩০ শতাংশ পেপটিক আলসারের মূল কারণ ব্যথানাশক ওষুধের যথেচ্ছ ব্যবহার। এর ফলে রক্তবমি বা কালো পায়খানা (যা পাকস্থলী বা খাদ্যনালির ভেতরে রক্তপাতের জন্য হয়ে থাকে) এমনকি খাদ্যনালি ও পাকস্থলী ফুটোও হয়ে যেতে পারে।
ব্যথানাশক ওষুধের মাত্রাতিরিক্ত ব্যবহারের ফলে উচ্চ রক্তচাপসহ হৃদ্রোগের প্রকোপ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তা ছাড়া ত্বকে ফুসকুড়ি, শরীরে পানি আসা, শ্বাসকষ্ট বা হাঁপানি রোগের প্রকোপ দেখা দিতে পারে। সাধারণত অধিক বয়স, ধূমপান, একসঙ্গে একাধিক ওষুধের ব্যবহার, ব্যথানাশক ওষুধের উচ্চ মাত্রা—এসব পার্শ্বপ্রতিক্রিয়ার আশঙ্কাকে বাড়িয়ে দেয়।
কাজেই চিকিৎসকের পরামর্শ ছাড়া যেকোনো ওষুধ খাওয়া বাদ দিন। ব্যথা নানা কারণে হতে পারে। একেক ধরনের ব্যথার একেক রকম চিকিৎসা। সব ব্যথা নিরাময়ে ওষুধেরও প্রয়োজন নেই।
ডা. হাসনাত শাহীন
বিআইএইচএস জেনারেল হাসপাতাল, ঢাকা
প্রশ্নোত্তর
প্রশ্ন: চুলে কলপ ব্যবহার করা কি ক্ষতিকর?
উত্তর: সাধারণভাবে চুলে কলপ বা রং ব্যবহার করলে খুব একটা ক্ষতি নেই। কিন্তু যারা বেশি দিন ধরে কলপ ব্যবহার করেন, তাঁদের মুখের রং কালচে হয়ে যেতে পারে। এটি একটি অতিসংবেদনশীল প্রতিক্রিয়া। কলপ ব্যবহার করলে অনেকেরই মাথার ত্বক চুলকায়, হালকা কষ ঝরে, তাঁদের একেবারেই কলপ ব্যবহার করা উচিত নয়।
ডা. মো. মনিরুজ্জামান খান, চর্ম বিভাগ, বারডেম হাসপাতাল