যত্নে থাকুক সবার ত্বক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দর ও স্বাস্থ্যোজ্জ্বল ত্বক সবাই চায়। এ জন্য প্রয়োজন সঠিক যত্ন। প্রথম আলো আয়োজিত সাপ্তাহিক বিশেষ অনুষ্ঠান এসকেএফ নিবেদিত ত্বক আলাপনের তৃতীয় পর্বে আলোচনা হয় এ বিষয়ে। এবারের বিষয় ছিল—যত্নে থাকুক সবার ত্বক। মীর আর্সিয়া জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের চর্ম ও যৌনরোগ বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আহাম্মদ আলী। ২১ জুন অনুষ্ঠানটি প্রথম আলো ও এসকেএফের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হয়।

মীর আর্সিয়া জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন অধ্যাপক ডা. আহাম্মদ আলী।

শুরুতেই অতিথির কাছে জানতে চাওয়া হয় সুস্থ ত্বক বলতে কী বোঝায়। অধ্যাপক আহাম্মদ আলী বলেন, ‘ত্বক আমাদের শরীরের সবচেয়ে বড় অঙ্গ। পায়ের পাতা থেকে মাথার তালু পর্যন্ত বিস্তৃত এ অঙ্গে অনেক রকমের সমস্যা বা জটিলতা দেখা দিতে পারে। স্বাভাবিক, সমস্যাহীন, নীরোগ ত্বকই হচ্ছে সুস্থ ত্বক’।

আমাদের শরীরের হাত, পা, মুখ এগুলো খোলা থাকে আর অন্যান্য অংশ আবৃত থাকে। ত্বকের এই খোলা অংশে তাই বিভিন্ন সমস্যা একটু বেশি দেখা দেয়। পরিবেশ ও আবহাওয়ার প্রভাব আমাদের ত্বকের ওপর বেশি পড়ে। যেমন, পায়ে শীতের দিন শুষ্কতার কারণে পা ফাটার সমস্যা দেখা দেয়। যাঁরা রোদে বেশি যান বা চুলার কাছে থেকে বেশি কাজ করেন তাঁদের মুখের ত্বকে মেছতা বা কালচেভাব বেশি হয়।

অধ্যাপক ডা. আহাম্মদ আলী বলেন

আমাদের ত্বকে কোনো সমস্যা দেখা দিলে সহজে বুঝে উঠতে পারি না ঠিক কখন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। অধ্যাপক ডা. আহাম্মদ আলী বলেন, ‘ত্বকের কোনো সমস্যা দেখা দিলে সেটি যদি দিন দিন বাড়তেই থাকে এবং অসহনীয় পর্যায়ে চলে যায় বা ইনফেকশন হয়ে পুঁজ জমে যায়। প্রতিদিনের স্বাভাবিক কাজকর্মে ব্যাঘাত ঘটে, তখনই চিকিৎসকের কাছে যেতে হবে। অনেকে আছেন যাঁরা কোনো কিছু না জেনে নিজেরাই চিকিৎসা শুরু করে দেন এবং সমস্যা আরও জটিল করে আমাদের কাছে নিয়ে আসেন।

এ ক্ষেত্রে বলব, কিছু না করে কয়েক দিন ধৈর্য ধরতে হবে। এরপর সেটি বাড়তে থাকলে দ্রুত ভালো কোনো চর্মরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে। তবে শিশুদের ক্ষেত্রে কোনো সমস্যা দেখা দেওয়ার সঙ্গে সঙ্গেই চিকিৎসকের কাছে যেতে হবে। কারণ, তাদের ত্বক অনেক নাজুক। এ জন্য চিকিৎসাও আলাদা হয়ে থাকে।’

বয়সভেদে আমাদের ত্বকে অনেক পরিবর্তন দেখা দেয়। ত্বকের পরিচর্যাও সেভাবেই নিতে হবে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকের আর্দ্রতা কমে যায়, শুষ্ক এবং পাতলা হয়ে কুঁচকে যায়। বয়ঃসন্ধিকাল থেকে ৩০ বছর বয়স পর্যন্ত ত্বকে ঘাম আর তেলের পরিমাণ বেশি হয়। এ সময় সাবান এবং ফেসওয়াশের ব্যবহার বাড়াতে হবে। নয়তো তেল-ঘাম মিলে ত্বক আরও ময়লা হয়ে যাবে। কিন্তু বয়স বেড়ে গেলে এসব পণ্যের ব্যবহার কমিয়ে দিতে হবে। কারণ, তখন ত্বক এমনিতেই শুষ্ক হয়ে যায়। অল্প বয়সে লোশন বা ক্রিম পরিমাণমতো ব্যবহার করতে হবে। আর বয়স হলে একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে।

দুই ধরনের ত্বকের অধিকারী মানুষ বেশি দেখা যায়। শুষ্ক ও তৈলাক্ত। এ ধরনের ত্বকের ভালো ও মন্দ দুটো দিকই আছে। এদের সমস্যাও ভিন্ন রকমের হয়। যেমন তৈলাক্ত ত্বকে ব্রণ ও খুশকির প্রকোপ বেশি, শুষ্ক ত্বকে এগুলো তেমন দেখা যায় না। তাই ত্বকের ধরন অনুযায়ী আমাদের লাইফস্টাইলকে সাজাতে হবে, যাতে সমস্যাগুলো প্রতিরোধ করা সম্ভব হয়।

অনুষ্ঠানে অ্যালার্জির সমস্যা এবং ঘুম নিয়ে আলোচনা করা হয়। অনেক অ্যান্টিহিস্টামিন ওষুধ আছে, যা সেবন করলে রোগীর ঘুম পায়। এ নিয়ে অধ্যাপক আহাম্মদ আলী বলেন, ‘অনেক সময় এ ধরনের রোগীর ঘুমের দরকার আছে। তবে বাজারে অনেক ওষুধ রয়েছে, যা সেবন করলে ঘুম পায় না। এর ভেতর বিলটিন অন্যতম। এ ছাড়া আরও কিছু ওষুধ পাওয়া যায়। যাঁদের ঘুমের জন্য কাজের ব্যাঘাত ঘটে তাঁরা এ ধরনের ওষুধ সেবন করতে পারেন। তাই চিকিৎসকে জানিয়ে দিতে হবে কোন ওষুধ গ্রহণে ঘুমের সমস্যা হয় এবং কোনটিতে ঘুমের সমস্যা হয় না।

করোনাকালে আমাদের মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা অতিজরুরি। এতেও ত্বকে বেশ কিছু সমস্যা দেখা দিচ্ছে। আহাম্মদ আলী এ বিষয়ে বলেন, ‘অনেকে আছে যাঁরা এগুলো অতিরিক্ত ব্যবহার করেন। এটা করা যাবে না। হাতে স্যানিটাইজার কেবল বাইরে গেলে লাগাতে হবে। এটি ব্যবহারের পর হাত যাতে শুষ্ক বা খসখসে হয়ে না যায়, সে জন্য হাত ময়েশ্চারাইজ করতে হবে। এমনকি রাতে ঘুমানোর আগেও হাত ময়েশ্চারাইজ করতে হবে। আর মাস্ক ত্বকের সঙ্গে লেগে থাকবে এটাই নিয়ম। তারপরও অতিরিক্ত টাইট করে পরা যাবে না। ঝুঁকিমুক্ত জায়গায় থাকলে মাস্কটা অল্প সময়ের জন্য খুলেও রাখা যাবে।

ত্বকের বিভিন্ন সমস্যা ও এর সমাধান নিয়ে ডা. আহাম্মদ আলী তাঁর ৩০ বছরের চিকিৎসক জীবনের অভিজ্ঞতা নিয়ে ‘ত্বকের সমস্যা ও করণীয়’ শিরোনামের একটি বই লিখেছেন। এখানে ত্বকের সমস্যা কেন হয় এবং ঘরে বসে কীভাবে তার পরিচর্যা করা যায়, তা নিয়ে বিশদ বর্ণনা করা হয়েছে।