যা নিয়ে কথা বলতে চায় না কিশোরীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

অনিয়মিত মাসিক, মাসিকের সময় ব্যথা, বমি ভাব ও অসুস্থ বোধ করা প্রভৃতি লক্ষণ কিশোরীদের মধ্যে দেখা দেয়। বেশির ভাগ কিশোরী এসব বিষয় নিয়ে মুখ খোলে না, এমনকি মায়ের কাছেও না। নতুন এই শারীরিক পরিবর্তন, এ বিষয়ে আবছা ধারণা, শঙ্কা সব মিলে কিশোরীরা বেশ নাজুক অবস্থায় পড়ে যায়।
সাধারণত ১৪-১৫ বছর বয়স থেকে মাসিক শুরু হওয়ার কথা। গড়ে ২৮ দিন পরপর চক্রাকারে সময়টা ফিরে আসে। নির্দিষ্ট সময়ের বেশি আগে বা বেশি পরে তারিখটা চলে যাওয়া, ৭ দিনের বেশি সময় ধরে হওয়া বা এক মাসের মধ্যে একাধিকবার মাসিক হওয়া ইত্যাদি সমস্যা হিসেবে চিহ্নিত।
শরীরে হরমোনের তারতম্য, মানসিক চাপ, পুষ্টিহীনতা, যক্ষ্মা বা এ ধরনের কোনো দীর্ঘমেয়াদি রোগ প্রভৃতির কারণে এসব সমস্যা হতে পারে। কখনো জরায়ু বা ডিম্বাশয়ের টিউমারের কারণেও অনিয়মিত মাসিক হতে পারে। এ বয়সে থাইরয়েডের সমস্যা, পলিসিস্টিক ওভারি, প্রোলেকটিন হরমোনের আধিক্য ইত্যাদি প্রায়ই ঘটতে পারে। অল্প বয়সে হঠাৎ ওজন বেড়ে যাওয়ার সঙ্গে অনিয়মিত মাসিকের সম্পর্ক আছে।
মাসিকসংক্রান্ত স্বাস্থ্য সচেতনতা বিষয়ে কিশোরীর সঙ্গে অভিভাবকদের খোলামেলা হওয়া উচিত। যেকোনো সমস্যা নিয়ে সে যেন কথা বলতে পারে। অযথা দুশ্চিন্তা না করে স্বাস্থ্য সমস্যা সম্পর্কে জানুক। সুষম খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে। প্রতিদিন হালকা ব্যায়াম করা উচিত। পর্যাপ্ত বিশ্রামও চাই। ব্যক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করুন। মাসিকের সময় নিয়মিত বিরতিতে স্যানিটারি ন্যাপকিন পরিবর্তন করতে হবে। বেশি ভেজেনি বলে একই ন্যাপকিন দীর্ঘ সময় পরে থাকা উচিত নয়। এ সময় প্রফুল্ল থাকা দরকার, এটি একটি স্বাভাবিক ঘটনা। মাসিকের আগে, পরে ও মাসিক চলাকালীন তলপেটে সামান্য ও স্তনে ব্যথা হতে পারে, এটা অস্বাভাবিক নয়। তবে তীব্র ব্যথা হলে চিকিৎসককে জানান।
স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল