যেভাবে নেশামুক্ত হলেন শোভন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদক থেকে ফিরতে দরকার নিজের মনের জোর ও পরিবারের সহযোগিতা। ছবিটি প্রতীকি
ছবি: অধুনা

ঘটনাটি সত্য। শুধু ছেলেটির জন্য একটি ছদ্মনাম ব্যবহার করা হচ্ছে।

রাত প্রায় দুইটা। এখনো বাড়ি ফেরেনি শোভন (ছদ্মনাম)। ভালো ফল নিয়ে উচ্চমাধ্যমিক পাস করে একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল। প্রথম দিকে ঠিকমতো চলছিল। কিন্তু এখন সবকিছু ওলট-পালট। ঠিকমতো ক্লাস করে না; প্রায়ই রাত করে বাড়ি ফেরে। রাতে কখনো খায়, কখনো খায় না। এসেই শুয়ে পড়ে, ঘুমায় পরদিন দুপুর পর্যন্ত। দিনের বেলা বাসায় থাকলেও ঘর থেকে বের হয় না, সারা দিন মোবাইল নিয়ে পড়ে থাকে। এমনকি দুপুরেও সবার সঙ্গে খাবার টেবিলে বসে খায় না। প্লেটে ভাত-তরকারি নিয়ে নিজের রুমে দরজা বন্ধ করে খায়। কথায় কথায় রাগ করে, কারণে-অকারণে টাকা চায়। আগে গান আর ক্রিকেট খুব পছন্দ করলেও এখন আর গান শোনে না, ক্রিকেট খেলাও দেখে না।

বাবা-মায়ের সন্দেহ হলো সে আবার কোনো মাদক গ্রহণ করছে না তো! কিন্তু একদিন এসব নিয়ে কথা বলতেই সে ঘরের দরজায় দু-তিনটি লাথি মেরে ঘর থেকে বের হয়ে গিয়েছিল, ফিরেছিল গভীর রাতে। বাথরুমে অনেক সময় কাটায় আর ঘর থেকে সিগারেটের পোড়া পোড়া গন্ধ পাওয়া যায়। শোভনের মা-বাবার মধ্যে সম্পর্ক খুব একটা ভালো নয়, তাদের দুজনের মধ্যে নিত্যকলহ লেগে থাকে। আজকাল শোভনের বিষয় নিয়েই ঝগড়াটা বেশি হয়। একদিন রাত দুইটায় শোভনের এই অবস্থার জন্য তারা একে অপরকে দায়ী করে ঝগড়া করছেন। এর মধ্যে বাবার মুঠোফোনে একটি টিঅ্যান্ডটি নম্বর থেকে ফোন এল। ফোনের অপর প্রান্তের কথা শুনে বাবা প্রায় নির্বাক হয়ে গেলেন। পড়িমরি করে শোভনের মাকে নিয়ে ছুটলেন ঢাকার একটি থানায়! সেখানে বন্ধুদের সঙ্গে গ্রেপ্তার হয়েছে শোভনও। মাদক সেবন করা অবস্থায় বেশ কিছু পরিমাণ মাদকসহ তাদের থানায় ধরে আনা হয়েছে।

বেশ কিছুদিন পরের কথা, থানা-পুলিশের ঝামেলা শেষে শোভন এখন বাসায়। সপ্তাহখানেক সুবোধ বালকের মতো বাসাতেই ছিল। এরপর যে কে সেই। আবার রাত করে ঘরে ফেরা; সবার সঙ্গে খারাপ ব্যবহার। এবার বাবা-মায়েরা নিজেদের মধ্যে আর বিবাদে না গিয়ে থানার রাতটির কথা মনে করলেন। একজন পুলিশ অফিসার বলেছিলেন, ‘মাদকাসক্তি কিন্তু একটি মানসিক রোগ, আপনার সন্তানকে অবশ্যই চিকিৎসা করাবেন।’ এটি মনে রেখে শোভনের বাবা-মা একদিন ছুটে গেলেন একজন মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে, সবকিছু শুনে সেই মনোরোগ চিকিৎসক বললেন, ‘আপনার সন্তানকে, চিকিৎসাকেন্দ্রে ভর্তি রেখে চিকিৎসা করাতে হবে। বাবা রাজি থাকলেও মা কিছুতেই ভর্তি করাতে রাজি নন। লোকলজ্জার ভয়ে তিনি ভীত। চিকিৎসক ছেলেটির মাকে আরও বোঝালেন। এরপর তাঁরা রাজি হলেন কিন্তু ভর্তি করবেন কী করে? শোভন তো রাজি হবে না। আর কোথায়ই-বা ভর্তি করবেন? মনোরোগ চিকিৎসক বললেন, ‘মাদকাসক্তি একটি মানসিক রোগ। আর আমাদের দেশে মানসিক স্বাস্থ্য আইন অনুযায়ী অভিভাবক চাইলে মাদকাসক্তসহ যেকোনো মানসিক রোগীকে তার ইচ্ছার বিরুদ্ধে হাসপাতালে ভর্তি করাতে পারেন।’ আর সরকারি পর্যায়েও ভর্তির ব্যবস্থা আছে। মনোরোগ চিকিৎসকের কথায় আশ্বস্ত হয়ে পরিবারের মানুষদের সাহায্য নিয়ে দুদিন পরেই শোভনকে একটি সরকারি চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হলো। শোভনের মাদক গ্রহণের বিস্তারিত ইতিহাস নিয়ে তাকে প্রথম কিছুদিন ওষুধ প্রয়োগ করা হলো। কারণ, তার ভেতর উইথড্রয়ালের উপসর্গ (মাদকাসক্তরা মাদক নিতে না পারলে তাদের শারীরিক ও মানসিক প্রতিক্রিয়া) দেখা দিচ্ছিল। এর সঙ্গে সঙ্গে সাইকোলজিস্টের মাধ্যমে তাকে দেওয়া হচ্ছিল বিশেষ কাউন্সেলিং বা সাইকোথেরাপি। পাশাপাশি তার মা-বাবাকেও কাউন্সেলিং করা হলো, পরিবারের সবাইকে একসঙ্গে নিয়ে একাধিকবার সেশন পরিচালনা করা হলো। মাস দুয়েক পরে শোভন যখন বাড়ি ফিরল তখন সে পুরোই অন্য মানুষ। সেই কলেজবেলার দিনগুলোর মতো পরিবারের সবার সঙ্গে আড্ডা, নিয়মিত ক্লাস, রাত পর্যন্ত বাইরে না থাকা সবকিছুই তার স্বাভাবিক হয়ে এল। বিনা কারণে রাগ করত না।

আজ প্রায় দুই বছর হতে চলল শোভন মাদকমুক্ত রয়েছেন। সম্পূর্ণ স্বাভাবিক জীবনযাপন করছেন। বিশ্ববিদ্যালয়ে ঠিকমতো ক্লাস করছে। বাসায় সে নিয়মিত গানের চর্চা করছে। আগের মতো গান আর ক্রিকেটেই মেতে আছে। তবে কিছুদিন পরপর মনোরোগ চিকিৎসক আর কাউন্সেলরের কাছে নিয়মিত যেতে হয়, তাদের পরামর্শ শুনতে হয়। মনোরোগ চিকিৎসক আর কাউন্সেলরের পরামর্শমতো বাবা-মা নিজেদের আচরণও পরিবর্তন করেছেন। শোভনকে সময় দেন, তাকে অযথা সন্দেহ করেন না। শোভন এখন ভালো আছেন।

লেখক: সহযোগী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা