নিয়মিত রক্তচাপ মাপার জন্য আজকাল অনেকেই বাড়িতে রক্তচাপ মাপার যন্ত্র রাখেন। সঠিক রিডিং বা পরিমাপ পেতে এই যন্ত্রের সঠিক ব্যবহার জানাটা জরুরি। একবার শিখে নিলে মোটামুটি সবাই নির্ভুলভাবে রক্তচাপ মাপতে পারেন।
রক্তচাপ মাপতে বর্তমানে সাধারণত দুই ধরনের যন্ত্র ব্যবহৃত হয়—ম্যানুয়াল ও ডিজিটাল। বেশির ভাগ চিকিৎসক এখনো ম্যানুয়াল যন্ত্রে রক্তচাপ মাপতে পছন্দ করেন। তবে সাধারণ মানুষের জন্য ডিজিটাল যন্ত্রে মাপা সহজ। এখন রক্তচাপ মাপার অনেক মানসম্মত ডিজিটাল যন্ত্র পাওয়া যায়।
বাড়িতে রক্তচাপ মেপে বেশি বা কম পেলে ঘাবড়াবেন না। শান্ত হয়ে বসে থেকে ৫ মিনিট পর আবার মেপে নিশ্চিত হোন।
বাসায় রক্তচাপ পরিমাপের যন্ত্র থাকার সুবিধা
করোনাকালে অনেকেই চিকিৎসকের কাছে নিয়মিত পরামর্শ নিতে যেতে পারেননি। পাশের ওষুধের দোকানে গিয়েও রক্তচাপ মাপাতে পারেননি। তাই বাড়িতে একটা যন্ত্র থাকলে নিজের রক্তচাপের মাত্রাটি সব সময় পর্যবেক্ষণে রাখা সহজ।
প্রতিদিন না হলেও সপ্তাহে অন্তত এক দিন রক্তচাপ মেপে তালিকা করে রাখলে পরে চিকিৎসকের কাছে নির্ভরযোগ্য তথ্য দেওয়া যায়।
ওষুধের মাত্রা পরিবর্তন বা নতুন ওষুধ কতটা কার্যকর হলো, তা পর্যবেক্ষণ করতে, কোনো অসুস্থতার সময় বা শারীরিক ব্যায়াম করার সময় বা অন্য কোনো দৈনন্দিন পরিবর্তনে রক্তচাপের ওপর প্রভাব মূল্যায়ন করা যায়।
রক্তচাপ মাপার আগে যা করবেন
অতিরিক্ত মানসিক চাপ বা শারীরিক ক্রিয়াকলাপ রক্তচাপকে প্রভাবিত করে। পর্যাপ্ত ঘুমিয়ে সকালে কোনো কাজে যুক্ত হওয়ার আগেই রক্তচাপ মাপা উচিত।
মনিটরের কাফ ভুলভাবে ভুল জায়গায় বাঁধলেও ত্রুটিপূর্ণ রিডিং আসতে পারে। সঠিক রিডিং পেতে অবশ্যই কনুইয়ের ২ দশমিক ৫ সেন্টিমিটার ওপরে ঠিকভাবে ঠিক স্থানে বাঁধতে হবে।
রক্তচাপ পরিমাপের এক ঘণ্টা আগে থেকে কোনো শারীরিক পরিশ্রম, ব্যায়াম বা খেলাধুলা করা যাবে না।
কফি, চা বা অ্যালকোহল পান করে অথবা ধূমপান করে রক্তচাপ মাপলে ঠিক মাত্রা পাওয়া যাবে না। রক্তচাপ মাপার আগে কমপক্ষে ১০ মিনিট বিশ্রাম নিন।
রক্তচাপ মাপার আগে প্রস্রাব করে নিন।
রক্তচাপ মাপার সময় হাত কোনো স্ট্যান্ড বা টেবিলের ওপর রাখুন। রক্তচাপ মাপার সময় যন্ত্র নড়াচড়া বা কথা বললে মাপে ভুল হতে পারে।
যেভাবে মাপবেন
১. কনুই ভাঁজ করে এর একটু ওপরে রক্তনালিতে পালস্ বা নাড়িস্পন্দন অনুভব করুন এবং তারপর যথাস্থানে যন্ত্রের কাফ বাঁধুন। এবার ঠিক জায়গায় স্টেথিসকোপের ডায়াফ্রাম রাখুন।
২. চাপবিহীন স্বাভাবিক অবস্থায় রক্তচাপ মাপার যন্ত্রটির কাফ কনুইয়ের সামনের ভাঁজের ২ দশমিক ৫ সেন্টিমিটার ওপরে ভালোভাবে আটকান। ব্রাকিয়াল ধমনির ওপর স্টেথিসকোপের ডায়াফ্রাম এমনভাবে চাপ দেওয়া উচিত যেন ডায়াফ্রাম এবং ত্বকের মাঝখানে কোনো ফাঁক না থাকে।
৩. ধীরে ধীরে যন্ত্রের চাপ বাড়াবেন এবং রেডিয়াল পালস অনুভব করতে থাকবেন। পালস বন্ধ হওয়ার পর চাপ আরও ৩০ মিলিমিটার তুলুন। তারপর আস্তে আস্তে প্রতি বিটে সাধারণত ২ মিলিমিটার চাপ কমাবেন। চাপ কমানোর সময় স্টেথিসকোপ দিয়ে ব্রাকিয়াল ধমনিতে সৃষ্ট শব্দ মনোযোগের সঙ্গে শুনুন। চাপ কমতে শুরু করলে রক্ত চলাচলের ফলে একধরনের শব্দ সৃষ্টি হবে। এই শব্দ সিস্টোলিক রক্তচাপ বা ওপরের রক্তচাপ নির্দেশ করে। যে চাপে শব্দ বন্ধ হয়ে যায়, সেটাকে ডায়াস্টোলিক রক্তচাপ বা নিচের রক্তচাপ বলা হয়। এককথায় শব্দ যখন শুরু হবে, সেটা সিস্টোলিক এবং শব্দ যখন শেষ হবে সেটা ডায়াস্টোলিক।
এ ক্ষেত্রে ম্যানুয়াল যন্ত্রে পাম্প করে চাপ বাড়ানো হয় এবং ডিজিটাল যন্ত্রে অন সুইচ দিলেই চাপ বাড়তে থাকে।
৪. উচ্চতম ও নিম্নতম মাত্রা রেকর্ড করুন। অস্বাভাবিক হলে চিকিৎসকের পরামর্শ নিন।
রক্তচাপ পরিমাপের ফলাফল
স্বাভাবিক রক্তচাপ মানে সিস্টোলিক <১২০ এবং ডায়াস্টোলিক <৮০ (মিলিমিটার পারদ চাপ)
প্রাক্-উচ্চ রক্তচাপ ১২০-১৩৯ অথবা ৮০-৮৯ (মিলিমিটার পারদ চাপ)
উচ্চ রক্তচাপ (পর্যায়-১) ১৪০-১৫৯ অথবা ৯০-৯৯ (মিলিমিটার পারদ চাপ)
উচ্চ রক্তচাপ (পর্যায়-২) > ১৬০ অথবা > ১০০ (মিলিমিটার পারদ চাপ)
হঠাৎ কোনো দিন রক্তচাপ মেপে বেশি বা কম পেলে ভয় পাবেন না। পরদিন, প্রয়োজনে পরের সপ্তাহে, একই সময়ে আবার রক্তচাপ মাপুন। এরপরও যদি চাপ অস্বাভাবিক থাকে, তাহলে চিকিৎসকের পরামর্শ নিন। বয়সভেদেও রক্তচাপ কমবেশি হয়।
রক্তচাপ কম বা বেশি পেলে নিজে নিজে ওষুধ বন্ধ করবেন না বা মাত্রা পরিবর্তন করবেন না। চিকিৎসকের পরামর্শ নিন।
লেখক: সহযোগী অধ্যাপক, মেডিসিন বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা