যোগের সঙ্গে যোগাযোগ

ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে ২০১৯ সালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে যোগব্যায়াম দিবসের উদ্‌যাপনছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৬ সালের দিকে হঠাৎ রক্তচাপ বেড়ে যায় ঢাকার হাবিবা আক্তারের। এরপর বন্ধুর পরামর্শে যোগব্যায়াম শুরু করেন তিনি। অল্প কয়েক দিনেই সুফল পাওয়া শুরু হলে যোগব্যায়াম বা ইয়োগার ভক্ত বনে যান হাবিবা। ব্যক্তিগত সুস্থতার জন্য ইয়োগা শুরু করা সেই হাবিবা এখন নিজেই ইয়োগা প্রশিক্ষক। ঢাকায় ভারতীয় দূতাবাসের অধীনে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রেই যোগব্যায়ামের তালিম নিয়েছেন তিনি। বর্তমানে ইয়োগামরিতা নামে তাঁর নিজস্ব একটি ইয়োগা প্রশিক্ষণকেন্দ্র রয়েছে ঢাকায়।

প্রায় এক যুগ ধরে বাংলাদেশের মানুষকে যোগব্যায়াম প্রশিক্ষণ দিচ্ছে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র। ধানমন্ডির ২ নম্বর সড়কে প্রতিষ্ঠানটি। ভারত আর বাংলাদেশের সাংস্কৃতিক সৌহার্দ্যের সম্পর্কের পেছনে অনন্য এক ভূমিকা রয়েছে এই প্রতিষ্ঠানের। ভারতীয় শাস্ত্রীয় সংগীত কিংবা নৃত্যের পাশাপাশি এখানে ইয়োগা প্রশিক্ষণও দেওয়া হয়। ২০১১ সাল থেকে নিয়মিতভাবে বাংলাদেশের নাগরিকদের ইয়োগা প্রশিক্ষণ দিচ্ছে প্রতিষ্ঠানটি।

ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে যোগব্যায়ামের প্রশিক্ষণ চলাকালে তোলা
ছবি: সংগৃহীত

শিশু থেকে বৃদ্ধ—যেকোনো বয়সের মানুষ এই কেন্দ্রে বিনা মূল্যে ইয়োগা প্রশিক্ষণ নিতে পারেন। প্রশিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়, এখানে অভিজ্ঞতার আলোকে বিগিনার, ইন্টারমিডিয়েট ও অ্যাডভান্সড—এই তিন ধাপের কোর্স করানো হয়। মূলত, শারীরিক ও মানসিক সুস্থতার জন্য যে ধরনের যোগাভ্যাস দরকার, ঠিক সেভাবেই কোর্সগুলো সাজানো হয়। ধরন অনুযায়ী কোর্সগুলোর মেয়াদ তিন থেকে ছয় মাস হয়ে থাকে।

যোগব্যায়ামে বিশেষ অভিজ্ঞতাসম্পন্ন বাংলাদেশ ও ভারতের প্রশিক্ষকেরা কোর্সগুলো পরিচালনা করেন। ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের সাবেক ইয়োগা প্রশিক্ষক ও জয়সান ইয়োগা অ্যান্ড ওয়েলনেস সেন্টারের প্রতিষ্ঠাতা কুশল রায় জানালেন, এখানে বয়স ও শারীরিক অবস্থা উপযোগী সব ধরনের আসন করানো হয়।

প্রশিক্ষণের অভিজ্ঞতা থেকে কুশল রায় মনে করেন, ‘ভাষাগত কারণে আমাদের দেশের অনেকেই যোগব্যায়ামের গভীরে ঢুকতে পারেন না। কিন্তু এখানে যেহেতু বাংলা ভাষায় যোগের ব্যবহারিক, তত্ত্বীয় (থিওরিটিক্যাল) ও থেরাপিউটিক্যাল বিষয়গুলো পরিষ্কারভাবে বোঝানো হয়, ফলে যোগব্যায়ামের প্রতি আমাদের আগ্রহ বহুগুণে বেড়ে যায়।’

যোগব্যায়াম শুধু শরীরচর্চা নয়, শারীরিক ও মানসিক সমস্যা দূর করারও একটি মাধ্যম। অনেকেই আসেন দীর্ঘমেয়াদি নানা সমস্যা নিয়েও। কুশল রায় বলেন, ‘ফ্যাটি লিভার, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ঘুমের সমস্যা, মাথাব্যথা, শরীরে বিভিন্ন ধরনের ব্যথা, অস্থিরতা, দুশ্চিন্তাসহ নানা সমস্যার সহজ সমাধান মিলতে পারে যোগব্যায়ামে।’ ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক নীপা চৌধুরী জানালেন, ‘বাংলাদেশের প্রতিটি অঞ্চলের মানুষকেই যোগব্যায়ামের সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে চাই। যোগ মানে শুধু শরীরচর্চা নয়। বরং এটা একধরনের লাইফস্টাইল। তাই যোগব্যায়াম শুধু শারীরিক নয়, মানসিক সমস্যার সমাধানের ক্ষেত্রেও দারুণ সহায়ক। আমরা ইয়োগা চর্চা করে সবাই মিলে একসঙ্গে ভালো থাকতে চাই।’

চলছে যোগচর্চা

ভারতীয় দূতাবাসের উদ্যোগে এই কোর্সগুলো ঢাকার ধানমন্ডি ও গুলশানে করানো হয়। জাতীয় পরিচয়পত্র আর যোগব্যায়ামের প্রতি আগ্রহ থাকলে অনলাইনে একটি ফরম পূরণ করে যে কেউ ভর্তি হয়ে যেতে পারেন। রাজধানী ছাড়াও চট্টগ্রাম, রাজশাহী ও খুলনায় বিশ্ব যোগব্যায়াম দিবসসহ বিভিন্ন বিশেষ দিবসে যোগব্যায়ামকেন্দ্রিক নানা আয়োজন করে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র।

যদিও করোনা পরিস্থিতি বিবেচনায় বর্তমানে সব কটি কোর্স বন্ধ আছে। তবে প্রতিষ্ঠানটির ফেসবুক পেজ ও ওয়েবসাইটে নিয়মিতভাবে বিভিন্ন অনুষ্ঠান চলছে। ২১ জুন আন্তর্জাতিক ইয়োগা দিবস উপলক্ষে ১৩ জুন থেকে অনলাইনে ওয়েবিনার, ভ্লগিংসহ বিভিন্ন আয়োজন রেখেছে তারা। যোগাযোগ: ৯৬১২৩২৩, ৯৬১২৩২৪।