রক্তচাপ যখন কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিম্ন রক্তচাপ নিয়ে অনেক মানুষই চিন্তিত থাকেন। কিন্তু লো ব্লাড প্রেশার বা নিম্ন রক্তচাপ নিয়ে অযথা চিন্তিত হওয়ার কিছু নেই। কারণ, নিম্ন রক্তচাপ উচ্চ রক্তচাপের চেয়ে কম ক্ষতিকর ও স্বল্পমেয়াদি সমস্যা। শুধু দুর্বল স্বাস্থ্যের হলেই যে লো প্রেশার হবে তা নয়, মোটা মানুষেরও লো প্রেশার থাকতে পারে। সাধারণত সিস্টোলিক রক্তচাপ ১০০ মিমি পারদ ও ডায়াস্টোলিক রক্তচাপ ৬০ মিমি পারদের নিচে হলে তাকে নিম্ন রক্তচাপ বলা হয়।

.
.

নানা কারণে রক্তচাপ কম হতে পারে। যেমন:
১. ডায়রিয়া, বমি বা অন্য কোনো কারণে পানিশূন্যতা হলে।
২. খাবার ঠিকমতো বা সময়মতো না খেলে।
৩. হজমে ও বিপাক ক্রিয়ায় সমস্যা
৪. কোনো দীর্ঘমেয়াদি রোগ
৬. হরমোনজনিত সমস্যা
৭. রক্তশূন্যতা ও অতিরিক্ত রক্তক্ষরণ
লক্ষণ
মাথা ঘোরা, বসা বা শোয়া থেকে হঠাৎ উঠে দাঁড়ালে ভারসাম্যহীনতা, হঠাৎ জ্ঞান হারানো, অস্বাভাবিক দ্রুত হৃৎস্পন্দন
কী করবেন
১. নিম্ন রক্তচাপের কোনো সুনির্দিষ্ট চিকিৎসা নেই। কারণ নির্ণয় করাটাই জরুরি। সে অনুযায়ী চিকিৎসা। যদি পানিশূন্যতা ও লবণের ভারসাম্যহীনতার কারণে নিম্ন রক্তচাপ হয়, তাহলে খাবার স্যালাইন বা শিরায় স্যালাইন দেওয়া হয়। তবে যাঁদের বারবার ও দীর্ঘমেয়াদি নিম্ন রক্তচাপজনিত সমস্যা হয়, তাঁদের চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

২. যথাসময়ে খাবার খান। বেশি সময় খালি পেটে থাকলে রক্তচাপ আরও কমে যেতে পারে। পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন।
৩. খাবারের পাতে এক চিমটি করে লবণও খেতে পারেন। প্রয়োজনে স্যালাইন সঙ্গে রাখুন।

ডা. গোবিন্দ চন্দ্র রায়
মেডিসিন বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল

>

প্রশ্নোত্তর
প্রশ্ন: শিশুদের নাকের ড্রপ ব্যবহারে কি কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে?
উত্তর: কিছু কিছু ডিকনজেসটেন্ট, অ্যান্টিহিস্টামিন-জাতীয় নাকের ড্রপ বেশি ব্যবহারে পার্শ্বপ্রতিক্রিয়া আছে। বর্তমানে দুই বছরের কম বয়সী শিশুদের এ ধরনের ড্রপ না ব্যবহার করারই পরামর্শ দেওয়া হয়। তবে শিশুদের নাক বন্ধের সমস্যায় নরসল বা নরমাল স্যালাইন ড্রপের তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। দিনে তিন-চারবার এটি দিয়ে নাক পরিষ্কার করে দেওয়া যেতে পারে।
ডা. মো. রাকিবুল ইসলাম
ঢাকা শিশু হাসপাতাল