রক্তের ক্যানসার সিএমএল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রনিক মায়েলয়েড লিউকেমিয়া বা সিএমএল হলো রক্তের একধরনের ক্যানসার। এটি দীর্ঘমেয়াদি ও ধীরগতির রোগ। এটি সহজে নিয়ন্ত্রণযোগ্য। ক্ষেত্রবিশেষে নিরাময়যোগ্যও। সিএমএলের রোগীরা নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে থাকলে এবং নিয়ম মেনে ওষুধ সেবন করলে স্বাভাবিক জীবনযাপন করতে পারেন।

সিএমএল কেন হয়, তা বলা কঠিন। তবে তেজস্ক্রিয়তা এ রোগের ঝুঁকি বাড়ায়। এ ছাড়া রাসায়নিক দূষণ, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া
এবং অন্যান্য কারণও আছে। জিনগত কারণ গুরুত্বপূর্ণ। মানুষের শরীরে ৯ নম্বর ক্রোমোসোমে থাকে ABL1 জিন। ২২ নম্বরে থাকে BCR জিন। ABL1 একটি ক্যানসার উদ্দীপক জিন, যা স্বাভাবিক অবস্থায় সুপ্ত থাকে। BCR–এর সান্নিধ্যে এলে ABL1 সক্রিয় হয়। BCR-ABL1 ফিউশন প্রোটিন শ্বেত রক্তকোষের বিভাজনকে উদ্দীপ্ত করে। ফলে শুরু হয় অনিয়ন্ত্রিত কোষ বিভাজন, যার ফলাফল ক্যানসার।

সিএমএল হলে রোগীর যেসব লক্ষণ প্রকাশ পায় সেগুলো হলো—জ্বর, ক্ষুধামান্দ্য, দুর্বলতা, ওজন কমে যাওয়া, রক্তস্বল্পতা, পেটের বাম দিকের ওপরের অংশে চাকা অনুভব করা ইত্যাদি। প্রাথমিকভাবে এই রোগ রক্তের পেরিফেরাল ব্লাড ফিল্ম পরীক্ষা করেই শনাক্ত করা যায়। আরও ভালোভাবে বুঝতে বোন ম্যারো পরীক্ষা এবং সাইটোজেনেটিক পরীক্ষা করে মিউটেশন সম্পর্কে নিশ্চিত হতে হয়।

সিএমএলের চিকিৎসা আবিষ্কার ক্যানসার চিকিৎসায় একটি যুগান্তকারী ঘটনা। ইমাটিনিব নামক একধরনের ওষুধ BCR-ABL1 ফিউশন জিনকে নিষ্ক্রিয় করে রাখতে পারে। বিশেষ জিনকে লক্ষ্য করে কাজ করতে পারে বলে একে বলা হয় টারগেটেড থেরাপি। একসময় সিএমএলের চিকিৎসায় বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট ছিল মূল চিকিৎসা। টারগেটেড থেরাপি আসার পর বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশনের প্রয়োজন প্রায় পড়ে না বললেই চলে। ইমাটিনিবের পর একই গোত্রের আরও কিছু ওষুধ সহজলভ্য হয়েছে যেমন ডাসাটিনিব, নিলোটিনিব, পোনাটিনিব ইত্যাদি।

সিএমএলের চিকিৎসার পুরোটাই বাংলাদেশে সম্ভব। মলিকুলার পরীক্ষাও বাংলাদেশেই করা হচ্ছে। তবে ওষুধগুলোর দাম এখনো সাধারণ মানুষের নাগালের বাইরে হওয়ায় কাঙ্ক্ষিত মাত্রায় প্রকৃত সুফল পাওয়া যাচ্ছে না।

ডা. গুলজার হোসেন, রক্তরোগ বিশেষজ্ঞ, জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা