চলছে পবিত্র রমজান মাস। খাবারের স্বাভাবিক রুটিনে বেশ একটি পরিবর্তন এসেছে। এই পরিবর্তনের সঙ্গে অনেকেরই খাপ খাওয়াতে একটু অসুবিধা হচ্ছে। বিশেষত যাঁদের পেটে সমস্যা আছে, তাঁরা বেশ মুশকিলেই আছেন। বদহজম, বুক জ্বালাপোড়া, পেট ফাঁপা, গ্যাসের ব্যথা প্রভৃতি যন্ত্রণা নিয়ে রোজা রাখতে হচ্ছে তাঁদের।
রোজায় কেন বাড়ে এসব সমস্যা
রাজধানীর ল্যাবএইড হাসপাতালের মেডিসিন, অ্যালার্জি ও রিউমাটোলজি বিশেষজ্ঞ জুবায়ের আহমেদ বলেন, এখানে একটি বিষয় স্পষ্টভাবে বোঝা দরকার। রমজানে রোজা রাখার কারণে কিন্তু এসব সমস্যা হয় না। সমস্যা হয় মূলত ভুল খাদ্যাভ্যাসের জন্য। এ সময় খাবারের রুটিনে পরিবর্তন আসে। সাহ্রি থেকে ইফতার পর্যন্ত দীর্ঘ একটি সময় না খেয়ে থাকতে হয়। ফলে এই দুই সময় খাবার গ্রহণে সচেতন হওয়া জরুরি।
পেটের সমস্যা থেকে মুক্তি পেতে কী করবেন
ব্যাপারটি এমন কঠিন কিছু নয়। সাহ্রি ও ইফতারে খাবারদাবারের যে উৎসব লেগে যায়, এর রাশ টেনে ধরতে হবে একটুখানি। আর নিচের নির্দেশনা মেনে চলতে হবে—
অতিরিক্ত মসলাযুক্ত, তৈলাক্ত ও গুরুপাক তথা দুষ্পাচ্য খাবার এড়িয়ে চলুন।
ইফতারি মানেই যেন ভাজাপোড়ার সমাহার। এসব ভাজাপোড়া পেটের সমস্যার প্রধান অনুঘটক। সুতরাং মুখে স্বাদ লাগলেও পেটের কথাও একটু মাথায় রাখবেন। ভাজাপোড়াকে না বলুন।
খাবার গ্রহণের ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না। মনোযোগ দিয়ে ধীরে ধীরে খাবেন। ধীরে খাওয়া হজমের জন্য ভালো।
রোজা রেখে শরীরচর্চা করবেন না। ইফতার ও সাহরি পর কিছু সময় হালকা ব্যায়াম করতে পারেন।
সহজ, সুপাচ্য, স্বাস্থ্যকর, পুষ্টিকর, সুষম খাদ্যাভ্যাস নিশ্চিত করুন। শস্য, ছোলা, বাদাম, বিচি, ডাল খাবার হয়েছে ভালো। তরকারিতে মিষ্টিকুমড়া, শসা, পটোল, ঝিঙে, কচু, কচুশাক, লাউ, লাউশাক খেতে পারেন।
ইফতারে শসা রাখুন। পেট ঠান্ডা রাখতে এটি খুব কার্যকর।
রোজায় কলা খেতে পারেন নিয়মিত। গ্যাসের সমস্যা সমাধানে কলা বেশ উপকারী।
পেটের সমস্যা দূর করতে পেঁপে একটি দারুণ ফল। ইফতারে কয়েক টুকরা পাকা পেঁপে খেতে পারেন। পেঁপের জুস বা ভর্তাও খাওয়া যেতে পারে।
আনারস হজম প্রক্রিয়ার জন্য খুব উপকারী। রমজানে নিয়মিত আনারস খাওয়া খুব ভালো।
পেটের সমস্যায় আদার গুণাগুণ তো সবার জানা। রোজার সময় পেটে বেশি সমস্যা হলে আদার রস খাবেন।
ইফতারের পর থেকে সাহ্রি পর্যন্ত খাবারের স্বাভাবিকতা বজায় রাখুন। সারা দিনের না খাওয়াকে পুষিয়ে দিতে অস্বাভাবিক হারে খাবেন না। তবে এ সময় একটু পরপর পানি খাবেন। বেশ গরম পড়েছে এখন। তাই অন্তত ৮ থেকে ১০ গ্লাস পানি পান না করলে হজমে সমস্যা হতেই পারে।